লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে বেড়েছে বন্দুক হামলার ঘটনা

লস এঞ্জেলেস কাউন্টিতে বন্দুক হামলা ও এই সংশ্লিষ্ট অপরাধের সংখ্যা বাড়ছে। বন্দুকের অবাধ ব্যবহার আইনের কারণে এই ধরণের ঘটনা বাড়ছে বলে জানিয়েছে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট। গত সাতদিনে যুক্তরাষ্ট্রে সাতটির বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সব বন্দুক হামলায় মারা গেছেন অন্তত ২০ জন। জর্জিয়ার তিনটি স্পা সেন্টারে বন্দুক হামলার ঘটনায় মারা গেছে ছয় এশিয়ান নারী ও দুই শ্বেতাঙ্গ। এছাড়া কলোরাডোর একটি শপিংমলে বন্দুক হামলার ঘটনায় মারা গেছেন ১০ জন। এসব হামলার পরপরই যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে আবারো জোরেশোরে কথা শুরু হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিজ্ঞা করেছেন খোলাবাজারে কোনো রকম যাছাই-বাছাই ছাড়া আগ্নেয়াস্ত্র বিক্রি বন্ধ করা হবে এবং আগ্নেয়াস্ত্র আইন আরো কঠোর করা হবে। তবে এর বিরোধিতা করছেন রিপাবলিকানরা। তারা বলছেন, এসব হামলা ঠেকানোর জন্য আইন কঠোর না করে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াতে হবে। লস এঞ্জেলেসেও সাম্প্রতিক সময়ে বন্দুক হামলার ঘটনা বেড়ে যাওয়ায় আগ্নেয়াস্ত্র আইন নিয়ন্ত্রণের বিষয়টি আরো গুরুত্ব পাচ্ছে এই কাউন্টিতে। বুধবার (২৪ মার্চ) পুলিশ কমিশনের মিটিং এ পুলিশ প্রধান মাইকেল ম্যুরে জানিয়েছেন, গত সপ্তাহে লস এঞ্জেলেস বন্দুক হামলায় আহত হয়েছে ২৮ জন বাসিন্দা। গত সপ্তাহে বন্দুক হামলাইয় আহতের সংখ্যা ছিলো ১৭ জন। মাইকেল ম্যুরে বলেন, ’২৮ জন গুলিবিদ্ধের ঘটনা উদ্বেগ ও হতাশার। ২৮ জনের মধ্যে ১১ জন গুলিতে আহত হয়েছে এই সাপ্তাহিক ছুটিতেই। তাই এসব ছুটির দিনে ছোট ও বড় জনসমাগমের দিকে আমরা গুরুত্ব দিচ্ছি’।  তিনি জানান, গোলাগুলি ও এই সংশ্লিষ্ট ঘটনায় আটকের সংখ্যাও বেড়েছে। এই বছরে এখন পর্যন্ত ১০৩ জনকে এই সংক্রান্ত অপরাধের কারণে আটক করা হয়েছে। গত বছরের এই সময়ে আটকের সংখ্যা ছিলো ৬৭ জন। মাইকেল ম্যুরে বলেন, ‘অপরাধীর সংখ্যা বাড়ার সাথে সাথে পুলিশি তৎপরতাও বাড়ানো হয়েছে। আর অব্যাহতভাবে পুলিশের অভিযান চলতে থাকায় অপরাধী ধরার সংখ্যাও বেড়েছে’। এদিকে, প্রেসিডেন্ট জো বাইডেন সিনেট অধিবেশনে অ্যাসাল্ট বন্দুক বিক্রি নিষিদ্ধ করার প্রস্তাব পাশ করতে বলেন এবং বন্দুক বিক্রির সময় অবশ্যই ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করে নেওয়ার দাবি করেন। তিনি বলেন, ‘এটি কমন সেন্স এর ব্যাপার, বন্দুক আইন কঠোর করলে ভবিষ্যতে আরো অনেক প্রাণ রক্ষা পাবে’। তিনি বলেন, ‘এটি কোনো রাজনৈতিক বা দলীয় এজেন্ডা নয়। এটি আমেরিকানদের ইস্যু। আমাদের এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে’। এলএবাংলাটাইমস/ওএম