লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার ৫০ ও এর বেশি বয়েসীদের টিকা দেওয়া শুরু

ক্যালিফোর্নিয়ার ৫০ বছর ও এর বেশি বয়েসী বাদিন্দাদের টিকা দেওয়া শুরু হচ্ছে। বাসিন্দারা চাইলে রাজ্যের করোনা ভ্যাকসিন সংক্রান্ত ওয়েবসাইট থেকে অগ্রীম অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। বুধবার (৩১ মার্চ) টিকা নেওয়ার অ্যাপয়েন্টমেন্ট এর জন্য কার্যক্রম শুরু হয়েছে৷ বৃহস্পতিবার থেকে ৫০ ও এর বেশি বয়েসী বাসিন্দাদের টিকা দেওয়া শুরু হবে। এর আগে শুধুমাত্র ৫০ ও ৬৪ বছর বয়েসী যেসব বাসিন্দা স্বাস্থ্যখাত, জরুরি সেবায় নিয়োজিত রয়েছে এবং যাদের করোনার সংক্রমণের উচ্চ ঝুঁকি রয়েছে, তাদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছিলো। https://myturn.ca.gov/ এই ওয়েবসাইট থেকে টিকা নেওয়ার অগ্রীম রেজিস্ট্রেশন করতে হবে। এই ওয়েবসাইটে যেয়ে নাম-ঠিকানাসহ অন্যান্য তথ্য পূরণ করলে নিকটস্থ টিকাকেন্দ্র ও টিকা গ্রহণের তারিখ জানিয়ে দেওয়া হবে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, প্রতি সপ্তাহে রাজ্যটিতে অন্তত তিন মিলিয়ন ডোজ টিকা প্রয়োগ করা হবে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম জানান, এপ্রিলের শেষে প্রতি সপ্তাহে ৪ মিলিয়ন ডোজ টিকা প্রয়োগ করা সম্ভব হবে। তবে টিকা সংকট থাকায় এখন প্রতি সপ্তাহে ১ দশমিক ৮ মিলিয়ন ডোজ টিকা প্রয়োগ করা সম্ভব হচ্ছে। আশা করা যাচ্ছে, এপ্রিলে এটি ২ দশমিক ৫ মিলিয়ন ডোজে উন্নীত করা যাবে। আর এপ্রিলের শেষে ১৬ বছর ও এর বেশি বয়েসী বাসিন্দাদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। তখন প্রতি সপ্তাহে ৩ মিলিয়ন ডোজ টিকা প্রয়োগ করতে পারার সম্ভাবনা আছে। এদিকে, কৃষিক্ষেত্রে যেসব কর্মী আছেন যারা বড় টিকাদান কেন্দ্রগুলোতে এসে টিকা নেওয়ার সুযোগ হচ্ছে না, তাদের জন্য ভ্রাম্যমান টিকাকেন্দ্র স্থাপন করে তাদের কাছে পৌঁছে টিকা প্রয়োগ করা হচ্ছে। এলএবাংলাটাইমস/ওএম