লস এঞ্জেলেস

রিভারসাইড কাউন্টিতে এবার তরুণদের টিকা প্রয়োগ শুরু হচ্ছে

রিভারসাইড কাউন্টিতে ১৬ বছরের তরুণদের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। এখন থেকে ১৬ বছর ও এর বেশি বয়েসীদের একাধারে টিকাদান কার্যক্রম কর্মসূচি চালাবে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৬ এপ্রিল) থেকে তরুণদের টিকা প্রয়োগ কর্মসূচি শুরু হচ্ছে৷ টিকা গ্রহণে ১৬ এবং ১৭ বছর বয়েসীদের ক্ষেত্রে তাদের পিতা-মাতা অথবা আইনী অভিভাবকের সম্মতি প্রয়োজন পড়বে। রিভারসাইড কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, 'কাউন্টির হাজার-হাজার বাসিন্দাকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হচ্ছে এই ধাপে'। রিভারসাইড কাউন্টি কর্তৃপক্ষ অনুমোদিত চারটি ক্লিনিকে এই টিকা প্রয়োগ করা হবে। রিভারসাইড ইউনিভার্সিটি হেলথ-সিস্টেম পাবলিক হেলথের ডিরেক্টর কিম সারুয়াতারি বলেন, 'বয়স ও অগ্রাধিকারের ভিত্তিতে শেষ ধাপের জনবলকে টিকা দেওয়া হচ্ছে। রিভারসাইড কাউন্টিতে অবশেষে হার্ড ইমিউনিটি গড়ে উঠবে এই কার্যক্রমের মাধ্যমে'। এছাড়া সাম্প্রতিক সময়ে তরুণদের মধ্যে সংক্রমণ বাড়ছে বলে সতর্ক করেছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)। ফলে তরুণদের টিকা দেওয়া শুরু হলে সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলেও জানান কিম। এই সপ্তাহের পর রিভারসাইড কাউন্টি অপেক্ষাকৃত শিথিল স্তর অরেঞ্জ টিয়ারে নেমে আসতে পারবে। গত ১৬ মার্চ থেকে রেড টিয়ারে অবস্থান করেছে এই কাউন্টি। এর আগের পাঁচ মাস সবচেয়ে কঠোর বিধি নিষেধের স্তর পার্পেল টিয়ারে অবস্থান করছিলো। ১৬ বছর ও এর বেশি বয়েসী বাসিন্দাদের টিকাদান কার্যক্রম শুরু হওয়ায় অগ্রীম রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে৷ রেজিস্ট্রেশনের লিংক- https://www.rivcoph.org/covid-19-vaccine এলএবাংলাটাইমস/ওএম