দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লেগুনা বিচে সাগরের প্রবল স্রোতে ভেসে যাওয়ার পর এক কিশোরী নিখোঁজ হয়েছে। তার মা ও আরেক ভাইবোনকে উদ্ধার করা হলেও নিখোঁজ কিশোরীর সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান চলছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লেগুনা বিচের দক্ষিণ প্রান্তে অবস্থিত ট্রেজার আইল্যান্ড বিচের কাছে কয়েকজন সাঁতারু বিপদে পড়ার খবর পেয়ে মেরিন সেফটি বিভাগের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এক মা ও তার দুই সন্তান সমুদ্রতীরের কাছে অবস্থান করার সময় প্রবল ঢেউ ও স্রোতের কবলে পড়ে সাগরে ভেসে যান।
এ সময় দ্রুত এগিয়ে আসেন কয়েকজন সমুদ্রসৈকত ভ্রমণকারী। তারা ঝুঁকি নিয়ে উত্তাল পানিতে নেমে মা ও এক শিশুকে উদ্ধার করেন। তবে দুঃখজনকভাবে এক কিশোরী এখনও নিখোঁজ রয়েছে।
নিখোঁজ কিশোরীকে খুঁজে বের করতে লেগুনা বিচ মেরিন সেফটি বিভাগ, অরেঞ্জ কাউন্টি শেরিফের হারবার প্যাট্রোল এবং যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। আকাশ ও জলপথ—উভয় দিক থেকেই অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে।
পরিবারটি স্থানীয় বাসিন্দা নাকি অন্য কোনো এলাকা থেকে বেড়াতে এসেছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নিউপোর্ট বিচ ফায়ার বিভাগের প্রধান লাইফগার্ড ব্রায়ান ও'রুর্ক বলেন, “পরিবারটির জন্য আমাদের সমবেদনা। ঘটনাটি সত্যিই হৃদয়বিদারক।”
উদ্ধারকাজে সহায়তা করা দুই পথচারীকেও হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ব্রায়ান ও'রুর্ক জানান, বর্তমানে সমুদ্রে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি বিরাজ করছে। দীর্ঘ সময় পরপর বড় বড় ঢেউ আছড়ে পড়ছে, যা সাধারণ ঢেউয়ের তুলনায় দুই থেকে তিন গুণ বড় হতে পারে। ফলে পানিতে নামা যে কারও জন্য বড় ঝুঁকি তৈরি হচ্ছে।
মেরিন সেফটি বিভাগের প্রধান কাই বন্ড বলেন, ট্রেজার আইল্যান্ড বিচের আশপাশের বিস্তৃত এলাকায় অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।
এদিকে অরেঞ্জ কাউন্টির সমুদ্রসৈকতগুলোতে বর্তমানে ৪ থেকে ৭ ফুট উচ্চতার ঢেউয়ের সতর্কতা জারি রয়েছে। কোথাও কোথাও ঢেউয়ের উচ্চতা ৯ ফুট পর্যন্ত পৌঁছাচ্ছে। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, এই বিপজ্জনক পরিস্থিতি অন্তত বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম