ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা বারবারা কাউন্টির এক ব্যক্তি নিজের বাবাকে নির্মমভাবে নির্যাতন ও আগুনে পুড়িয়ে হত্যার দায়ে প্যারোলের সুযোগ ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।
দণ্ডপ্রাপ্ত ৪৪ বছর বয়সী জোসেফ অ্যাশলি গার্সিয়ার বিরুদ্ধে ২০২২ সালের ১১ জুন লমপক শহরের একটি বাড়িতে সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণিত হয়।
ঘটনার দিন গৃহকলহের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানালা দিয়ে দেখতে পায়, গার্সিয়া তার ৬৮ বছর বয়সী বাবা জোসেফ মাইকেল গার্সিয়ার সঙ্গে তর্ক করছেন। পুলিশ বাড়িতে প্রবেশের চেষ্টা করলে ভেতর থেকে বাবার চিৎকার ও একটি কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যায়।
পরে পুলিশ জোরপূর্বক ঘরে ঢুকে দেখতে পায়, বৃদ্ধ গার্সিয়া আগুনে দগ্ধ অবস্থায় রয়েছেন। তার কোলে বসে থাকা পোষা টেরিয়ার কুকুর ‘চার্লি’ও গুরুতরভাবে পুড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় গার্সিয়া সিনিয়রকে প্রথমে সান্তা বারবারার একটি হাসপাতালে এবং পরে লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তার শরীরের প্রায় ৩৫ শতাংশ অংশ দ্বিতীয় ও তৃতীয় মাত্রার দগ্ধ হয়েছিল।
হামলার ১০ দিন পর ত্বক প্রতিস্থাপন (স্কিন গ্রাফট) অস্ত্রোপচারের সময় তিনি সেপটিক শকে মারা যান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পুলিশকে জানান, তার ছেলে প্রথমে তাকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে এবং পরে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় ব্যবহৃত বলে ধারণা করা অ্যাসিটোনভর্তি একটি বোতল, একটি লাইটার এবং বড় একটি মাশেটি উদ্ধার করে তদন্তকারীরা।
পুলিশের মতে, গার্সিয়ার মাদকাসক্তি এবং তার স্ত্রী ও বাবার মধ্যে সম্পর্ক রয়েছে—এমন সন্দেহ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত।
মামলায় গার্সিয়া প্রথমে মানসিক ভারসাম্যহীনতার দাবি করে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন। তবে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৬ সালের ১৩ এপ্রিল জুরি তাকে প্রথম-ডিগ্রি হত্যাকাণ্ড ও নির্যাতনের বিশেষ অভিযোগে দোষী সাব্যস্ত করে।
পরে পৃথক শুনানিতে জুরি রায় দেয় যে অপরাধ সংঘটনের সময় তিনি আইনগতভাবে সুস্থ ছিলেন এবং নিজের কাজের পরিণতি সম্পর্কে সচেতন ছিলেন।
রায়ের প্রতিক্রিয়ায় সান্তা বারবারা কাউন্টির জেলা অ্যাটর্নি জন সাভরনক বলেন, “আমাদের দপ্তরের পরিচালিত সবচেয়ে ভয়াবহ মামলাগুলোর একটি ছিল এটি। এই রায়ই প্রকৃত ন্যায়বিচারের প্রতিফলন।”
এলএবাংলাটাইমস/ওএম