লস এঞ্জেলেস

ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান বার্নার্ডিনো কাউন্টির এক ওনলি ফ্যানস কনটেন্ট নির্মাতাকে একটি ফেটিশভিত্তিক সাক্ষাতের সময় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত ৩২ বছর বয়সী মাইকেলা রাইলার্সডামের সঙ্গে ২০২৩ সালের মার্চ-এপ্রিল মাসে পরিচয় হয় ৫৬ বছর বয়সী মাইকেল ডেলের। তদন্তকারীদের মতে, ডেল একটি এসকর্ট ও বিনোদনমূলক সেবার ওয়েবসাইটে রাইলার্সডামকে দেখে তার সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তী কয়েক সপ্তাহে বিভিন্ন কথোপকথন ও বিশেষ ধরনের ব্যক্তিগত সাক্ষাতের জন্য ডেল রাইলার্সডামকে ১১ হাজার ডলারেরও বেশি অর্থ প্রদান করেন। আদালতের নথি অনুযায়ী, ডেল তাকে কিছু নির্দিষ্ট ফেটিশ কর্মকাণ্ডে অংশ নিতে অনুরোধ করেছিলেন। রাইলার্সডাম পরে তদন্তকারীদের জানান, ২০২৩ সালের ১৭ এপ্রিলের ওই সাক্ষাৎই ছিল তার জীবনের প্রথম ফেটিশভিত্তিক অভিজ্ঞতা। তদন্তে জানা যায়, সেদিন সন্ধ্যা ৬টার দিকে রাইলার্সডাম ডেলের এসকন্ডিডো শহরের বাড়িতে পৌঁছান। কর্তৃপক্ষের দাবি, তখন ডেল নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তবুও দুজনের মধ্যে পূর্বনির্ধারিত কার্যক্রম শুরু হয়। রাত ১০টার দিকে জরুরি সেবা নম্বরে ফোন করা হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায়, রাইলার্সডাম ডেলকে সিপিআর দিচ্ছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে পরদিন চিকিৎসকেরা তাকে মস্তিষ্ক-মৃত ঘোষণা করেন। কয়েক দিন পর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, শ্বাসরোধ এবং মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছানোর কারণেই ডেলের মৃত্যু হয়। তদন্তে রাইলার্সডামের মোবাইল ফোন থেকে উদ্ধার করা ভিডিওতে দেখা যায়, ডেলের মুখে ডাক্ট টেপ লাগানো ছিল এবং তার শরীরের বিভিন্ন অংশ বাঁধা অবস্থায় ছিল। তদন্তকারীদের মতে, এমন অবস্থায় তিনি নিজে থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম ছিলেন না। পুলিশের অভিযোগ, ডেল অচেতন হয়ে পড়ার পরও রাইলার্সডাম তার ওনলি ফ্যানস প্ল্যাটফর্মের জন্য কনটেন্ট তৈরি করছিলেন। প্রসিকিউটরদের দাবি, ৯১১-এ ফোন করার মাত্র কয়েক মিনিট আগেই ওই ভিডিও ধারণ করা হয়েছিল। তবে তদন্তকারীদের কাছে রাইলার্সডাম দাবি করেন, ডেলের মাথার ওপর যে আবরণ ছিল, সেটি তিনি পরিয়ে দেননি। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাকে গ্রেপ্তার করে হত্যার অভিযোগ আনা হয়। তবে ২০২৬ সালের মে মাসে তিনি আদালতের সঙ্গে সমঝোতায় পৌঁছে হত্যার পরিবর্তে অনিচ্ছাকৃত হত্যার (ইনভলান্টারি ম্যানস্লটার) অভিযোগে দোষ স্বীকার করেন। সান ডিয়েগো কাউন্টি জেলা অ্যাটর্নির কার্যালয় জানায়, মামলার সব প্রমাণ ও নিহতের পরিবারের মতামত বিবেচনায় নিয়েই এই সমঝোতা করা হয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, ডেলের পরিবার আদালতের দেওয়া চার বছরের সাজায় সন্তোষ প্রকাশ করেছে।   এলএবাংলাটাইমস/ওএম