লস এঞ্জেলেস

দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

ক্যালিফোর্নিয়ার ভয়াবহ প্যালিসেডস দাবানলে বাড়িঘর হারানো হাজারো সম্পত্তি মালিকের সঙ্গে এবার লস অ্যাঞ্জেলেস সিটির বিরুদ্ধে মামলায় যোগ দিয়েছেন শহরের মেয়র ক্যারেন ব্যাসের ভাইও। আদালতের নথি অনুযায়ী, কেনেথ ডি. ব্যাস এই বৃহৎ মামলার অন্যতম বাদী। মামলায় লস অ্যাঞ্জেলেস সিটির পাশাপাশি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য, লস অ্যাঞ্জেলেস ডিপার্টমেন্ট অব ওয়াটার অ্যান্ড পাওয়ার (এলএডিডব্লিউপি) এবং আরও কয়েকটি সংস্থাকে অভিযুক্ত করা হয়েছে। দাবানলে ক্ষতিগ্রস্ত অনেক বাসিন্দার অভিযোগ, কর্তৃপক্ষের ব্যর্থতার কারণেই এত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই মেয়রের ভাইও একই ধরনের দাবি নিয়ে মামলায় অংশ নেওয়ায় বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, কেনেথ ব্যাসের মালিবুতে একটি বাড়ি ছিল। দাবানলের পর ধারণ করা আকাশপথের ভিডিওতে দেখা যায়, তার প্রধান বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মামলায় সম্পত্তিটিকে "সম্পূর্ণ পুড়ে ধ্বংস" (Total Burn Down) হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করায় কেনেথ ব্যাস শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মানসিক যন্ত্রণারও শিকার হয়েছেন। মালিবুর বাসিন্দা অ্যাব রয়, যিনি নিজেও ওই দাবানলে নিজের বাড়ি হারিয়েছেন, বলেন, বিষয়টি রাজনৈতিকভাবে কিছুটা অস্বাভাবিক মনে হলেও একজন ক্ষতিগ্রস্ত নাগরিক হিসেবে কেনেথ ব্যাসের আইনি পদক্ষেপ নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। এ বিষয়ে সাক্ষাৎকার দিতে রাজি হননি মেয়র ক্যারেন ব্যাস। তবে তার প্রেস সচিব পেইজ স্টার্লিং এক বিবৃতিতে বলেন, “এখানে নতুন কিছু নেই। ২০২৫ সালের জানুয়ারি থেকেই মেয়র প্রকাশ্যে তার ভাইয়ের ক্ষতির কথা বলে আসছেন। এই মামলায় হাজারো মানুষ বাদী হিসেবে যুক্ত আছেন।” কেনেথ ব্যাসের সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে তার পক্ষে মামলা পরিচালনাকারী আইন প্রতিষ্ঠান ফ্রান্টজ ল গ্রুপ এক বিবৃতিতে জানায়, পারিবারিক সম্পর্ক এখানে প্রাসঙ্গিক নয়। সাধারণ নাগরিক হিসেবে কেনেথ ব্যাস এবং অন্যান্য ক্ষতিগ্রস্তরা নিজেদের আইনি অধিকার প্রয়োগ করছেন এবং তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করা উচিত। ভয়াবহ প্যালিসেডস দাবানলে প্রবল বাতাসের কারণে আগুনের ছাই ও অঙ্গার দ্রুত ছড়িয়ে পড়ে প্যাসিফিক প্যালিসেডস থেকে মালিবু পর্যন্ত বিস্তীর্ণ এলাকায়, যার ফলে হাজারো বাড়িঘর ও সম্পত্তি ধ্বংস হয়। এলএবাংলাটাইমস/ওএম