যুক্তরাষ্ট্রে আগস্টে করোনায় মৃত্যু ১ লাখ ৭৫ হাজার ছাড়াবে
এলএ বাংলা টাইমস
ফ্লোরিডা অঙ্গরাজ্যে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা নিউইয়র্কের সংক্রমণ সংখ্যাকে ছাড়িয়ে গেছে। ২৫ জুলাই ফ্লোরিডায় সংক্রমণের সংখ্যা ১২ হাজার ১৯৯ যোগ করে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৪ হাজার ৫১১ জনে। একই দিনে নিউইয়র্কে ৭৫০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। নিউইয়র্কে এখন পর্যন্ত মোট সংক্রমণের সংখ্যা ৪ লাখ ১১ হাজার ২০০ জন।
আর এ পর্যন্ত ক্যালিফোর্নিয়া রাজ্যে সর্বাধিক সংক্রমণ ঘটেছে। সংখ্যাটি ৪ লাখ ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়ে প্রায় দেড় লাখ মানুষের মৃত্যু হয়েছে। প্রতিদিন গড়ে এক হাজার করে নাম মৃত্যুর তালিকায় যোগ হচ্ছে। আগামী ১৫ আগস্টের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
১৫০ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আইনপ্রণেতাদের কাছে দেওয়া এক খোলা চিঠিতে করোনাভাইরাস মোকাবিলায় সবকিছু খুলে দেওয়ার উদ্যোগটি ফিরে দেখার আহ্বান জানিয়েছেন। আবার দ্রুত লকডাউনে গিয়ে ভাইরাস নিয়ন্ত্রণে নতুন করে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
পাবলিক ইন্টারেস্ট রিসার্চ গ্রুপের ওয়েবসাইটে প্রকাশিত এ খোলা চিঠিতে পাবলিক হেলথ প্রচারণা পরিচালক ম্যাথিউ ওয়েলিংটন বলেছেন, দেশের সবকিছু দ্রুত খুলে দেওয়ার চাপ জনস্বাস্থ্য পরিস্থিতিকে নাজুক করে তুলেছে। জরুরি নয় এমন সব ব্যবসা-বাণিজ্য বন্ধ করার আহ্বান জানিয়েছেন তাঁরা। স্বাস্থ্যসেবীদের এ চিঠিতে সতর্ক করে দেওয়া হয়েছে, যদি পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এর ফলাফল মৃত্যু ও ব্যাপক দুর্ভোগের মধ্য দিয়ে পরিমাপ করতে হবে।
স্বাস্থ্যসেবীদের খোলা চিঠিতে স্বাক্ষরকারী চিকিৎসক, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অধ্যাপক ট্রাভিস পরকো বলেছেন, করোনাভাইরাস ডেমোক্রেটিক বা রিপাবলিকান দেখে না। কোনো ধর্ম বা উৎস থেকে আসা লোকজন, তা বিবেচনা করে না। এ নিয়ে রাজনীতি না করে খোলা চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাস নিয়ন্ত্রণে আমাদের নেতৃত্ব দিতে হবে, বহু দেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তারা যখন নিরাপদ তখনই সব খুলে দিয়েছে। চিঠিতে আইনপ্রণেতাদের স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছে, ইতিহাস নিজের চোখ দিয়ে আপনাদের দেখবে।
দ্বিতীয় দফা শাটডাউন সমস্যার হবে উল্লেখ করে পরকো বলেছেন, লোকজন নির্দেশনা মানবে। মানুষের পাতে খাবার দিতে হবে, ব্যবসায়ীদের সাহায্য করতে হবে উল্লেখ করে তিনি বলেন, সরকার সহযোগিতা করলেই মানুষ ত্যাগ শিকার করতে প্রস্তুত আছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা পরিস্থিতিকে এখন গুরুত্ব দিলেও তিনি বলেছেন শেষ পর্যন্ত ভাইরাসটি চলে যাবে। আমেরিকায় ভাইরাসের প্রাদুর্ভাবের ছয় মাস চলে গেলেও তিনি এখন বলছেন, সংকট থেকে উত্তরণের কৌশল পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। ২১ জুলাই তিনি বলেছেন, পুনরুদ্ধারের কৌশল পরিকল্পনাটি খুব শক্তিশালী। যদিও তাঁর পরিকল্পনা কী, এ কথা এখনো কারও জানা নেই।
এলএ বাংলা টাইমস/এম/বিএইচ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন