ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের
ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল। ছবি: রয়টার্স (১৭ নভেম্বর ২০২৬)
ইরানের তেল রপ্তানি বন্ধে নৌ অবরোধ আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র। নতুন নির্দেশনা অনুযায়ী, ইরানের বন্দর বা উপকূল থেকে পণ্য নিয়ে আসা কোনো জাহাজের কাছ থেকে সমুদ্রে পণ্য গ্রহণ করলেও সংশ্লিষ্ট জাহাজকে অবরোধ এড়ানোর চেষ্টা হিসেবে বিবেচনা করতে পারে মার্কিন সামরিক বাহিনী। এমনকি জাহাজটি ইরানের জলসীমা বা বন্দরে প্রবেশ না করলেও এই বিধিনিষেধ কার্যকর হবে।
বুধবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রকাশিত এক সামুদ্রিক সতর্কবার্তায় এ অবস্থান জানানো হয়।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, অবরোধের আওতাভুক্ত কোনো জাহাজ থেকে সমুদ্রে পণ্য স্থানান্তরের মাধ্যমে অন্য জাহাজে নেওয়া হলে সেটিও অবরোধ লঙ্ঘনের চেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে। এ ধরনের জাহাজ থামানো, তল্লাশি, গতিপথ পরিবর্তনে বাধ্য করা কিংবা আটক করতে পারবে মার্কিন বাহিনী। প্রয়োজনে পণ্যটি যে ইরানি বন্দর থেকে এসেছে, সেখানে ফিরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হতে পারে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, অবরোধ বা তল্লাশির দায়িত্বে থাকা মার্কিন বাহিনীর বৈধ আদেশ তাৎক্ষণিকভাবে না মানলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। পরিস্থিতি অনুযায়ী শক্তি প্রয়োগের বিষয়টিও বিবেচনায় থাকবে।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের মূল লক্ষ্য সমুদ্রে জাহাজ থেকে জাহাজে পণ্য স্থানান্তরের মাধ্যমে ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত অবরোধ এড়িয়ে যাওয়ার সুযোগ বন্ধ করা। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে এ ধরনের পদ্ধতি ব্যবহার করে অনেক সময় পণ্যের উৎস ও গন্তব্য আড়াল করা হয়।
ইরানের বন্দর ও উপকূলকেন্দ্রিক নৌ অবরোধ প্রথম চালু করা হয়েছিল গত ১৩ এপ্রিল। জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা হওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়। তবে সেই সমঝোতা ভেঙে যাওয়ার পর ১৪ জুলাই আবারও অবরোধ কার্যকর করে যুক্তরাষ্ট্র।
অবরোধের মধ্যেও ইরান কিছু পরিমাণ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও জেট ফুয়েল রপ্তানি করতে সক্ষম হয়েছে। বিশেষ করে সমুদ্রে জাহাজ পরিবর্তনের মাধ্যমে পণ্য পরিবহনের ঘটনা নজরে এসেছে। তবে দেশটির অপরিশোধিত জ্বালানি তেল বা ক্রুড অয়েল রপ্তানি কয়েক মাস ধরে প্রায় বন্ধ রয়েছে বলে সামুদ্রিক বাণিজ্যসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
এদিকে নতুন নির্দেশনার ফলে পারস্য উপসাগর, হরমুজ প্রণালি, ওমান উপসাগর এবং উত্তর আরব সাগর এলাকায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর নজরদারি আরও বাড়তে পারে। এসব অঞ্চলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি এবং জাহাজ তল্লাশির কার্যক্রমও বাড়ার আশঙ্কা রয়েছে।বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি। এই অঞ্চলে সামরিক উত্তেজনা ও জাহাজ চলাচলে নতুন বিধিনিষেধ আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং তেলের বাজারে বাড়তি অনিশ্চয়তা তৈরি করতে পারে।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন