গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ
গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ
গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ছবি: জাগোনিউজ২৪
সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরায় তাঁর বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর। তিনি জানান, নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
নুরুল ইসলাম নাহিদ ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ১৯৯৪ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। পরে সপ্তম, নবম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান নুরুল ইসলাম নাহিদ।
সম্প্রতি তাঁর ও তাঁর স্ত্রীর সম্পদের হিসাব চেয়ে পদক্ষেপ নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১২ অক্টোবর দুদক জানায়, প্রাথমিক অনুসন্ধানে নুরুল ইসলাম নাহিদের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। তাঁর স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের নামেও একই ধরনের ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।
দুদকের অনুসন্ধানে তাঁদের নামে-বেনামে থাকা প্রকৃত সম্পদের পরিমাণ, সম্পদ অর্জনের উৎস এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইনের আওতায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করে সংস্থাটি।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন