ট্রাম্পের পছন্দের প্রার্থীকে ঘিরে সিনেটে উত্তেজনা, শুনানি বর্জন ডেমোক্র্যাটদের
ট্রাম্পের পছন্দের প্রার্থীকে ঘিরে সিনেটে উত্তেজনা, শুনানি বর্জন ডেমোক্র্যাটদের
সিনেটের শুনানিতে ট্রাম্পের মনোনীত এফসিসি প্রার্থী ড্যানিয়েল থুম্যান সেভার্স। ছবি: দ্য হিল
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থীকে নিয়ে আপত্তি জানিয়ে সিনেটের একটি গুরুত্বপূর্ণ শুনানি বর্জন করেছেন ডেমোক্র্যাট সদস্যরা। বুধবার সিনেটের বাণিজ্যবিষয়ক কমিটির শুনানিতে ডেমোক্র্যাটদের কেউ অংশ নেননি। তাঁদের অনুপস্থিতিতেই ট্রাম্পের মনোনীত প্রার্থী ড্যানিয়েল থুম্যান সেভার্সের মনোনয়ন ১৫-০ ভোটে অনুমোদন করেছে কমিটি।
সেভার্সকে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) সদস্য হিসেবে নিয়োগ দিতে গত আগস্টে মনোনয়ন দেন ট্রাম্প। তিনি বর্তমানে এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কারের জ্যেষ্ঠ আইন উপদেষ্টা হিসেবে কাজ করছেন। কমিশনের পাঁচটি পদের মধ্যে দুটি বর্তমানে শূন্য।
এফসিসিতে এখন দুই রিপাবলিকান সদস্যের পাশাপাশি একজন ডেমোক্র্যাট সদস্য রয়েছেন। তিনি আনা গোমেজ। সেভার্সের মনোনয়ন চূড়ান্ত হলে ট্রাম্প প্রশাসনের মনোনীতদের মাধ্যমে কমিশনে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠিত হতে পারে। কয়েকজন সিনেটরের আশঙ্কা, সেভার্স দায়িত্ব পেলে ট্রাম্প গোমেজকে কমিশন থেকে সরিয়ে দিতে পারেন।
ডেমোক্র্যাট সদস্যরা এক বিবৃতিতে জানান, তাঁরা সেভার্সের মনোনয়নের বিরোধিতা করছেন। তাঁদের দাবি, সেভার্সের মনোনয়নের সঙ্গে আনা গোমেজের মেয়াদ বাড়ানোর বিষয়টিও একসঙ্গে বিবেচনা করা উচিত। এ বিষয়ে রিপাবলিকানদের ভোটের জন্য প্রয়োজনীয় সদস্যসংখ্যা নিশ্চিত করতে না দেওয়ার কৌশল নিয়েছিলেন তাঁরা।
ওয়াশিংটনের সিনেটর মারিয়া ক্যান্টওয়েলের নেতৃত্বে ডেমোক্র্যাটরা বলেন, এই সমস্যা তাঁদের তৈরি করা নয়; হোয়াইট হাউস চাইলে এর সমাধান করতে পারে।
এদিকে নিউ মেক্সিকোর ডেমোক্র্যাট সিনেটর বেন রে লুহান গত সপ্তাহে জানিয়েছিলেন, আগামী বছর ডেমোক্র্যাটরা সিনেটের কার্যসূচি নির্ধারণের দায়িত্ব পেলে এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডন কারকে অন্তত প্রতি মাসে শুনানিতে হাজির হতে হতে পারে। তাঁর অভিযোগ, কার বিভিন্ন প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন এবং দায়িত্ব পালনে অবহেলা করছেন।
কমিটির চেয়ারম্যান ও টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ ডেমোক্র্যাটদের শুনানি বর্জনের সমালোচনা করেছেন। তাঁর দাবি, প্রেসিডেন্ট জো বাইডেনের সময় রিপাবলিকানরা কমিটির নিয়ন্ত্রণে না থাকলেও শুনানি বর্জন করেননি। আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা দায়িত্ব নেওয়ার পর দুই বছর ধরে বাধা দেওয়ার রাজনীতি চলতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ডিজনি ও এফসিসি নিয়ে বিতর্ক
এফসিসি বর্তমানে ওয়াল্ট ডিজনির মালিকানাধীন আটটি এবিসি টেলিভিশন স্টেশনের সম্প্রচার লাইসেন্সের বিষয়টি পর্যালোচনা করছে। গত বছর ডিজনিকে তাদের এবিসি চ্যানেলের জনপ্রিয় রাতের অনুষ্ঠান উপস্থাপক জিমি কিমেলকে বাদ দেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগে ব্রেন্ডন কারের পদত্যাগ দাবি করেছিলেন আইনপ্রণেতারা।
এফসিসি গত এপ্রিলে ডিজনির আটটি স্টেশনের লাইসেন্স পর্যালোচনার নির্দেশ দেয়। এর এক দিন আগে ট্রাম্প প্রকাশ্যে কিমেলকে অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ওই পর্যালোচনা বন্ধের দাবিতে ডিজনি আদালতের দ্বারস্থ হয়েছে। তবে এ বিষয়ে আদালত এখনো কোনো আদেশ দেননি।
ট্রাম্প এর আগেও তাঁর প্রশাসনের সমালোচনা করে এমন কমেডি ও সংবাদ অনুষ্ঠান বন্ধ করতে সম্প্রচারমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী, সম্প্রচারমাধ্যমগুলোর অনুষ্ঠান ও বিষয়বস্তু নির্ধারণের ক্ষেত্রে ব্যাপক স্বাধীনতা রয়েছে।
তবে সম্প্রচারমাধ্যমগুলোকে সরকারি সম্প্রচার তরঙ্গ ব্যবহারের জন্য এফসিসির লাইসেন্স নিতে হয়। লাইসেন্স বাতিলের ঘটনা অত্যন্ত বিরল হলেও সমালোচকদের আশঙ্কা, লাইসেন্স হারানোর ঝুঁকি দেখিয়ে সম্প্রচারমাধ্যমগুলোর সম্পাদকীয় সিদ্ধান্ত ও অনুষ্ঠানসূচিতে সরকারি হস্তক্ষেপের চাপ তৈরি করা হতে পারে।
নিউজ ডেক্স
শেয়ার করুন