ক্যালিফোর্নিয়ার গবেষকদের অনুদান বন্ধে ট্রাম্পের চেষ্টা আটকে দিল সুপ্রিম কোর্ট
ক্যালিফোর্নিয়ার গবেষকদের অনুদান বন্ধে ট্রাম্পের চেষ্টা আটকে দিল সুপ্রিম কোর্ট
ডিইআই–সংশ্লিষ্ট গবেষণা অনুদান নিয়ে ট্রাম্প প্রশাসনের আপিল খারিজ করেছে সুপ্রিম কোর্ট। ছবি: বেন মার্গট / অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার (ইউসি) গবেষকদের দেওয়া ফেডারেল অনুদান বন্ধের চেষ্টা আটকে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের করা আপিল শুনতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে অনুদান বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নিম্ন আদালতের দেওয়া আদেশ বহাল থাকছে।
সোমবার (১৬ নভেম্বর) কোনো ব্যাখ্যা বা ভিন্নমত প্রকাশ না করেই ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ করেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এর মধ্য দিয়ে নবম সার্কিট আপিল আদালতের আগের রায় কার্যকর থাকছে। ওই আদালত বলেছিলেন, গবেষণার দৃষ্টিভঙ্গি বা মতামতের কারণে অনুদান বাতিল করা হলে তা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর পরিপন্থী হতে পারে। প্রথম সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত করা হয়েছে।
বিতর্কের কেন্দ্রে ছিল ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন (এনএসএফ) এবং ন্যাশনাল এনডাউমেন্ট ফর দ্য হিউম্যানিটিজের (এনইএইচ) দেওয়া গবেষণা অনুদান। এসব অনুদানের আওতায় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বিভিন্ন গবেষকের প্রকল্প পরিচালিত হচ্ছিল। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে প্রাথমিকভাবে প্রায় ১৫০ মিলিয়ন ডলারের অনুদান ঝুঁকিতে পড়ে। তবে মামলার সর্বশেষ পর্যায়ে বিতর্কের মধ্যে থাকা অনুদানের পরিমাণ ছিল প্রায় ৫৯ মিলিয়ন ডলার।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ২০২৫ সালে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি বা ডিইআই কার্যক্রম বন্ধে নির্বাহী আদেশ জারি করেন। তাঁর প্রশাসনের যুক্তি ছিল, সরকারি অর্থায়নে পরিচালিত গবেষণা ও কর্মসূচি সরকারের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
এরপর কয়েকটি ফেডারেল সংস্থা গবেষকদের অনুদান বাতিলের চিঠি পাঠায়। অভিযোগ ওঠে, গবেষণা প্রস্তাবে ‘বৈচিত্র্য’, ‘সমতা’ কিংবা ‘পরিবেশগত ন্যায়বিচার’-এর মতো শব্দ থাকায় প্রকল্পগুলোকে সরকারি অগ্রাধিকারের সঙ্গে অসংগত হিসেবে চিহ্নিত করা হয়েছিল। গবেষকদের দাবি, এভাবে নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির কারণে তাঁদের অর্থায়ন বন্ধ করা হয়েছে।
অনুদান বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ছয়জন ইউসি অধ্যাপক ও গবেষক আদালতে মামলা করেন। তাঁদের অভিযোগ ছিল, গবেষণার বিষয়বস্তু বা মতাদর্শের কারণে অর্থায়ন বন্ধ করে প্রশাসন মতপ্রকাশের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে।
গত মে মাসে নবম সার্কিট আপিল আদালত গবেষকদের পক্ষে দেওয়া নিম্ন আদালতের আদেশের গুরুত্বপূর্ণ অংশ বহাল রাখেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, সরকার কোন ধরনের কর্মসূচিতে অর্থ দেবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তবে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নির্বাচিত গবেষকদের প্রকল্পের দৃষ্টিভঙ্গি অপছন্দ হওয়ার কারণে তাঁদের অনুদান বাতিল করতে পারে না।
ট্রাম্প প্রশাসনের পক্ষে যুক্তি দেওয়া হয়েছিল, সরকারি অর্থ কোথায় ব্যয় হবে, তা নির্ধারণের ক্ষেত্রে সরকারের বিস্তৃত ক্ষমতা রয়েছে। প্রশাসনের আশঙ্কা ছিল, নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল থাকলে ভবিষ্যতে সরকারি অনুদান বণ্টনের ক্ষেত্রে অন্য প্রশাসনগুলোও সীমাবদ্ধতার মুখে পড়তে পারে।
তবে সুপ্রিম কোর্ট আপিল শুনতে অস্বীকৃতি জানানোর ফলে আপাতত গবেষকদের পক্ষে দেওয়া নিম্ন আদালতের আদেশই বহাল থাকছে। মামলাটির এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের ডিইআইবিরোধী নীতির বিরুদ্ধে গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ আইনি সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন