‘পরগাছা’ কটাক্ষের জবাবে অপুর ‘লেভেলে আসুক’, পরীমনির সঙ্গে বিরোধের নেপথ্যে কী
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয় দিয়ে কোটায় চাকরি, অবশেষে বরখাস্ত হলেন বেলাল হোসেন
অভিযুক্ত পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী মো. বেলাল হোসেন
মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি পেতে নিজের আপন চাচাকে কাগজপত্রে বাবা হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগ উঠেছে মানিকগঞ্জের দৌলতপুরের মো. বেলাল হোসেনের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, শিক্ষাজীবনের শুরু থেকেই শিক্ষাগত সনদ, জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রে জন্মদাতা বাবা মো. গফুর মণ্ডলের পরিবর্তে মুক্তিযোদ্ধা চাচা আবুল কালাম আজাদের নাম ব্যবহার করেছেন তিনি। পরে সেই পরিচয় ও চাচার মুক্তিযোদ্ধা সনদ দেখিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) সার্ভেয়ার পদে চাকরি নেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর তদন্ত শুরু হয়েছে। বেলাল জানিয়েছেন, তিনি বরখাস্ত হয়েছেন।
অনুসন্ধানে জানা গেছে, বেলাল হোসেন ২০১১ সালে চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। তাঁর এসএসসি সনদ, ডিপ্লোমা সনদ, জন্মনিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্রে বাবা হিসেবে আবুল কালাম আজাদের নাম রয়েছে। অথচ স্থানীয় বাসিন্দাদের দাবি, আবুল কালাম আজাদ তাঁর জন্মদাতা বাবা নন, আপন চাচা।
২০২০ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সার্ভেয়ার (প্রকৌশল) পদে নিয়োগের আবেদনেও বাবার নামের জায়গায় চাচা আবুল কালাম আজাদের নাম উল্লেখ করেন বেলাল। ওই আবেদনের সঙ্গে মুক্তিযোদ্ধার সনদও জমা দেওয়া হয়েছিল বলে জানা গেছে। এভাবে মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিয়ে তিনি চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলাল হোসেন চরকাটারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. গফুর মণ্ডলের ছেলে। তাঁর চাচা আবুল কালাম আজাদ স্থানীয়ভাবে আজাদ মণ্ডল নামেও পরিচিত ছিলেন। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ছোটবেলা থেকেই বেলাল চাচার বাড়িতে থেকে লেখাপড়া করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, বেলাল গফুর মেম্বারের ছেলে। কিন্তু তাঁর বিভিন্ন কাগজপত্রে বাবা হিসেবে আপন চাচা মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের নাম ব্যবহার করা হয়েছে। ওই পরিচয়েই তিনি মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন বলে তিনি জানেন। জনপ্রতিনিধি হিসেবে এলাকার পরিবারগুলোর সদস্যসংখ্যা ও পারিবারিক পরিচয় সম্পর্কে তাঁর ধারণা রয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দা রবিউল ইসলামের দাবি, বেলালের চাচা আজাদ মণ্ডল মুক্তিযোদ্ধা ছিলেন। কোটার সুবিধা পাওয়ার উদ্দেশ্যেই ছোটবেলা থেকে বাবার নামের জায়গায় চাচার নাম ব্যবহার করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী কামরুজ্জামান বলেন, বেলাল সার্ভেয়ার কোর্সে ডিপ্লোমা করেছেন বলে তিনি শুনেছেন। চাচার নাম ব্যবহার করে চাকরিতে যোগ দেওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর এ নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
বেলালের আপন ছোট ভাই ইব্রাহীম হোসেন হেলালও তাঁদের বাবা হিসেবে গফুর মণ্ডলের নাম উল্লেখ করেছেন। তিনি বলেন, তাঁরা চার ভাইবোন। বেলাল সবার বড়। এরপর এক বোন, তিনি নিজে এবং সবার ছোট আরেক বোন। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় বড় ভাই ছোটবেলা থেকেই চাচা আবুল কালাম আজাদ ওরফে আজাদ মণ্ডলের বাড়িতে থেকে পড়াশোনা করতেন। তাঁর ভাষ্য, বেলালের সার্টিফিকেটসহ সব কাগজপত্রে ছোটবেলা থেকেই চাচার নাম ব্যবহার করা হয়েছে। চাচা নিজের সম্পদের একটি অংশও বেলালকে দিয়ে গেছেন।
তবে বেলালের বাবা হিসেবে পরিচিত মো. গফুর মণ্ডল ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, তাঁর এক ছেলে ও এক মেয়ে। বেলাল তাঁর ভাইয়ের ছেলে।
অভিযোগের বিষয়ে বেলাল হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাংবাদিক সবকিছু জেনেই ফোন করেছেন। তিনি বরখাস্ত হয়েছেন এবং এ বিষয়ে আর কোনো কথা বলতে চান না।
এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী পরিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. সাদেকুর রহমানের সরকারি ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। পরে বোর্ডের শৃঙ্খলা শাখায় যোগাযোগ করা হলে লিখিত আবেদন দিয়ে প্রধান কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন