বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত
ফ্লোরিডায় বিরল মাশরুমে মিলল হ্যালুসিনেশন সৃষ্টিকারী উপাদান ও প্রাণঘাতী বিষ
ফ্লোরিডায় পাওয়া ছোট আকারের গ্যালেরিনা ইন্ডিকা মাশরুম। ছবি: অ্যান্ড্রু আর. কুনিক
ফ্লোরিডায় এমন এক বিরল মাশরুমের সন্ধান পেয়েছেন গবেষকেরা, যার মধ্যে একই সঙ্গে রয়েছে হ্যালুসিনেশন সৃষ্টিকারী রাসায়নিক উপাদান এবং প্রাণঘাতী বিষ। ‘গ্যালেরিনা ইন্ডিকা’ (Galerina indica) নামের এই ছত্রাকে পাওয়া গেছে সাইলোসাইবিন (Psilocybin) ও অ্যামাটক্সিন (Amatoxin)। গবেষকদের ভাষায়, একই প্রজাতির মাশরুমে এই দুই উপাদানের উপস্থিতি আগে জানা যায়নি।
সাইলোসাইবিন এমন একটি রাসায়নিক, যা মানুষের মস্তিষ্ক ও উপলব্ধিতে পরিবর্তন ঘটাতে পারে। এটি ‘ম্যাজিক মাশরুম’ নামে পরিচিত কিছু ছত্রাকেও পাওয়া যায়। অন্যদিকে অ্যামাটক্সিন অত্যন্ত বিষাক্ত একটি উপাদান। এটি শরীরের কোষে প্রয়োজনীয় প্রোটিন তৈরির প্রক্রিয়া বাধাগ্রস্ত করে। ফলে বিশেষ করে যকৃৎ ও কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।
গবেষণাটির অন্যতম লেখক ও ছত্রাকবিষয়ক গবেষক অ্যান্ড্রু কুনিক বলেন, পৃথিবীর কোনো পরিচিত মাশরুম প্রজাতিতে একই সময়ে এই দুই উপাদান উৎপাদনের নজির পাওয়া যায়নি। তাঁর মতে, এই আবিষ্কার সত্যিই বিস্ময়কর।
গবেষকেরা ‘লিটল ব্রাউন মাশরুম’ নামে পরিচিত ছোট বাদামি রঙের ছত্রাক নিয়ে গবেষণা করছিলেন। তাঁদের লক্ষ্য ছিল, এই গোষ্ঠীর কোনো প্রজাতিতে অ্যামাটক্সিন তৈরি হয় কি না, তা খুঁজে দেখা। এ সময় গ্যালেরিনা পরিবারের কয়েকটি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ছিল গ্যালেরিনা ইন্ডিকা।
নমুনাটি হাতে নেওয়ার পর গবেষকেরা দেখতে পান, এর ভেতরের অংশ নীলচে হয়ে যাচ্ছে। কিছু সাইলোসাইবিন উৎপাদনকারী মাশরুমের ক্ষেত্রে এমন রঙের পরিবর্তন দেখা যায়। বিষয়টি সন্দেহ তৈরি করলে রাসায়নিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় সাইলোসাইবিনের উপস্থিতি নিশ্চিত হয়। একই নমুনায় অ্যামাটক্সিনও পাওয়া যায়।
গবেষকদের ধারণা, মাশরুমটি আগে থেকেই অ্যামাটক্সিন তৈরি করত। পরে ‘হরাইজন্টাল জিন ট্রান্সফার’ প্রক্রিয়ায় অন্য কোনো জীব থেকে সাইলোসাইবিন উৎপাদনের জিন পেয়েছে। এই প্রক্রিয়ায় কোনো জীব সরাসরি মা-বাবার কাছ থেকে নয়, বরং অন্য জীবের কাছ থেকে জিনগত উপাদান গ্রহণ করতে পারে।
দুটি রাসায়নিকই মাশরুমটির আত্মরক্ষার কাজে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন গবেষকেরা। এসব উপাদান প্রাণীদের মাশরুমটি খাওয়া থেকে বিরত রাখতে পারে। তবে মানুষের শরীরে এই নির্দিষ্ট মাশরুমের প্রভাব নিয়ে সরাসরি পরীক্ষা চালানো হয়নি।
সাইলোসাইবিন মানুষের বাস্তবতা উপলব্ধির ধরন বদলে দিতে পারে। এটি গ্রহণের পর কেউ এমন কিছু দেখতে, শুনতে বা অনুভব করতে পারেন, যা বাস্তবে ঘটছে না। বমি বমি ভাব, বমি এবং বিপজ্জনক আচরণের ঝুঁকিও থাকতে পারে।
তবে গ্যালেরিনা ইন্ডিকার সবচেয়ে বড় বিপদ এর অ্যামাটক্সিন। এই বিষ শরীরের কোষে প্রয়োজনীয় প্রোটিন তৈরি বন্ধ করে দিতে পারে। এর ফলে কোষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং যকৃৎ ও কিডনির কার্যক্ষমতা নষ্ট হতে পারে।
বিষাক্ত মাশরুম খাওয়ার ছয় থেকে ১২ ঘণ্টার মধ্যে বমি, পেটব্যথা ও পানিশূন্যতার লক্ষণ দেখা দিতে পারে। এরপর কিছু সময় রোগীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে মনে হতে পারে। কিন্তু এ সময়ও যকৃতের ক্ষতি চলতে পারে। পরবর্তী কয়েক দিনে যকৃৎ ও কিডনির কার্যক্ষমতা আরও কমে যেতে পারে। গুরুতর ক্ষেত্রে তিন থেকে সাত দিনের মধ্যে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
অ্যামাটক্সিনের বিষক্রিয়ার নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই। দ্রুত চিকিৎসা শুরু হলে কিছু ক্ষেত্রে সক্রিয় চারকোল দিয়ে শরীরে বিষ শোষণ কমানোর চেষ্টা করা হয়। পরিস্থিতি গুরুতর হলে যকৃত প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে। অ্যামাটক্সিনযুক্ত মাশরুম খেয়ে বিষক্রিয়ায় আক্রান্তদের ১০ থেকে ২০ শতাংশের মৃত্যু হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গবেষকেরা তাই এই মাশরুম না খাওয়ার বিষয়ে কঠোর সতর্কতা দিয়েছেন। দেখতে সাধারণ বা পরিচিত মনে হলেও বুনো মাশরুমের রাসায়নিক উপাদান বিপজ্জনক হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, নিশ্চিতভাবে শনাক্ত করা যায় না—এমন কোনো বুনো মাশরুম খাওয়া উচিত নয়।
নিউজ ডেক্স
শেয়ার করুন