লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সন্ত্রা সী সংগঠনের তালিকায় এখন ২২টি গোষ্ঠী
২০২৮ সালে প্রেসিডেন্ট পদে লড়তে আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে আহ্বান নিউইয়র্কের সমাজতন্ত্রীদের
কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ একজন প্রভাবশালী প্রগতিশীল ডেমোক্র্যাট নেতা। তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নিউইয়র্কের ১৪তম কংগ্রেসনাল
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে আহ্বান জানিয়েছে নিউইয়র্কের ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) শাখা। শনিবার (১৪ নভেম্বর) সংগঠনটির সম্মেলনে এ-সংক্রান্ত একটি প্রস্তাব ২৯১-১২৩ ভোটে পাস হয়। তবে এটি আনুষ্ঠানিক নির্বাচনী সমর্থন বা মনোনয়ন নয়; বরং সম্ভাব্য প্রচারাভিযানের প্রস্তুতি নেওয়া এবং তাঁকে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করার সিদ্ধান্ত।
নিউইয়র্ক সিটি ডিএসএর সম্মেলনে পাস হওয়া প্রস্তাব অনুযায়ী, সংগঠনটি ওকাসিও-কর্টেজের সম্ভাব্য প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের ভিত্তি তৈরিতে কাজ করবে। ডিএসএর স্থানীয় শাখার সহসভাপতি গুস্তাভো গরদিলো জানিয়েছেন, এই উদ্যোগের লক্ষ্য একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা এবং শ্রমজীবী মানুষের স্বার্থকে সামনে রেখে জাতীয় পর্যায়ে রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নেওয়া।
গরদিলো বলেন, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হতে পারলে গণতান্ত্রিক সমাজতন্ত্রীরাও নির্বাচিত হতে পারেন। তাঁর মতে, প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর জন্য প্রয়োজনীয় সাংগঠনিক ভিত্তি তৈরিতে কাজ করবে নিউইয়র্কের শাখাটি।
নিউইয়র্ক সিটি ডিএসএর সদস্যসংখ্যা প্রায় ১৫ হাজার। যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক সমাজতান্ত্রিক আন্দোলনের প্রভাবশালী সংগঠনগুলোর একটি হিসেবে পরিচিত এই শাখা। গত বছর নিউইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানিকে সমর্থন দিয়েছিল তারা। ২০১৮ সাল থেকে কংগ্রেস নির্বাচনে ওকাসিও-কর্টেজের পাঁচটি সাধারণ নির্বাচনে সংগঠনটি তাঁর পাশে ছিল।
সম্প্রতি মধ্যবর্তী নির্বাচনে ডিএসএ-সমর্থিত প্রার্থীদের সাফল্যের পর সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ডিএসএর সমর্থন পাওয়া আটজন প্রার্থী ফেডারেল পর্যায়ে নির্বাচিত হয়েছেন। আগামী জানুয়ারিতে তাঁরা কংগ্রেসের দায়িত্ব নেবেন। এই সাফল্যের পর জাতীয় রাজনীতিতে নিজেদের প্রভাব আরও বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সংগঠনটি।
নিউইয়র্ক সিটি ডিএসএর আরেক সহসভাপতি গ্রেস মাউসার বলেন, নিউইয়র্কে মেয়র নির্বাচনে নিজেদের সমর্থিত প্রার্থীকে বিজয়ী করা এবং শহরে তিনজন সমাজতন্ত্রীকে নির্বাচিত করার মধ্য দিয়ে সংগঠনটির রাজনৈতিক প্রভাব বেড়েছে। তাঁর ভাষায়, স্থানীয়, অঙ্গরাজ্য ও জাতীয় পর্যায়ে সংগঠনটি এখন গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি।
ওকাসিও-কর্টেজ ২০১৮ সালে নিউইয়র্কের ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রাথমিক নির্বাচনে ১০ মেয়াদে দায়িত্ব পালন করা এক ডেমোক্র্যাট প্রার্থীকে পরাজিত করে জাতীয় পরিচিতি পান। তিনি সর্বজনীন স্বাস্থ্যসেবা, সরকারি কলেজে বিনা মূল্যে উচ্চশিক্ষা এবং শ্রমিকদের অধিকার সুরক্ষার মতো নীতির পক্ষে কথা বলে আসছেন।
নিউইয়র্কের ডিএসএ শাখা জানিয়েছে, তাদের সম্ভাব্য জাতীয় নির্বাচনী কর্মসূচির ভিত্তি হবে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা। আবাসন, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের ব্যয়কে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি সরকারি আবাসন, অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিইর কার্যক্রম বন্ধ, শ্রমিক সংগঠিত করা এবং যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনপন্থী আন্দোলনের বিষয়গুলোও সংগঠনটির আলোচনায় রয়েছে।
তবে প্রস্তাবটি নিয়ে সংগঠনের ভেতরে মতভেদও দেখা গেছে। বিরোধিতাকারী কয়েকজন সদস্যের অভিযোগ, ওকাসিও-কর্টেজ সংগঠনটির মূল আদর্শ ও রাজনৈতিক অগ্রাধিকার থেকে সরে এসেছেন। তাঁদের আশঙ্কা, আনুষ্ঠানিক সমর্থনের প্রক্রিয়া শুরুর আগেই প্রেসিডেন্ট নির্বাচনে তাঁকে উৎসাহিত করার সিদ্ধান্ত বিভ্রান্তি তৈরি করতে পারে।
এর আগে ২০২৪ সালে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে অবস্থানের ক্ষেত্রে সংগঠনের নির্ধারিত শর্ত পূরণ না করার অভিযোগে ডিএসএর জাতীয় শাখা ওকাসিও-কর্টেজের প্রতি সমর্থন প্রত্যাহার করেছিল। তবে নিউইয়র্কের স্থানীয় শাখাটি তাঁর সঙ্গে কাজ চালিয়ে গেছে।
ওকাসিও-কর্টেজের মুখপাত্র এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। তিনি আগে জানিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনের পর নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। ফলে ২০২৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া কিংবা নিউইয়র্ক থেকে সিনেট নির্বাচনে লড়ার সম্ভাবনা—দুটিই এখনো খোলা রয়েছে।
নিউইয়র্কের ডিএসএর এই প্রস্তাবের পাশাপাশি তাঁকে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ‘রেডি ফর এওসি’ নামে একটি স্বতন্ত্র উদ্যোগও শুরু হয়েছে। সব মিলিয়ে ২০২৮ সালের নির্বাচনে ওকাসিও-কর্টেজের সম্ভাব্য ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রগতিশীল রাজনৈতিক শিবিরে আলোচনা আরও জোরালো হচ্ছে।
নিউজ ডেক্স
শেয়ার করুন