রিপাবলিকানরা সংস্কার না আনলে যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রের উত্থান ঘটবে, সতর্কবার্তা সাবেক উপদেষ্টার
‘অনিবন্ধিত অভিবাসীদের নাগরিকত্ব দিতে হবে’, বক্তব্যে নতুন বিতর্কে রো খান্না
অভিবাসন নীতি নিয়ে আলোচনায় রো খান্না
যুক্তরাষ্ট্রে বসবাসরত অনিবন্ধিত অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্না। একই সঙ্গে দেশটিতে অভিবাসীদের অবদান নিয়ে গর্ব প্রকাশ এবং ‘হেরিটেজ আমেরিকান’ ধারণা প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্যে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও জাতীয় পরিচয় নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
গত শুক্রবার (১৩ নভেম্বর) কলোরাডোর ডেনভারে অনুষ্ঠিত ‘হোয়াটস নেক্সট’ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন খান্না। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের পর ডেমোক্র্যাট পার্টির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে আয়োজিত দুই দিনব্যাপী এই সম্মেলনে দলটির নেতা, নির্বাচিত প্রতিনিধি ও রাজনৈতিক কৌশলবিদেরা অংশ নেন।
সম্মেলনে ডেমোক্র্যাটদের বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন খান্না। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে ‘হেরিটেজ আমেরিকান’ ধারণা প্রত্যাখ্যান করতে হবে। একই সঙ্গে স্পষ্টভাবে বলতে হবে, যুক্তরাষ্ট্র অভিবাসীদের নিয়ে গর্বিত।
খান্নার বক্তব্য, যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের অবদানকে স্বীকৃতি দিতে হবে। যেসব অনিবন্ধিত অভিবাসী দেশটির নিয়ম মেনে বসবাস করছেন, তাঁদের নাগরিকত্ব পাওয়ার সুযোগের পক্ষে ডেমোক্র্যাটদের অবস্থান নেওয়া উচিত। এ ছাড়া তিনি দেশটির অভিবাসন প্রয়োগকারী সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বিলুপ্ত করারও আহ্বান জানান।
‘হেরিটেজ আমেরিকান’ শব্দটি সাধারণত এমন মার্কিন নাগরিকদের বোঝাতে ব্যবহৃত হয়, যাঁদের পূর্বপুরুষদের যুক্তরাষ্ট্রের প্রাথমিক বসতি স্থাপন কিংবা দেশটির স্বাধীনতা প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে সম্পর্ক রয়েছে। খান্নার বক্তব্যে এই পরিচয়ভিত্তিক ধারণার পরিবর্তে অভিবাসীদের অবদান ও নাগরিকত্বকে গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে এসেছে।
তবে তাঁর বক্তব্যের সমালোচনাও হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন ভাষ্যকার ও ব্যবহারকারী ‘হেরিটেজ আমেরিকান’ পরিচয়ের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে খান্নার মন্তব্যের বিরোধিতা করেছেন। তাঁদের কেউ কেউ মনে করছেন, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে যুক্ত নাগরিকদের পরিচয়কে এভাবে প্রত্যাখ্যান করা উচিত নয়।
অভিবাসন বিষয়ে খান্নার অবস্থান অবশ্য নতুন নয়। তিনি দীর্ঘদিন ধরে অনিবন্ধিত অভিবাসীদের আইনি অধিকার সুরক্ষা, ড্রিমারদের বৈধ মর্যাদা এবং কর্মক্ষম অভিবাসীদের নাগরিকত্বের পথে সুযোগ তৈরির পক্ষে কথা বলে আসছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার সংস্কারেরও আহ্বান জানিয়েছেন।
এদিকে মধ্যবর্তী নির্বাচনের পর ডেমোক্র্যাটদের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিভিন্ন মত সামনে আসছে। অভিবাসন, জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যসেবা ও পররাষ্ট্রনীতির মতো বিষয়গুলোতে দলটির অবস্থান কী হবে, তা নিয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। খান্নার বক্তব্য সেই আলোচনায় অভিবাসন ও জাতীয় পরিচয়ের প্রশ্নকে আরও সামনে নিয়ে এসেছে।
নিউজ ডেক্স
শেয়ার করুন