কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা মেটাতে সমুদ্রে ভাসমান ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা
সার্ভারের কারিগরি ত্রুটিতে বিশ্বজুড়ে অচল মাইক্রোসফট, ক্ষমা চেয়ে সেবা ফেরাল প্রতিষ্ঠানটি
বিপর্যয় কাটিয়ে সচল মাইক্রোসফটের সেবা
বিশ্বজুড়ে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চলা বড় ধরনের সেবা বিপর্যয়ের পর মাইক্রোসফটের সব সেবা পুনরায় সচল হয়েছে। আউটলুক, মাইক্রোসফট টিমস, কোপাইলটসহ মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যায় পড়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা। শনিবার (১৪ নভেম্বর) প্রতিষ্ঠানটি জানিয়েছে, সমস্যার মূল কারণ সমাধান করে ক্ষতিগ্রস্ত গ্রাহক ও অঞ্চলগুলোতে সেবা ফিরিয়ে দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুরের দিকে প্রথম সমস্যার খবর পাওয়া যায়। বিশেষ করে মাইক্রোসফটের ইমেইল সেবা আউটলুক ব্যবহারকারীরা নিজেদের ইনবক্সে প্রবেশ, ইমেইল পাঠানো এবং গ্রহণ করতে সমস্যায় পড়েন। পরে একই বিপর্যয়ের প্রভাব পড়ে টিমস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, শেয়ারপয়েন্ট, ওয়ানড্রাইভ ও কোপাইলটের মতো অন্যান্য সেবাতেও।
অনলাইন সেবার সমস্যা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানিয়েছে, ৭০টির বেশি দেশ ও অঞ্চল থেকে ব্যবহারকারীরা সমস্যার কথা জানান। বৃহস্পতিবার একপর্যায়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবা নিয়ে ১ লাখ ৩০ হাজারের বেশি অভিযোগ জমা পড়ে। তবে প্রকৃতপক্ষে কতজন ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা নিশ্চিত করতে পারেনি প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের সেবা বিপর্যয়ের কারণে শুধু ব্যক্তিগত ব্যবহারকারীরাই নয়, বিভিন্ন দেশের সরকারি প্রতিষ্ঠান, আদালত, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠানও সমস্যায় পড়ে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের সরকারি কার্যক্রমে যোগাযোগের বিঘ্ন ঘটে। যুক্তরাজ্যে কিছু পুলিশ বিভাগ অনলাইনে অ প রা ধের অভিযোগ গ্রহণে সমস্যার কথা জানায়। হাসপাতাল ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও দেখা দেয় জটিলতা।
মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির সার্ভার অবকাঠামোর কারিগরি সমস্যার কারণে এই বিপর্যয় ঘটে। আগের একটি নেটওয়ার্ক সক্ষমতা উন্নয়ন কার্যক্রমের সময় তৈরি হওয়া সমস্যা সাম্প্রতিক নেটওয়ার্ক পরিবর্তনের পর প্রকাশ পায়। এর ফলে বেশ কিছু সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ে। বিশেষ করে এক্সচেঞ্জ অনলাইন ইমেইল ব্যবস্থায় এর প্রভাব পড়ে।
প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, এই ঘটনা কোনো সাইবার হা ম লা বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থার কারণে ঘটেনি। তবে সার্ভারের ত্রুটি কাটিয়ে সব অঞ্চলে স্বাভাবিক সেবা ফিরিয়ে আনতে প্রকৌশলীদের দীর্ঘ সময় কাজ করতে হয়েছে।
মাইক্রোসফটের পক্ষ থেকে গ্রাহক ও অংশীদারদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, কীভাবে সমস্যাটি তৈরি হলো এবং ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনও প্রকাশের পরিকল্পনা রয়েছে।
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ও প্রতিষ্ঠান প্রতিদিন মাইক্রোসফটের বিভিন্ন সেবার ওপর নির্ভরশীল। ফলে এই ঘটনা আবারও দেখিয়েছে, একটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের অবকাঠামোয় সমস্যা তৈরি হলে তার প্রভাব কত দ্রুত আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়তে পারে।
নিউজ ডেক্স
শেয়ার করুন