কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা মেটাতে সমুদ্রে ভাসমান ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা
প্রেমের ফাঁদে গোপন তথ্য আদায়ের পুরোনো কৌশল এখনো কেন কার্যকর গোয়েন্দা জগতে
প্রেমের ফাঁদে গোপন তথ্য সংগ্রহের কৌশল
প্রেম, আকর্ষণ কিংবা ঘনিষ্ঠ সম্পর্কের আড়ালে গোপন তথ্য সংগ্রহের কৌশল নতুন নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলো এই পদ্ধতি ব্যবহার করে আসছে। ‘হানি ট্র্যাপ’ বা মধুফাঁদ নামে পরিচিত এই কৌশলে কাউকে প্রেমের সম্পর্কে জড়িয়ে, তার ব্যক্তিগত দুর্বলতা কাজে লাগিয়ে কিংবা ব্ল্যাকমেইলের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য আদায়ের চেষ্টা করা হয়। আধুনিক প্রযুক্তির যুগেও গোয়েন্দা জগতে কৌশলটি কার্যকর থাকায় নতুন করে আলোচনায় এসেছে বিষয়টি।
প্রাচীন ইতিহাসেও এ ধরনের কৌশলের উদাহরণ পাওয়া যায়। হিব্রু বাইবেলে বর্ণিত ডেলাইলার গল্পে দেখা যায়, ফিলিস্তিনের শাসকেরা স্যামসনের শক্তির রহস্য জানার জন্য ডেলাইলাকে অর্থের বিনিময়ে কাজে লাগিয়েছিলেন। সেখান থেকেই সম্পর্কের মাধ্যমে কারও দুর্বলতা খুঁজে বের করার একটি পরিচিত ঐতিহাসিক উদাহরণ পাওয়া যায়।
সাম্প্রতিক সময়ে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে ওঠা অভিযোগও বিষয়টিকে আলোচনায় এনেছে। অভিযোগ রয়েছে, অ্যালিস হুয়াং নামের এক সাবেক নির্বাহী চীনের হয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিলেন এবং জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ছিল। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এমন অভিযোগ প্রকাশিত হলেও চীন সরকার তা অস্বীকার করেছে। এনভিডিয়া জানিয়েছে, তাদের তদন্তে কোম্পানির গোপন তথ্য পাচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। শুধু ব্যক্তিগত সম্পর্ক থাকলেই গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হয় না—বিশেষজ্ঞরাও এ বিষয়ে সতর্ক করেছেন।
যুক্তরাষ্ট্রে এর আগেও এমন কৌশল ব্যবহারের অভিযোগ উঠেছে। ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে সাবেক কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েলকে লক্ষ্য করে চীনের পক্ষ থেকে মধুফাঁদ কৌশল প্রয়োগ করা হয়েছিল বলে মার্কিন পাল্টা গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন। পরবর্তী সময়ে তিনি কংগ্রেসের গোয়েন্দা কমিটির সদস্য হন।
বিশেষজ্ঞদের মতে, এ কৌশল শুধু শারীরিক ঘনিষ্ঠতা বা ব্যক্তিগত কথোপকথনের ওপর নির্ভর করে না। লক্ষ্যবস্তুর ব্যক্তিত্ব, একাকিত্ব, আত্মমর্যাদাবোধ, স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত দুর্বলতা সম্পর্কে আগে থেকেই তথ্য সংগ্রহ করা হয়। এরপর ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলে তার ব্যক্তিগত পরিসর, কর্মস্থল কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও স্নায়ুযুদ্ধের সময় বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এ ধরনের কার্যক্রমকে আরও সংগঠিত করে। প্রথম বিশ্বযুদ্ধের সময় আলোচিত গুপ্তচর মাতা হারির নামও এ প্রসঙ্গে উঠে আসে। জার্মানদের হয়ে তথ্য সরবরাহের অভিযোগে ফ্রান্সে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে ইতিহাসবিদদের মতে, তাঁর গুপ্তচরবৃত্তির সাফল্য নিয়ে প্রচলিত গল্পের পক্ষে যথেষ্ট প্রমাণ নেই।
স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত গোয়েন্দারা ব্রিটিশ নৌবাহিনীর কর্মকর্তা জন ভ্যাসালকে ব্যক্তিগত ছবি ব্যবহার করে ব্ল্যাকমেইল করেছিল। অন্যদিকে পূর্ব জার্মানির গোয়েন্দা সংস্থা স্টাসি ‘রোমিও’ নামে বিশেষ অভিযান চালায়। এতে পুরুষ এজেন্টরা পশ্চিম জার্মানির নারী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে গোপন নথি সংগ্রহ করতেন। এমন এক অভিযানে রোল্যান্ড গান্ট নামের এক এজেন্টের মাধ্যমে ১২ বছর ধরে ন্যাটোর গুরুত্বপূর্ণ নীতিগত নথি সংগ্রহ করা হয়েছিল।
বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি যত উন্নতই হোক, মানুষের আবেগ ও ব্যক্তিগত দুর্বলতা পুরোপুরি দূর করা সম্ভব নয়। তাই মধুফাঁদ কৌশল এখনো গোয়েন্দা সংস্থাগুলোর হাতে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এ ধরনের ঝুঁকি মোকাবিলায় কর্মীদের সন্দেহজনক যোগাযোগ বা ভুলের কথা দ্রুত জানানোর সুযোগ তৈরি করা এবং গুরুত্বপূর্ণ তথ্যের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা জরুরি। কারণ পেশাগত দক্ষতা থাকলেই ব্যক্তিগত দুর্বলতা থেকে কেউ পুরোপুরি নিরাপদ হয়ে যান না।
নিউজ ডেক্স
শেয়ার করুন