কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা মেটাতে সমুদ্রে ভাসমান ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা
পরিবার ও বন্ধুদের সঙ্গে প্রতারণার পর উত্তরাধিকারের লোভে বাবা-মাকে হ ত্যা, ক্যালিফোর্নিয়ায় ছেলের যাবজ্জীবন
উত্তরাধিকারের লোভে বাবা-মাকে হ ত্যা, ছেলের যাবজ্জীবন
বন্ধু ও পরিবারের সদস্যদের কাছে ভুয়া বিনিয়োগের প্রস্তাব দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই অর্থ ফেরত দিতে বাবা-মা অন্য আত্মীয়দের টাকা পরিশোধ করায় তাঁদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার আশায় তাঁদের দুজনকেই হ ত্যা করেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এলক গ্রোভ শহরের এই ঘটনায় মার্ক আন্দ্রে টমাস নাভারেতেকে টানা দুই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
৪৬ বছর বয়সী নাভারেতেকে গত ১৩ নভেম্বর শুক্রবার সাজা দেন স্যাক্রামেন্টো কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক মাইকেল বোম্যান। এর আগে গত ১৬ অক্টোবর জুরি বোর্ড তাঁকে প্রথম ডিগ্রির দুটি হ ত্যা র অভিযোগে দোষী সাব্যস্ত করে। একই সঙ্গে আর্থিক লাভের উদ্দেশ্যে একাধিক ব্যক্তিকে হ ত্যা র বিশেষ অভিযোগও প্রমাণিত হয়। আদালতের সাজা অনুযায়ী, তাঁকে প্যারোলের সুযোগ ছাড়াই পরপর দুটি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে।
নিহত ব্যক্তিরা হলেন নাভারেতের বাবা অগাস্তো টাকসুয়ান নাভারেতে, বয়স ৭৩ বছর, এবং মা মার্জরি জেন টমাস নাভারেতে, বয়স ৭০ বছর। ২০২৪ সালের ২৮ জুন এলক গ্রোভের নিজেদের বাড়িতে তাঁদের হ ত্যা করা হয়।
তদন্তে জানা যায়, ঘটনার দিন নাভারেতে নিজের বাড়ি থেকে বাবা-মায়ের এলাকার উদ্দেশে রওনা হন। তাঁদের বাড়ি থেকে কয়েক ব্লক দূরে নিজের গাড়ি রেখে মুখোশ ও হাতমোজা পরেন। এরপর একটি কিক স্কুটারে চড়ে বাবা-মায়ের বাড়িতে যান। সামনের দরজায় থাকা রিং নিরাপত্তা ক্যামেরার নজর এড়াতে বাড়ির পাশের গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন।
অভিযোগ অনুযায়ী, বাড়ির পেছনের দরজায় বাবা-মায়ের সঙ্গে দেখা করে তাঁদের গ্যারেজে নিয়ে যান। সেখানে একটি বস্তু দিয়ে দুজনের মাথায় আঘাত করার পর শ্বাসরোধ করে হ ত্যা করেন। পরে বাবা-মায়ের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যান। কিছু দূরে গাড়িটি রেখে নিজের স্কুটারে করে নিজের গাড়ির কাছে ফিরে যান।
ঘটনার পর নিজের সম্পৃক্ততা আড়াল করতে আরও অদ্ভুত কৌশল নেন তিনি। বাবা-মায়ের মৃ ত্যুর পরও তাঁদের ফোনে বার্তা পাঠিয়ে নিজের বাড়িতে রাতের খাবারের আমন্ত্রণ জানান। পরে তাঁর বোন বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। তখন নিজের সন্তানদের সঙ্গে নিয়ে বাবা-মায়ের বাড়িতে যান নাভারেতে এবং তাঁদের নিথর দেহ আবিষ্কারের ভান করেন।
তদন্তকারীরা তাঁর বাড়ির গ্যারেজে সেই কিক স্কুটারটি খুঁজে পান। পাশাপাশি ডিএনএ পরীক্ষায় তাঁর মায়ের নখের নিচে নাভারেতের ডিএনএর উপস্থিতি পাওয়া যায়। পুলিশের স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ ক্যামেরা এবং বিভিন্ন সড়কের নজরদারি ক্যামেরার ফুটেজও তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার দিন তাঁর চলাচলের গতিপথ শনাক্ত করা সম্ভব হয়।
তদন্তে আরও উঠে আসে, নাভারেতে বন্ধু ও পরিবারের সদস্যদের কাছে ভুয়া বিনিয়োগের প্রস্তাব দিয়ে অর্থ সংগ্রহ করতেন। বিনিয়োগের বিপরীতে অস্বাভাবিক বেশি মুনাফা এবং অর্থ ফেরতের প্রতিশ্রুতি দিতেন তিনি। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ ফেরত দিতে পারছিলেন না।
পরিস্থিতি সামাল দিতে তাঁর বাবা-মা পরিবারের অন্য সদস্যদের কাছে থাকা ছেলের ঋণ পরিশোধ করেছিলেন। এতে নাভারেতে তাঁদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে তদন্তকারীরা জানান। বাবা-মায়ের সম্পত্তির অর্ধেক উত্তরাধিকার হিসেবে পাওয়ার সুযোগ থাকায় আর্থিক লাভের উদ্দেশ্যেই তিনি এই হ ত্যা র পরিকল্পনা করেন বলে প্রসিকিউটরদের অভিযোগ।
শেষ পর্যন্ত প্রযুক্তিগত নজরদারি, ডিএনএ পরীক্ষা এবং অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে তদন্তকারীরা মামলার রহস্য উদ্ঘাটন করেন। আদালতের রায়ে এখন বাবা-মাকে হ ত্যা র দায়ে বাকি জীবন কারাগারেই কাটাতে হবে নাভারেতেকে।
নিউজ ডেক্স
শেয়ার করুন