কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা মেটাতে সমুদ্রে ভাসমান ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা
স্থূলতা কমাতে লিলির নতুন ওষুধের পরীক্ষায় ইতিবাচক ফল, ওজন কমেছে রোগীদের
স্থূলতা কমানোর ওষুধের পরীক্ষায় ইতিবাচক ফল
যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলি লিলির স্থূলতা কমানোর একাধিক ওষুধ ক্লিনিক্যাল ট্রায়ালে ইতিবাচক ফল দেখিয়েছে। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি কিশোর-কিশোরীদের ওপর পরিচালিত পরীক্ষাতেও শরীরের ওজন ও স্থূলতার সূচক কমার তথ্য পাওয়া গেছে। শনিবার (১৪ নভেম্বর) স্থূলতা চিকিৎসাবিষয়ক ‘ওবেসিটি উইক ২০২৬’ সম্মেলনের আগে এসব পরীক্ষার কিছু নতুন তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তবে এখনো সব পরীক্ষার পূর্ণাঙ্গ ফল প্রকাশ করা হয়নি।
প্রকাশিত তথ্যের মধ্যে রয়েছে ‘এলোরাটিজেডপি’ নামের একটি পরীক্ষামূলক ওষুধের দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের ফল। এটি এলোরালিনটাইড ও টিরজেপাটাইডের সমন্বয়ে তৈরি। টাইপ-২ ডায়াবেটিসসহ অতিরিক্ত ওজন বা স্থূলতায় আক্রান্ত প্রাপ্তবয়স্কদের ওপর ৪৮ সপ্তাহ ধরে ওষুধটির কার্যকারিতা পরীক্ষা করা হয়।
লিলির তথ্য অনুযায়ী, পরীক্ষায় অংশ নেওয়া রোগীদের মধ্যে ওষুধটির সর্বোচ্চ মাত্রা গ্রহণকারীদের গড় ওজন কমেছে সর্বোচ্চ ২৩ দশমিক ৩ শতাংশ পর্যন্ত। ৪৮ সপ্তাহ পর অংশগ্রহণকারীদের সর্বোচ্চ ৬০ শতাংশের বডি মাস ইনডেক্স বা বিএমআই আর স্থূলতার পর্যায়ে ছিল না।
শুধু ওজন কমানো নয়, রক্তে শর্করার নিয়ন্ত্রণেও ইতিবাচক ফলের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এলোরাটিজেডপি গ্রহণকারীদের মধ্যে গড় এইচবিএ১সি সর্বোচ্চ ২ দশমিক ৯ শতাংশ পর্যন্ত কমেছে। পাশাপাশি পরীক্ষায় অংশ নেওয়া সর্বোচ্চ ৭৭ শতাংশ রোগীর রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে লিলি।
কিশোর-কিশোরীদের ক্ষেত্রেও নতুন তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ‘সারমাউন্ট-অ্যাডোলেসেন্টস’ নামের তৃতীয় পর্যায়ের পরীক্ষায় ১২ থেকে ১৮ বছর বয়সী স্থূলতায় আক্রান্তদের ওপর লিলির বহুল ব্যবহৃত ওষুধ জেপবাউন্ডের কার্যকারিতা যাচাই করা হয়েছে।
লিলির প্রকাশিত ফল অনুযায়ী, ৭২ সপ্তাহের পরীক্ষায় অংশ নেওয়া কিশোর-কিশোরীদের বিএমআই গড়ে ২১ দশমিক ৪ শতাংশ কমেছে। তাদের মধ্যে অর্ধেকের বেশি অংশগ্রহণকারীর বিএমআই আর স্থূলতার সংজ্ঞার মধ্যে পড়েনি। ওজন কমার পাশাপাশি শারীরিক স্বাচ্ছন্দ্য এবং নিজের শরীর সম্পর্কে ইতিবাচক ধারণার ক্ষেত্রেও উন্নতির কথা জানিয়েছেন অংশগ্রহণকারীরা।
তবে এসব তথ্য এখনো প্রাথমিক পর্যায়ের। পূর্ণাঙ্গ গবেষণার ফল, বিস্তারিত নিরাপত্তা-সংক্রান্ত তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশের অপেক্ষায় রয়েছে চিকিৎসা ও গবেষণা সংশ্লিষ্টরা।
স্থূলতা বিশ্বজুড়ে একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। এ কারণে কার্যকর ওষুধের সন্ধানে বিভিন্ন প্রতিষ্ঠান নতুন চিকিৎসাপদ্ধতি নিয়ে কাজ করছে। লিলির প্রকাশিত পরীক্ষার ফল স্থূলতার চিকিৎসায় নতুন সম্ভাবনার ইঙ্গিত দিলেও ওষুধগুলোর কার্যকারিতা ও ঝুঁকি সম্পর্কে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছাতে বিস্তারিত গবেষণার তথ্য প্রয়োজন।
নিউজ ডেক্স
শেয়ার করুন