এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম
যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার
ছবিঃ এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ ৮৪ হাজার পাউন্ডের বেশি হট ডগ, বেকন, ডেলি মিট, সসেজ এবং অন্যান্য মাংস ও মুরগির মাংসজাত খাবার বাজার থেকে প্রত্যাহার করা হচ্ছে। এসব পণ্য অনিরাপদ তাপমাত্রায় সংরক্ষিত হয়ে থাকতে পারে বলে খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ম্যাসাচুসেটসভিত্তিক প্রতিষ্ঠান কায়েম ফুডস ইনকরপোরেটেড প্রায় ১৫ লাখ ৮৪ হাজার ৩৬১ পাউন্ড প্রস্তুত মাংস ও পোলট্রিজাত পণ্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
প্রত্যাহারের তালিকায় রয়েছে হট ডগ, ককটেল ফ্র্যাঙ্ক, কিলবাসা, ব্রাটওয়ার্স্ট, বেকন, হ্যাম, টার্কি, বোলোনিয়া, কর্নড বিফ, চিকেন সসেজ, মিটবল এবং অন্যান্য প্রস্তুত খাবার। কায়েম, আল ফ্রেস্কো, ম্যাকেঞ্জি, ট্রিপল এম, ডয়েচমাখার, জর্ডানস, এসেমসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য এতে অন্তর্ভুক্ত রয়েছে।
পণ্যগুলো ২০২৬ সালের ৩১ মার্চ থেকে ৭ অক্টোবরের মধ্যে তৈরি করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের খুচরা দোকান ও খাদ্যসেবা প্রতিষ্ঠানে এগুলো পাঠানো হয়েছে। কিছু পণ্য হংকংয়েও পাঠানো হয়েছিল।
সমস্যাটি সামনে আসে ১ অক্টোবর। এক খুচরা ক্রেতা অভিযোগ করেন, সরবরাহের সময় মাংসজাত পণ্যগুলো গরম ছিল। পরে তদন্তে দেখা যায়, পণ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি গুদামের কুলারে তাপমাত্রার অস্বাভাবিক পরিবর্তন ঘটেছিল। এর ফলে খাবারগুলো নিরাপদ তাপমাত্রায় সংরক্ষিত ছিল কি না, তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।
এখন পর্যন্ত এসব পণ্য খাওয়ার কারণে অসুস্থ হওয়ার কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। তবে কিছু পণ্য ক্রেতাদের ফ্রিজে এখনো থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভোক্তাদের প্যাকেটের গায়ে থাকা ইউএসডিএ পরিদর্শন চিহ্নের ভেতরে ‘EST. M/P 7839’, ‘EST. P 20935A’ অথবা ‘EST. M 9520’ নম্বরগুলো পরীক্ষা করতে বলা হয়েছে। প্রত্যাহারের তালিকায় থাকা পণ্য পাওয়া গেলে তা খাওয়া উচিত নয়। সেগুলো ফেলে দিতে হবে অথবা যে দোকান থেকে কেনা হয়েছে সেখানে ফেরত দিতে হবে।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন