ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট
টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য
ছবিঃ এলএবাংলাটাইমস
টেক্সাসের সান অ্যান্টোনিও শহরে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে সামরিক কসরত প্রদর্শন করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এক সদস্য। স্টেডিয়ামের ছাদ থেকে দড়ি বেয়ে নিচে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাটি প্রত্যক্ষ করেন স্টেডিয়ামে উপস্থিত ২৩ হাজারের বেশি দর্শক।
নি হত বিমানসেনার নাম টেকনিক্যাল সার্জেন্ট ইয়ান প্যাটারসন। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে ১৫ বছর ধরে দায়িত্ব পালন করেছেন তিনি। কর্মজীবনে বিশেষ দক্ষতার স্বীকৃতিও পেয়েছিলেন এই সামরিক সদস্য। ২০২২ সালে তিনি বিমানবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার বিভাগের বর্ষসেরা তালিকাভুক্ত প্রশিক্ষক হিসেবে সম্মাননা লাভ করেন।
শনিবার, ১৭ অক্টোবর, সান অ্যান্টোনিওর আলামোডোম স্টেডিয়ামে ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট সান অ্যান্টোনিও (ইউটিএসএ) এবং ইউএস নেভাল একাডেমির মধ্যকার ফুটবল ম্যাচের আগে এই দুর্ঘটনা ঘটে। সশস্ত্র বাহিনী ও সাবেক সামরিক সদস্যদের সম্মানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের অংশ হিসেবে দড়ি বেয়ে স্টেডিয়ামের ছাদ থেকে মাঠে নামার কথা ছিল চারজন সামরিক সদস্যের।
ম্যাচ শুরুর প্রায় ১৫ মিনিট আগে প্রদর্শনীটি শুরু হওয়ার কথা ছিল। প্যাটারসনও সেই দলের সদস্য ছিলেন। প্রায় ১৭০ ফুট উঁচু স্থান থেকে দড়ি বেয়ে নিচে নামার সময় কোনো একপর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর দ্রুত নিচে পড়ে যান তিনি। পুরো ঘটনাটি দর্শকদের চোখের সামনেই ঘটে।
দুর্ঘটনার পরপরই মাঠে থাকা জরুরি চিকিৎসাকর্মীরা তার কাছে ছুটে যান। ঘটনাস্থলেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃ ত্যু হয়। দুর্ঘটনার পর স্টেডিয়ামে উপস্থিত দর্শক, খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়।
প্যাটারসন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ষষ্ঠ কমব্যাট ট্রেনিং স্কোয়াড্রনের দ্বিতীয় ডিটাচমেন্টের সদস্য ছিলেন। এই ইউনিটের বিশেষজ্ঞরা স্থলবাহিনী ও মেরিন সদস্যদের সঙ্গে কাজ করেন এবং প্রয়োজনে আকাশপথ ও কামানের আক্রমণ পরিচালনায় সহায়তা করার প্রশিক্ষণ পান। দ্রুত দড়ি বেয়ে নিচে নামার মতো কৌশলও তাদের প্রশিক্ষণের অংশ।
এদিকে, দুর্ঘটনার পরও প্রায় ১০ মিনিটের বিরতি দিয়ে ফুটবল ম্যাচটি চালিয়ে যাওয়া হয়। তবে মাঠের ভেতরে ও বাইরে উপস্থিত অনেকের মধ্যেই ঘটনাটি গভীর প্রভাব ফেলে। ইউটিএসএ কর্তৃপক্ষ শোক প্রকাশের পাশাপাশি শিক্ষার্থী ও কর্মীদের জন্য মানসিক সহায়তার ব্যবস্থাও করে।
কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা জানতে সামরিক কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। প্যাটারসনের মৃ ত্যুতে তার সহকর্মী, পরিবার ও সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে শোক নেমে এসেছে।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন