নারীদের হৃদ্রোগ প্রতিরোধে নতুন গাইডলাইন, জীবনের প্রতিটি পর্যায়ে স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ
এফএর নজিরবিহীন বিপর্যয়ের কারণ এখনো অজানা, বিমানবন্দরে ভোগান্তি অব্যাহত
বিপর্যয়ের পরও বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি
যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে নজিরবিহীন বিপর্যয়ের পরও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারছে না বিমানবন্দরগুলো। শুক্রবারের কয়েক ঘণ্টার গ্রাউন্ড স্টপের পর শনিবারও হাজার হাজার যাত্রী ফ্লাইট বিলম্ব ও বাতিলের কারণে ভোগান্তিতে পড়েছেন। এদিকে ঠিক কী কারণে দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা অচল হয়ে পড়েছিল, তা শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএ)।
পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, শুক্রবার একটি দূরবর্তী এফএ স্থাপনায় নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেখানে ১৯৮০-এর দশকের পুরোনো তামার তারের টেলিযোগাযোগ লাইন পরিবর্তন করে ফাইবার অপটিক সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু নতুন যন্ত্রপাতি চালুর পর বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার অন্য রাউটারগুলোতে অস্বাভাবিক পরিমাণে সংযোগের অনুরোধ পাঠাতে শুরু করে।
ডাফির ভাষ্য অনুযায়ী, প্রতি চার থেকে পাঁচ সেকেন্ডে এক হাজারের বেশি সংযোগের চেষ্টা হচ্ছিল। এতে নেটওয়ার্কে চাপ তৈরি হয় এবং রাডার ও যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিরাপদ রাখতে শুক্রবার দুপুরের পর যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এফএ। চার ঘণ্টারও বেশি সময় পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
তবে এই বিপর্যয়ের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রি হ্যারিস দায়ী, নাকি নতুন স্থাপন করা যন্ত্রপাতিতে ত্রুটি ছিল—তা এখনো নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা। ডাফি জানিয়েছেন, তদন্তকারীরা দুটি সম্ভাবনাই খতিয়ে দেখছেন। ঠিকাদারের কাজের ভুল ছিল, নাকি যন্ত্রপাতিই ত্রুটিপূর্ণ ছিল, সেটি নির্ধারণ করা এখন তাদের প্রধান লক্ষ্য।
শনিবার সকাল নাগাদ যুক্তরাষ্ট্রের আকাশে হাজার হাজার উড়োজাহাজ চলাচল শুরু করলেও বিমান সংস্থাগুলো জানিয়েছে, স্বাভাবিক সূচিতে ফিরতে কয়েক দিন সময় লাগতে পারে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রের ভেতরে, দেশটিতে আসা ও দেশ থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট মিলিয়ে ৭ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়। বাতিল হয় ৯ হাজারের বেশি ফ্লাইট।
এ বিপর্যয়ের কারণে যাত্রীদের পাশাপাশি বিমান সংস্থাগুলোকেও বড় ধরনের সমস্যায় পড়তে হয়েছে। উড়োজাহাজ ও ক্রু বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়ায় পরবর্তী ফ্লাইট পরিচালনার সূচিতেও প্রভাব পড়েছে। অনেক যাত্রীকে বিকল্প ফ্লাইট নিতে বলা হয়েছে। সম্ভব হলে ভ্রমণের তারিখ পিছিয়ে দেওয়ার পরামর্শও দিয়েছে কয়েকটি বিমান সংস্থা।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার দুর্বলতা আবার সামনে এনেছে। দেশটির অনেক বিমান নিয়ন্ত্রণকেন্দ্রে এখনো কয়েক দশক আগের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি যুক্ত করার উদ্যোগ চললেও পুরোনো ও নতুন ব্যবস্থার মধ্যে সমন্বয়ের ঘাটতি বড় ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য জর্জ হোয়াইটসাইডস অভিযোগ করেছেন, বিপর্যয়ের সময় হোয়াইট হাউস ও পরিবহন বিভাগের কর্মকর্তারা পরিস্থিতি সম্পর্কে সময়মতো স্পষ্ট তথ্য দিতে পারেননি। শুক্রবার নিজেও সাত ঘণ্টা বিমানবন্দরে আটকে থাকার অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে এ বিপর্যয় নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে ডাফি বলেছেন, ট্রাম্প পর্দার আড়ালে পরিস্থিতির বিষয়ে সম্পৃক্ত ছিলেন। তিনি বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিক করতে কংগ্রেসের কাছে অতিরিক্ত ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের আহ্বান জানিয়েছেন। এর আগে ২০২৫ সালের একটি বড় ব্যয় ও করসংক্রান্ত আইনের মাধ্যমে এ খাতে ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছিল।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রা সী হা ম লার পর যুক্তরাষ্ট্রে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশজুড়ে সব উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখতে হয়েছে। এর আগে ২০২৩ সালে পাইলটদের জন্য গুরুত্বপূর্ণ একটি নোটিশ ব্যবস্থায় ত্রুটির কারণে প্রায় ৯০ মিনিটের জন্য একই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
সর্বশেষ বিপর্যয়ের প্রকৃত কারণ শনাক্ত না হওয়া পর্যন্ত যাত্রীদের ভোগান্তি পুরোপুরি কাটবে না বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে পুরোনো অবকাঠামোর ওপর নির্ভরশীল যুক্তরাষ্ট্রের বিমান চলাচলব্যবস্থা কতটা নিরাপদ ও নির্ভরযোগ্য, তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
নিউজ ডেক্স
শেয়ার করুন