চীনে একই টেবিলে ট্রাম্প, পুতিন ও শি, তিন নেতার তিন ভিন্ন লক্ষ্য নিয়ে বাড়ছে কূটনৈতিক আগ্রহ
যুক্তরাষ্ট্রজুড়ে হঠাৎ সব ফ্লাইট বন্ধের নেপথ্যে কী, পুরোনো প্রযুক্তির ত্রুটিতে বিপাকে যাত্রীরা
যুক্তরাষ্ট্রজুড়ে হঠাৎ বিমান চলাচল বন্ধের ঘটনায় বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) শুক্রবার কয়েক ঘণ্টার জন্য প্রায় সব অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রাখার নির্দেশ দেয়। আকাশপথে এমন নজিরবিহীন পরিস্থিতির পেছনে ছিল দেশটির পুরোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার প্রযুক্তিগত ত্রুটি।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, দেশটির বিমান নিয়ন্ত্রণব্যবস্থায় ব্যবহৃত পুরোনো সুইচ ও রাউটার অতিরিক্ত তথ্যের চাপ সামলাতে না পারায় সমস্যা তৈরি হয়। এর ফলে বিভিন্ন বিমান নিয়ন্ত্রণকেন্দ্রে রাডার ও যোগাযোগের তথ্যে অসংগতি দেখা দেয়। বিমান এবং নিয়ন্ত্রণকেন্দ্রের মধ্যে নির্ভরযোগ্য যোগাযোগ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছিল।
ডাফির ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিমান নিয়ন্ত্রণব্যবস্থার একটি বড় অংশ এখনো কয়েক দশক পুরোনো প্রযুক্তির ওপর নির্ভরশীল। এমনকি কোথাও কোথাও আশির দশকের তামার তারনির্ভর যোগাযোগব্যবস্থাও ব্যবহার করা হচ্ছে। নতুন প্রযুক্তি যুক্ত করার প্রক্রিয়ায় পুরোনো অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েইন মুলিন জানান, পুরোনো ব্যবস্থায় নতুন প্রযুক্তি ও নিরাপত্তাসংক্রান্ত আপডেট যুক্ত করার সময় রাউটারগুলো অতিরিক্ত চাপের মুখে পড়ে। নতুন প্রযুক্তির সঙ্গে পুরোনো ব্যবস্থার সমন্বয় ঠিকভাবে না হওয়ায় যোগাযোগব্যবস্থায় সমস্যা দেখা দেয়।
শুক্রবার দুপুরের পর পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে এফএএ দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। নিরাপত্তার স্বার্থে এই নির্দেশ দেওয়া হয়েছিল। কারণ, আকাশে থাকা বিমানগুলোর অবস্থান এবং পাইলটদের সঙ্গে নিয়ন্ত্রণকেন্দ্রের তাৎক্ষণিক যোগাযোগ নিশ্চিত করতে না পারলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।
তবে সে সময় আকাশে থাকা বিমানগুলোকে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর সুযোগ দেওয়া হয়। নতুন করে উড্ডয়নের অপেক্ষায় থাকা অভ্যন্তরীণ ফ্লাইটগুলোকে মাটিতে আটকে রাখা হয়। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে আলাদা সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রায় পাঁচ ঘণ্টা পর শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এর আগে সংশ্লিষ্ট প্রযুক্তিগত সমস্যার সমাধান এবং ব্যবস্থাগুলো পরীক্ষা করে দেখার কথা জানায় এফএএ।
এই ঘটনার প্রভাব পড়ে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার ১০ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয় এবং কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়। অনেক যাত্রী বিমানবন্দরে আটকে পড়েন। বিভিন্ন বিমান সংস্থাকে ফ্লাইট পুনর্বিন্যাস এবং যাত্রীদের বিকল্প যাত্রার ব্যবস্থা করতে হয়। বিমান ও ক্রুদের নির্ধারিত জায়গায় ফিরিয়ে আনতেও সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হয়।
এদিকে, এই ঘটনার সঙ্গে সাইবার আ ক্র ম ণ কিংবা বিদেশি কোনো পক্ষের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন মার্কওয়েইন মুলিন। সাম্প্রতিক মাইক্রোসফট বিভ্রাটের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই ঘটনা যুক্তরাষ্ট্রের বিমান নিয়ন্ত্রণব্যবস্থার আধুনিকায়নের প্রয়োজনীয়তা আবারও সামনে এনেছে। ডাফি জানিয়েছেন, পুরোনো অবকাঠামো পরিবর্তনে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পুরো ব্যবস্থাকে আধুনিক করতে আরও বড় বিনিয়োগ প্রয়োজন।
প্রযুক্তিগত সমস্যা কাটিয়ে ফ্লাইট চলাচল শুরু হলেও বাতিল হওয়া উড়োজাহাজের সময়সূচি, কর্মী ও বিমান পুনর্বিন্যাসের কারণে পরবর্তী কয়েক দিনও যাত্রীদের ভোগান্তি চলতে পারে।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন