ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার
ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার
ছবিঃ এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রিভারসাইড কাউন্টিতে করোনা হাইস্কুলে হামলার পরিকল্পনার অভিযোগে ১৫ বছর বয়সী দুই কিশোরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, তাঁরা কয়েক মাস ধরে স্কুলে হামলার ঘটনা নিয়ে গবেষণা করছিল এবং কীভাবে ওই স্কুলে হামলা চালানো যায়, তা নিয়ে আলোচনা করেছিল। তবে তল্লাশি চালিয়ে কোনো অ স্ত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
করোনা পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া কিছু বার্তার বিষয়ে স্থানীয় পুলিশকে সতর্ক করে। এসব বার্তায় করোনা হাইস্কুলকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার হুমকির ইঙ্গিত ছিল। এরপর স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে তদন্ত শুরু করে।
প্রাথমিক তদন্তের পর করোনা হাইস্কুলে পড়ুয়া ১৫ বছর বয়সী এক কিশোরীকে গ্রেপ্তার করা হয়। পরে তদন্তকারীরা রিভারসাইড কাউন্টির বিভিন্ন বাড়িতে তল্লাশি চালান এবং ইলেকট্রনিক ডিভাইস ও যোগাযোগের তথ্য পরীক্ষা করেন। এসব তথ্যের ভিত্তিতে নরকো হাইস্কুলের আরেক ১৫ বছর বয়সী শিক্ষার্থীর সম্পৃক্ততার অভিযোগ সামনে আসে। তাকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, দুই কিশোরী কয়েক মাস ধরে স্কুলে হামলার বিভিন্ন ঘটনা নিয়ে তথ্য সংগ্রহ করেছিল। করোনা হাইস্কুলে ভবিষ্যতের কোনো এক সময়ে কীভাবে হামলা চালানো যেতে পারে, তা নিয়েও তারা আলোচনা করেছিল বলে তদন্তকারীদের দাবি। তবে সম্ভাব্য হামলার নির্দিষ্ট কোনো তারিখের কথা জানা যায়নি।
তদন্তে আরও উঠে এসেছে, হামলার জন্য কীভাবে অ স্ত্র সংগ্রহ করা যায়, তা নিয়েও দুই কিশোরীর মধ্যে কথাবার্তা হয়েছিল। কিন্তু তারা অ স্ত্র সংগ্রহ করতে পারেনি বলে জানিয়েছে পুলিশ। একাধিক বাড়িতে তল্লাশি চালিয়েও কোনো অ স্ত্র উদ্ধার করা হয়নি।
দুই কিশোরীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে আটক রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে রিভারসাইড কাউন্টির জেলা অ্যাটর্নির কার্যালয় পর্যালোচনা করছে। তদন্ত এখনো চলছে। অভিযুক্তদের পরিচয় প্রকাশ করা হয়নি, কারণ তারা অপ্রাপ্তবয়স্ক।
ঘটনাটি সামনে আসার পর স্কুলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের কারণে সম্ভাব্য হামলার আগেই বিষয়টি শনাক্ত করা গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো।
তদন্তে এফবিআই, রিভারসাইড কাউন্টি শেরিফের কার্যালয় এবং করোনা-নরকো ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্ট সহযোগিতা করছে। পুলিশ অভিভাবক ও শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা সন্দেহজনক বার্তা বা স্কুলে সহিংসতার সম্ভাব্য হুমকির বিষয়ে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে।
কেন দুই কিশোরী এমন পরিকল্পনা করেছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তদন্তের পরবর্তী ধাপে তাদের যোগাযোগের তথ্য, পরিকল্পনার ধরন এবং সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন