মিসিসিপি নদীতে প্রমোদতরীকে ধাক্কা দিল তেলবাহী জাহাজ, নিউ অরলিন্সে উদ্ধার অভিযান
যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের প্রবেশাধিকার বন্ধে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি
যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয় আবেদন করার সুযোগ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তের বৈধতা পর্যালোচনা করতে সম্মত হয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার (১৩ নভেম্বর) আদালত জানায়, ট্রাম্প প্রশাসনের অভিবাসননীতির গুরুত্বপূর্ণ এই অংশ নিয়ে নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ করে করা আপিলের শুনানি হবে।
২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই দক্ষিণ সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ ও আশ্রয় আবেদনের সুযোগ সীমিত করতে নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। ওই আদেশে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পরিস্থিতিকে ‘আগ্রাসন’ হিসেবে বর্ণনা করে নির্দিষ্ট শ্রেণির অভিবাসীদের আশ্রয় আবেদনসহ বিভিন্ন আইনি সুরক্ষা পাওয়ার সুযোগ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
এই নীতির আওতায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় আটক হওয়া অভিবাসীদের আশ্রয় আবেদন করার সুযোগ দেওয়া হবে না। এমনকি নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে না পারা ব্যক্তিরাও সরকারি সীমান্ত পারাপার কেন্দ্র দিয়ে প্রবেশের চেষ্টা করলেও আশ্রয় আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।
ট্রাম্প প্রশাসনের দাবি, এই নীতি সীমান্তে অবৈধভাবে প্রবেশের প্রবণতা কমাতে কার্যকর ভূমিকা রেখেছে। দীর্ঘদিন ধরে আশ্রয় আবেদনের প্রক্রিয়া চলায় অনেক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশের পর সিদ্ধান্তের অপেক্ষায় দেশটিতে অবস্থান করার সুযোগ পেতেন। প্রশাসনের যুক্তি, এই সুযোগ অভিবাসীদের অবৈধভাবে সীমান্ত অতিক্রমে উৎসাহিত করত।
তবে অভিবাসী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো এই নীতির বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রচলিত অভিবাসন আইন অনুযায়ী, নিজ দেশে নিপীড়ন বা নির্যাতনের আশঙ্কা থাকলে যুক্তরাষ্ট্রে পৌঁছানো ব্যক্তিদের আশ্রয় আবেদন করার অধিকার রয়েছে। প্রেসিডেন্ট একক সিদ্ধান্তে সেই অধিকার বাতিল করতে পারেন না।
২০২৫ সালের জুলাইয়ে ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দেন। পরে চলতি বছরের এপ্রিলে আপিল আদালতও নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রাখেন। তবে প্রশাসনকে সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ দিতে ওই রায় কার্যকর হওয়া সাময়িকভাবে আটকে রাখা হয়েছিল।
এবার সুপ্রিম কোর্টের শুনানিতে মূলত ট্রাম্পের নির্বাহী আদেশের বৈধতা এবং ক্ষতিগ্রস্ত অভিবাসীদের পক্ষে আদালত দেশজুড়ে কার্যকর কোনো প্রতিকার দিতে পারে কি না, তা বিবেচনা করা হবে। আগামী কয়েক মাসের মধ্যে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। জুনের শেষ নাগাদ রায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই মামলার রায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে আশ্রয়প্রার্থীদের ভবিষ্যৎ এবং প্রেসিডেন্টের অভিবাসনসংক্রান্ত নির্বাহী ক্ষমতার সীমা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নিউজ ডেক্স
শেয়ার করুন