ব্রুকলিনে ভয়াবহ ভবনধসে দুই শিশুসহ নি হত আটজন, প্রকাশ্যে সবার পরিচয়
ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়ে হাঁটার ক্ষমতা হারালেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার নারী
হাসপাতালে চিকিৎসাধীন মান্ডি বাড
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর শারীরিক জটিলতার মুখে পড়েছেন মান্ডি বাড নামের এক নারী। ভাইরাসের সংক্রমণ থেকে বিরল স্নায়ুরোগ গিয়াঁ-বারে সিনড্রোমে আক্রান্ত হওয়ার পর তিনি হাঁটার ক্ষমতা হারিয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পাশাপাশি ধীরে ধীরে সুস্থ হওয়ার চেষ্টা করছেন তিনি।
মান্ডির শারীরিক অবস্থার অবনতি শুরু হয় গত সেপ্টেম্বর মাসে। প্রথমে শরীরে অস্বাভাবিক কিছু উপসর্গ দেখা দিলে তিনি ভেবেছিলেন, এটি হয়তো সায়াটিকার সমস্যা। কিন্তু পরে তাঁর ১০৩ ডিগ্রি ফারেনহাইট জ্বর আসে, যা সহজে কমছিল না। ধীরে ধীরে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। একপর্যায়ে পায়ের অনুভূতি হারিয়ে বাড়িতেই পড়ে যান তিনি।
বন্ধুদের পরামর্শে জরুরি চিকিৎসা নিতে গেলে একাধিক পরীক্ষার পর তাঁর শরীরে ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। চিকিৎসকেরা জানান, ভাইরাসটি তাঁর শরীরে গিয়াঁ-বারে সিনড্রোম তৈরি করেছে। এটি একটি বিরল স্নায়বিক রোগ, যেখানে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা ভুল করে স্নায়ুর ওপর আক্রমণ চালায়। এর ফলে শরীরে দুর্বলতা, অসাড়তা এমনকি পক্ষাঘাতও দেখা দিতে পারে।
মান্ডিকে বারব্যাংকের প্রভিডেন্স সেন্ট জোসেফ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। হাসপাতালে ছয় সপ্তাহ কাটানোর পর সম্প্রতি তাঁর শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি হয়েছে। প্রথমবারের মতো হাসপাতালের বিছানায় উঠে বসতে পেরেছেন তিনি। তবে হাঁটার ক্ষমতা ফিরে পেতে এবং স্বাভাবিক জীবনে ফিরতে তাঁকে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে।
অসুস্থ হওয়ার আগে মান্ডি এক দশকেরও বেশি সময় ধরে ফেস ফরোয়ার্ড ইন্টারন্যাশনাল নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন। প্রতিষ্ঠানটি মানব পাচার, পারিবারিক সহিংসতা এবং অন্যান্য অপরাধের কারণে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিনা মূল্যে অস্ত্রোপচারের সহায়তা দিয়ে আসছে। তাঁর সহায়তা পাওয়া অনেকেই এখন তাঁর পাশে দাঁড়িয়েছেন।
মান্ডির বন্ধু ও স্বজনেরা চিকিৎসার খরচ জোগাতে সহায়তার উদ্যোগ নিয়েছেন। তাঁর স্বামী ডেরেক নুফার জানিয়েছেন, বিমার ধরন ও চিকিৎসার প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এদিকে মান্ডির পরবর্তী লক্ষ্য হলো তাঁর বিরল স্নায়ুরোগের চিকিৎসায় অভিজ্ঞ স্নায়ুরোগ বিশেষজ্ঞ ও ফিজিক্যাল থেরাপিস্ট খুঁজে পাওয়া।
ওয়েস্ট নাইল ভাইরাস সাধারণত সংক্রমিত মশার কামড়ে মানুষের শরীরে ছড়ায়। অনেকের ক্ষেত্রে কোনো উপসর্গ দেখা যায় না, আবার কারও জ্বর, মাথাব্যথা ও শরীর ব্যথার মতো সমস্যা হতে পারে। তবে কিছু ক্ষেত্রে সংক্রমণ গুরুতর স্নায়বিক জটিলতা তৈরি করতে পারে।
লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তা মন্তু ডেভিস জানিয়েছেন, চলতি বছর গুরুতর অসুস্থতা ও মৃ ত্যুর ঘটনা উদ্বেগজনক। ওয়েস্ট নাইল ভাইরাস ছড়ানোর মৌসুম এখনো শেষ হয়নি। তাই মশা থেকে সুরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মশা প্রতিরোধক ব্যবহার, জমে থাকা পানি সরিয়ে ফেলা এবং জানালা-দরজায় মশা প্রবেশ ঠেকানোর জাল ঠিক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা।
মান্ডি জানিয়েছেন, নিজের অভিজ্ঞতা প্রকাশের মাধ্যমে তিনি অন্যদের মধ্যে ভাইরাসটি সম্পর্কে সচেতনতা বাড়াতে চান। তাঁর ঘটনা আবারও মনে করিয়ে দিচ্ছে, মশাবাহিত এই ভাইরাস কিছু ক্ষেত্রে গুরুতর শারীরিক জটিলতা তৈরি করতে পারে।
নিউজ ডেক্স
শেয়ার করুন