ক্যালিফোর্নিয়ার মহাসড়কে দুর্ঘটনায় মা-বাবা দুজনকেই হারাল ছোট্ট শিশু
ক্যালিফোর্নিয়ার মহাসড়কে দুর্ঘটনায় মা-বাবা দুজনকেই হারাল ছোট্ট শিশু
দুর্ঘটনায় নিহত গ্রেগ ও ভেনেসা টোবিয়াস
ক্যালিফোর্নিয়ায় হ্যালোইনের রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৯ বছর বয়সী এক দম্পতি। তাঁদের একমাত্র ছোট ছেলে অস্টিন এখন মা-বাবা দুজনকেই হারিয়েছে। ৩১ অক্টোবর ভোরে ভ্যাকাভিল শহরের কাছে ইন্টারস্টেট-৮০ মহাসড়কে একাধিক গাড়ির সংঘর্ষে প্রথমে প্রাণ হারান বাবা গ্রেগরি ‘গ্রেগ’ টোবিয়াস। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল মা ভেনেসা টোবিয়াসকে। ছয় দিন পর তাঁরও মৃত্যু হয়।
৩১ অক্টোবর রাত ২টা ৩৫ মিনিটের দিকে পূর্বমুখী আই-৮০ মহাসড়কে লেগুন ভ্যালি রোডের পশ্চিমে দুর্ঘটনাটি ঘটে। গ্রেগ ও ভেনেসা একটি নীল রঙের হুন্দাই টুকসন গাড়িতে ছিলেন। কোনো কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মহাসড়কের কয়েকটি লেনজুড়ে থেমে যায়। এরপর পেছন থেকে একটি বিএমডব্লিউ, একটি বুইক এসইউভি ও একটি কিয়া সেডান গাড়ি সেটিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনাস্থলেই গ্রেগকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত ভেনেসাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর ৬ নভেম্বর তাঁকে ব্রেন ডেড ঘোষণা করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ নভেম্বর অঙ্গদানের প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁর হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ করা হয়।
ভেনেসার মা হিদার এস্তেবেজ পরিবারের পক্ষ থেকে একটি তহবিল সংগ্রহের পেজে মেয়ের মৃত্যুর খবর জানান। সেখানে তিনি মেয়ের অঙ্গদানের সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, ভেনেসার হৃদযন্ত্র, অগ্ন্যাশয়, কিডনি ও যকৃত অন্য রোগীদের জীবন বাঁচাতে দান করা হয়েছে। তাঁর মা লিখেছেন, মেয়ের হৃদয় এখন অন্য একজনের শরীরে স্পন্দিত হবে।
দম্পতির একমাত্র সন্তান অস্টিন দুর্ঘটনার সময় গাড়িতে ছিল না। ফলে শারীরিকভাবে অক্ষত থাকলেও এত অল্প বয়সেই তাকে মা-বাবা দুজনকে হারানোর কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। পরিবারের সদস্যরা এখন শিশুটির ভবিষ্যৎ দেখভালের পাশাপাশি চিকিৎসা ও শেষকৃত্যের খরচ মেটাতে অর্থ সংগ্রহ করছেন।
দুর্ঘটনায় কিয়া গাড়ির ৬০ বছর বয়সী চালক গুরুতর আহত হন। অন্য দুটি গাড়ির চালকেরা আহত হননি। হাইওয়ে প্যাট্রোল জানিয়েছে, গ্রেগ ও ভেনেসা দুজনই সিটবেল্ট পরেছিলেন। দুর্ঘটনার পেছনে মাদক বা অ্যালকোহলের সংশ্লিষ্টতা সন্দেহ করা হচ্ছে না। তবে তাঁদের গাড়িটি কেন উল্টে গিয়েছিল, তা এখনো তদন্তাধীন। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবরও পাওয়া যায়নি।
পরিবারের সদস্যদের কাছে গ্রেগ ছিলেন একজন ভালো স্বামী, বাবা, ছেলে, ভাই ও বন্ধু। আর ভেনেসার অঙ্গদানের সিদ্ধান্ত শোকের মধ্যেও অন্য কয়েকটি পরিবারের জন্য নতুন আশার সুযোগ তৈরি করেছে। এক দুর্ঘটনায় পুরো পরিবার হারানোর এই ঘটনা স্থানীয় কমিউনিটিতে গভীর শোকের ছায়া ফেলেছে।
নিউজ ডেক্স
শেয়ার করুন