বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চলবে, বাদ একটি অভিযোগ
কৃষ্ণাঙ্গ শিক্ষকদের গালিগালাজ করছে শিক্ষার্থীরা, বর্ণবাদ ঠেকাতে নতুন উদ্যোগ লস এঞ্জেলেসের স্কুলে
লস এঞ্জেলেসের শিক্ষা বোর্ড ভবন
লস এঞ্জেলেসের সরকারি স্কুলগুলোতে কৃষ্ণাঙ্গ শিক্ষকদের উদ্দেশে বর্ণবাদী গালি ব্যবহারের অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে। শ্রেণিকক্ষে, শিক্ষকদের ডেস্কে এমনকি অনলাইন বার্তায়ও বর্ণবাদী ভাষা ব্যবহারের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিক্ষকরা। অভিযোগ রয়েছে, এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে অনেক শিক্ষক প্রশাসনের কাছ থেকে যথাযথ সহায়তা পাননি। বরং কেউ কেউ অভিযোগ জানানোর কারণে পেশাগতভাবে হয়রানির শিকার হয়েছেন বলেও দাবি করেছেন।
এ পরিস্থিতিতে বর্ণবাদী বিদ্বেষ ও ঘৃণামূলক বক্তব্যের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিয়েছে লস এঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্ট (এলএইউএসডি)। মঙ্গলবার, ১০ নভেম্বর শিক্ষা বোর্ডের সদস্যরা সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব অনুমোদন করেছেন। এর আওতায় শিক্ষার্থীদের কাউন্সেলিং, স্কুলকর্মীদের প্রশিক্ষণ এবং এ ধরনের ঘটনার অভিযোগ গ্রহণ ও নথিভুক্ত করার প্রক্রিয়া আরও শক্তিশালী করা হবে। আগামী মার্চে এ উদ্যোগের অগ্রগতি সম্পর্কে শিক্ষা বোর্ডকে প্রতিবেদন দিতে হবে।
শিক্ষকদের অভিযোগের কয়েকটি ঘটনা পরিস্থিতির গুরুত্ব তুলে ধরেছে। এক শিক্ষক জানিয়েছেন, টানা পাঁচ বছর ধরে তাঁর শ্রেণিকক্ষের দেয়ালে বর্ণবাদী গালি লেখা হচ্ছে। আরেক শিক্ষকের ইমেইলে তাঁকে কৃষ্ণাঙ্গ পরিচয়ের কারণে ঘৃণা করে অপমানজনক বার্তা পাঠানো হয়েছে। অন্য একটি ঘটনায় এক শিক্ষার্থী শিক্ষককে উদ্দেশ করে বারবার বর্ণবাদী গালি দেয়। ওই শিক্ষক দুই দিনের জন্য শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত করলেও পরে স্কুলের প্রধান তাকে কোনো শাস্তি ছাড়াই আবার শ্রেণিকক্ষে ফিরিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে।
শিক্ষার্থীরাও একই ধরনের আচরণের শিকার হচ্ছে। সান ফার্নান্দো মিডল স্কুলের ইতিহাসের শিক্ষক শেলি কাস্তিলো শিক্ষা বোর্ডের সভায় বলেন, কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীরা তাঁকে জানিয়েছে, তাদের বর্ণবাদী গালি, বানরের সঙ্গে তুলনা এবং অন্যান্য অবমাননাকর নামে ডাকা হয়েছে। অনেক শিক্ষার্থী এসব ঘটনা জানায় না। কারণ, তারা মনে করে তাদের অভিযোগ বিশ্বাস করা হবে না। বরং অভিযোগ করার কারণে তারা আরও বিচ্ছিন্ন বা হয়রানির শিকার হতে পারে।
জুলাই মাসে আয়োজিত এক অনলাইন সভায়ও কৃষ্ণাঙ্গ শিক্ষকরা তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন। কেউ জানিয়েছেন, শিক্ষার্থীরা সরাসরি শ্রেণিকক্ষে এসে বর্ণবাদী গালি দিয়েছে। কারও ডেস্কে বা দেয়ালে এমন শব্দ লেখা হয়েছে। অভিযোগ জানানোর পর প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা না নেওয়ার ঘটনাও উঠে এসেছে।
সান ফার্নান্দো হাইস্কুলের শিক্ষক ব্রুস জেরার্ড ব্রাউন জুনিয়র শিক্ষা বোর্ডের সভায় বলেন, এ ধরনের শব্দকে শুধু খারাপ ভাষা হিসেবে দেখার সুযোগ নেই। এটি একটি বর্ণবাদী গালি। শিক্ষাপ্রতিষ্ঠানে এর কোনো গ্রহণযোগ্যতা থাকতে পারে না।
নতুন প্রস্তাবের আওতায় শিক্ষার্থীদের বোঝানো হবে, এ ধরনের ভাষা অন্যদের জন্য কতটা অপমানজনক ও ক্ষতিকর। পাশাপাশি শিক্ষক ও স্কুলকর্মীদের শেখানো হবে, এমন ঘটনা ঘটলে কীভাবে ব্যবস্থা নিতে হবে এবং কীভাবে তা যথাযথভাবে নথিভুক্ত করতে হবে। পরিবারগুলোকেও এ বিষয়ে সচেতন করতে কর্মশালার প্রস্তাব এসেছে।
তবে নতুন উদ্যোগ নিয়ে কিছু শিক্ষক ও অধিকারকর্মীর মধ্যে উদ্বেগ রয়েছে। তাঁদের মতে, প্রস্তাবটি শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছে, কিন্তু কৃষ্ণাঙ্গ শিক্ষকদের প্রতি হয়রানি ও অভিযোগ জানানোর পর সম্ভাব্য প্রতিশোধমূলক আচরণের বিষয়টি তুলনামূলক কম গুরুত্ব পেয়েছে।
শিক্ষার্থীদের শাস্তির ক্ষেত্রেও এলএইউএসডির প্রচলিত ‘রিস্টোরেটিভ জাস্টিস’ বা সংশোধনমূলক বিচারব্যবস্থা অনুসরণের কথা বলা হয়েছে। এ ব্যবস্থায় শিক্ষার্থীদের আচরণের ক্ষতিকর দিক বোঝানো এবং ভুল সংশোধনে উৎসাহিত করা হয়। তবে এর অর্থ সব ক্ষেত্রে সরাসরি শাস্তি দেওয়া নয়।
এলএইউএসডি বোর্ডের একমাত্র কৃষ্ণাঙ্গ সদস্য শারলেট হেন্ডি নিউবিল বলেছেন, কোনো ঘটনা ঘটলে তার প্রতিক্রিয়া থাকতে হবে। নীতি অনুসরণ না করা হলে জবাবদিহি নিশ্চিত করতে হবে। সমস্যার কথা শনাক্ত করার পর কার্যকর পদক্ষেপও নিতে হবে।
এলএইউএসডির মোট শিক্ষার্থীর প্রায় ৭ শতাংশ কৃষ্ণাঙ্গ। নতুন প্রস্তাবের মাধ্যমে স্কুলগুলোতে বর্ণবাদী আচরণ প্রতিরোধ এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাস্তবে এ পরিকল্পনা কতটা কার্যকর হয়, তা বোঝা যাবে আগামী মার্চে শিক্ষা বোর্ডে জমা দেওয়া অগ্রগতি প্রতিবেদনে।
নিউজ ডেক্স
শেয়ার করুন