কৃষ্ণাঙ্গ শিক্ষকদের গালিগালাজ করছে শিক্ষার্থীরা, বর্ণবাদ ঠেকাতে নতুন উদ্যোগ লস এঞ্জেলেসের স্কুলে
৮০ মিলিয়ন ডলারের পারিবারিক ট্রাস্টের গল্প সাজিয়ে ব্যাংকের কোটি ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতারণার অভিযোগে এফবিআইয়ের খোঁজে মেরি ক্যারোল ম্যাকডোনেল
যুক্তরাষ্ট্রের বিখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকডোনেল ডগলাসের পরিবারের উত্তরাধিকারী পরিচয় দিয়ে কোটি কোটি ডলারের প্রতারণার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। মেরি ক্যারোল ম্যাকডোনেল নামের ওই নারী বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আত্মগোপনে রয়েছেন বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। তাঁকে গ্রেপ্তারে তথ্য দিতে পারলে দেড় লাখ ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে সংস্থাটি।
এফবিআইয়ের তথ্য অনুযায়ী, ম্যাকডোনেল নিজেকে ম্যাকডোনেল ডগলাস অ্যারোস্পেস পরিবারের উত্তরাধিকারী হিসেবে পরিচয় দিতেন। তাঁর দাবি ছিল, পরিবারের একটি গোপন ট্রাস্টে তাঁর জন্য ৮ কোটি ডলার রাখা আছে। সেই অর্থ পাওয়ার নিশ্চয়তা দেখিয়েই তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ।
একসময় লস এঞ্জেলেসের বিনোদনজগতে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন ম্যাকডোনেল। তিনি বেলাম এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। প্রতিষ্ঠানটি অপরাধভিত্তিক অনুষ্ঠান, শিশুদের শিক্ষামূলক অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র তৈরি করত। ‘ইট টেকস আ কিলার’, ‘আনসিলড: এলিয়েন ফাইলস’ এবং ‘অ্যানিমেল অ্যাটলাস’ ছিল তাদের উল্লেখযোগ্য প্রযোজনা।
তাঁর জীবনযাপনে ছিল বিলাসিতার ছাপ। ক্যালিফোর্নিয়ার লা কানাডা ফ্লিনট্রিজে বহুমূল্যের বাড়ি, পোর্শে গাড়ি এবং নিউপোর্ট বিচে ৩৯ ফুটের একটি নৌযান ছিল তাঁর। এসবের পাশাপাশি বিনোদনশিল্পের বিভিন্ন ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক যোগাযোগও গড়ে তুলেছিলেন তিনি। তবে তদন্তকারীদের অভিযোগ, তাঁর সম্পদ ও পারিবারিক উত্তরাধিকারের গল্পের পেছনে ছিল প্রতারণার পরিকল্পনা।
২০১৭ সালে বেলাম এন্টারটেইনমেন্ট আর্থিক সংকটে পড়ে। একই সময়ে প্রতিষ্ঠানটির কর্মী ও বিভিন্ন সরবরাহকারী অভিযোগ করেন, তাঁদের পাওনা অর্থ পরিশোধ করা হচ্ছিল না। এমন পরিস্থিতিতে ম্যাকডোনেল ব্যাংক অব ক্যালিফোর্নিয়া থেকে ১ কোটি ৫০ লাখ ডলারের ঋণ নেওয়ার উদ্যোগ নেন। ব্যাংকের কাছে তিনি দাবি করেন, পারিবারিক ট্রাস্ট থেকে অর্থ পাওয়ার আগ পর্যন্ত ব্যক্তিগত খরচ মেটাতে এই ঋণ প্রয়োজন।
মামলার নথি অনুযায়ী, ঋণের জামানত হিসেবে তিনি নিজের প্রতিষ্ঠান, সম্পত্তি, গয়না, শিল্পকর্ম ও পুরোনো সামগ্রীর মূল্য দেখান। বেলাম এন্টারটেইনমেন্টের মূল্য ১২ কোটি ৫০ লাখ ডলার বলে উল্লেখ করেছিলেন তিনি। পাশাপাশি পারিবারিক ট্রাস্টে বিপুল অর্থ থাকার দাবিও করেন।
তদন্তকারীদের অভিযোগ, ঋণ পাওয়ার পক্ষে প্রমাণ হিসেবে তিনি নর্দার্ন ট্রাস্ট করপোরেশনের নামে জাল ব্যাংক স্টেটমেন্ট এবং এক কর্মীর স্বাক্ষর করা ভুয়া চিঠি ব্যবহার করেন। পরে ব্যাংক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারে, ম্যাকডোনেলের নামে সেখানে কোনো অ্যাকাউন্টই নেই। নথিতে থাকা স্বাক্ষরও জাল বলে সন্দেহ করা হয়।
এফবিআইয়ের হিসাবে, এই ঘটনায় ব্যাংক অব ক্যালিফোর্নিয়ার প্রায় ১ কোটি ৪৭ লাখ ডলার প্রতারণার মাধ্যমে নেওয়া হয়েছে বলে অভিযোগ। একই ধরনের কৌশলে অন্য আর্থিক প্রতিষ্ঠান থেকেও অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ১ কোটি ৫০ লাখ ডলারের বেশি বলে জানিয়েছে সংস্থাটি।
২০১৮ সালের ডিসেম্বরে ব্যাংক জালিয়াতি ও পরিচয়সংক্রান্ত প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ২০২১ সালে ব্যাংক অব ক্যালিফোর্নিয়া তাঁর বিরুদ্ধে ১ কোটি ৭০ লাখ ডলারের রায় পায়। তবে সেই অর্থের কতটা আদায় হয়েছে, তা স্পষ্ট নয়।
এদিকে, ২০১৬ সালে টেড ও ক্যারি কুলম্যান নামের এক দম্পতি ম্যাকডোনেলের কথিত বিনিয়োগ পরিকল্পনায় ২৫ লাখ ডলার দিয়েছিলেন বলে আদালতের নথিতে উল্লেখ রয়েছে। আট মাসের মধ্যে মূল অর্থের সঙ্গে ৭ লাখ ৫০ হাজার ডলার সুদ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পরে অর্থ ফেরত না পেয়ে তাঁরা মামলা করেন এবং ২০২০ সালে ৪৪ লাখ ডলারের রায় পান। ওই অর্থও তাঁরা আদায় করতে পেরেছেন কি না, তা জানা যায়নি।
এফবিআইয়ের ওয়ান্টেড তালিকা অনুযায়ী, ম্যাকডোনেলের সঙ্গে লস এঞ্জেলেস, আলাবামার মন্টগোমারি এবং দুবাইয়ের যোগাযোগ রয়েছে। তাঁকে বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন বলে ধারণা করছে তদন্ত সংস্থা। তাঁর অবস্থান সম্পর্কে তথ্য দিতে যুক্তরাষ্ট্রের যেকোনো এফবিআই কার্যালয়, মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
তবে অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। ম্যাকডোনেলকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের বিচারপ্রক্রিয়ার মুখোমুখি করতেই আন্তর্জাতিক পর্যায়ে তথ্য সংগ্রহ করছে এফবিআই।
নিউজ ডেক্স
শেয়ার করুন