১৩ বছরের অপেক্ষার অবসান, ১৯ নভেম্বর আসছে গেমিং দুনিয়ার আলোচিত জিটিএ ৬
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালের করসীমা পরিবর্তন, একক ও দম্পতিদের জন্য বাড়ছে করমুক্ত আয়
যুক্তরাষ্ট্রের নতুন আয়কর কাঠামো ঘোষণা করেছে আইআরএস
যুক্তরাষ্ট্রে ২০২৭ করবর্ষের জন্য নতুন ফেডারেল আয়কর সীমা ও স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ প্রকাশ করেছে অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ (আইআরএস)। নতুন নিয়মে করদাতাদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হয়েছে। পাশাপাশি আয়করের বিভিন্ন স্তরের সীমাও বাড়ানো হয়েছে। তবে আয়করের সাতটি প্রচলিত হার অপরিবর্তিত থাকছে।
গত ৫ নভেম্বর আইআরএস এ ঘোষণা দেয়। নতুন নিয়মগুলো ২০২৭ সালে অর্জিত আয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ এসব আয়ের জন্য করদাতাদের ২০২৮ সালে আয়কর রিটার্ন জমা দিতে হবে।
নতুন ঘোষণা অনুযায়ী, ২০২৭ করবর্ষে একক করদাতাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন বেড়ে দাঁড়াবে ১৬ হাজার ৬০০ ডলার। ২০২৬ সালে এই পরিমাণ ছিল ১৬ হাজার ১০০ ডলার। অর্থাৎ একক করদাতারা অতিরিক্ত ৫০০ ডলার করযোগ্য আয় থেকে বাদ দেওয়ার সুযোগ পাবেন।
বিবাহিত দম্পতি যৌথভাবে আয়কর রিটার্ন জমা দিলে স্ট্যান্ডার্ড ডিডাকশন হবে ৩৩ হাজার ২০০ ডলার। আগের বছরের তুলনায় এটি ১ হাজার ডলার বেশি। অন্যদিকে, পরিবারের প্রধান হিসেবে (হেড অব হাউসহোল্ড) কর জমা দেওয়া ব্যক্তিদের জন্য এই ডিডাকশন নির্ধারণ করা হয়েছে ২৪ হাজার ৯২৫ ডলার। ২০২৬ সালে এই পরিমাণ ছিল ২৪ হাজার ১৫০ ডলার।
২০২৭ করবর্ষেও যুক্তরাষ্ট্রের ফেডারেল আয়করের সাতটি হার বহাল থাকবে। এগুলো হলো ১০, ১২, ২২, ২৪, ৩২, ৩৫ ও ৩৭ শতাংশ। তবে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিটি করস্তরের আয়ের সীমা বাড়ানো হয়েছে।
একক করদাতাদের ক্ষেত্রে ১২ হাজার ৮০০ ডলার পর্যন্ত করযোগ্য আয়ে ১০ শতাংশ কর দিতে হবে। ১২ হাজার ৮০০ থেকে ৫২ হাজার ২৫ ডলার পর্যন্ত আয়ে করহার ১২ শতাংশ। ৫২ হাজার ২৫ থেকে ১ লাখ ৯ হাজার ১২৫ ডলার পর্যন্ত আয়ে ২২ শতাংশ এবং ১ লাখ ৯ হাজার ১২৫ থেকে ২ লাখ ৮ হাজার ৩২৫ ডলার পর্যন্ত আয়ে ২৪ শতাংশ কর প্রযোজ্য হবে।
এ ছাড়া ২ লাখ ৮ হাজার ৩২৫ থেকে ২ লাখ ৬৪ হাজার ৫৫০ ডলার পর্যন্ত করযোগ্য আয়ে ৩২ শতাংশ এবং ২ লাখ ৬৪ হাজার ৫৫০ থেকে ৬ লাখ ৬১ হাজার ৩৭৫ ডলার পর্যন্ত আয়ে ৩৫ শতাংশ কর দিতে হবে। ৬ লাখ ৬১ হাজার ৩৭৫ ডলারের বেশি করযোগ্য আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৭ শতাংশ করহার প্রযোজ্য হবে।
বিবাহিত দম্পতিরা যৌথভাবে রিটার্ন জমা দিলে ২৫ হাজার ৬০০ ডলার পর্যন্ত আয়ে ১০ শতাংশ করহার প্রযোজ্য হবে। ২৫ হাজার ৬০০ থেকে ১ লাখ ৪ হাজার ৫০ ডলার পর্যন্ত আয়ে করহার ১২ শতাংশ। সর্বোচ্চ ৩৭ শতাংশ করহার শুরু হবে ৭ লাখ ৯৩ হাজার ৬৫০ ডলারের বেশি করযোগ্য আয় থেকে।
নতুন নিয়মে শিশুদের জন্য চাইল্ড ট্যাক্স ক্রেডিটও বাড়ানো হয়েছে। ২০২৭ সালে যোগ্য প্রতিটি শিশুর জন্য সর্বোচ্চ করছাড় হবে ২ হাজার ৩০০ ডলার। ২০২৬ সালের তুলনায় এটি ১০০ ডলার বেশি। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৮০০ ডলার ফেরতযোগ্য ক্রেডিট হিসেবে পাওয়া যাবে।
এ ছাড়া যোগ্য পরিবারগুলোর জন্য আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিটের সর্বোচ্চ পরিমাণও বাড়বে। তিন বা তার বেশি যোগ্য সন্তান থাকা পরিবারগুলোর ক্ষেত্রে এই সুবিধা বেড়ে ৮ হাজার ৪৯৬ ডলারে পৌঁছাবে।
মূল্যস্ফীতির কারণে মানুষের আয় বাড়লেও প্রকৃত ক্রয়ক্ষমতা সব সময় বাড়ে না। কিন্তু করসীমা অপরিবর্তিত থাকলে বেতন বৃদ্ধির কারণে অনেক মানুষ স্বাভাবিকভাবেই উচ্চতর করস্তরে চলে যেতে পারেন। এতে প্রকৃত আয় না বাড়লেও করের বোঝা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই পরিস্থিতিকে বলা হয় ‘ব্র্যাকেট ক্রিপ’। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে করসীমা বাড়ানোর ফলে এ ধরনের চাপ কমানো সম্ভব হয়।
তবে নতুন করসীমা মানেই সবার কর কমে যাবে, এমন নয়। করের পরিমাণ নির্ভর করবে ব্যক্তির মোট আয়, ডিডাকশন, করছাড় এবং অন্যান্য আর্থিক পরিস্থিতির ওপর। আইআরএসের এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের বিভিন্ন করসংক্রান্ত বিধানকে প্রভাবিত করবে। ফলে একক করদাতা, বিবাহিত দম্পতি এবং পরিবার—বিভিন্ন শ্রেণির করদাতারা ২০২৭ সালে নতুন করসুবিধার আওতায় আসবেন।
নিউজ ডেক্স
শেয়ার করুন