জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ট্রাম্পের অনুপস্থিতি নিয়ে কটাক্ষ নিউজমের
নর্থ হলিউডে পথচারীদের ওপর উঠে গেল এসইউভি, প্রাণ গেল তিনজনের
ছবিঃ এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের নর্থ হলিউডে একটি মেট্রো স্টেশনের কাছে পথচারীদের ওপর গাড়ি উঠে যাওয়ার ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ব্যস্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।
লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের (এলএএফডি) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু আগে নর্থ ল্যাঙ্কারশিম বুলেভার্ডের ৫০০০ ব্লকে দুর্ঘটনাটি ঘটে। এলাকাটি নর্থ হলিউড মেট্রো স্টেশনের কাছাকাছি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি সাদা রঙের এসইউভি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত অন্তত তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
লস এঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) জানিয়েছে, গাড়িটি অন্তত পাঁচজনকে ধাক্কা দিয়েছে। দুর্ঘটনায় চালকও আহত হয়েছেন বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধারকর্মীরা আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন। দুর্ঘটনাস্থলে গাড়িটিকে ফুটপাতের পাশে একটি অস্থায়ী বিক্রয়কেন্দ্রের কাছে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের তথ্য অনুযায়ী, গাড়িটি ল্যাঙ্কারশিম বুলেভার্ডের একটি খাবারের দোকানের কাছে পথচারীদের ধাক্কা দেয়। তবে ঠিক কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি ইচ্ছাকৃতভাবে পথচারীদের ওপর গাড়ি চালানো হয়েছে, তা তদন্ত করে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি পুলিশ।
নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ এবং এর পেছনের পরিস্থিতি জানতে তদন্ত চলছে।
দুর্ঘটনার পর এলাকায় জরুরি উদ্ধার তৎপরতা চালানো হয়। ঘটনাটি নর্থ হলিউডের ব্যস্ত বাণিজ্যিক এলাকায় হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন