সান্তা বারবারা হাফ ম্যারাথনে অসুস্থ হয়ে হাসপাতালে অন্তত ১৯ দৌড়বিদ
সান্তা বারবারা হাফ ম্যারাথনে অসুস্থ হয়ে হাসপাতালে অন্তত ১৯ দৌড়বিদ
ছবিঃ এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা হাফ ম্যারাথনে অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে অন্তত ১৯ জন দৌড়বিদ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ৮ নভেম্বর রোববার অনুষ্ঠিত এই দৌড় প্রতিযোগিতার পর অংশগ্রহণকারীদের মধ্যে অস্বাভাবিক শারীরিক উপসর্গ দেখা দেয়। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও স্বাস্থ্য কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সান্তা বারবারা ও গোয়েটা ভ্যালির দুটি হাসপাতালে ১৯ জন অংশগ্রহণকারী চিকিৎসা নিতে আসেন। তাঁদের কয়েকজনের উপসর্গ একই ধরনের হলেও সুনির্দিষ্ট কারণ তখনো জানা যায়নি। কেউ অ্যাম্বুলেন্সে, কেউ ব্যক্তিগত গাড়িতে এবং কেউ নিজেরাই হাসপাতালে পৌঁছান।
পরে স্বাস্থ্য বিভাগের হালনাগাদ তথ্যে হাসপাতালে চিকিৎসা নেওয়া দৌড়বিদের সংখ্যা আরও বেড়ে যায়। মোট ৩০ জন চিকিৎসা নেন। তাঁদের মধ্যে ২৬ জনকে হাসপাতালে পাঠানো হয় এবং চারজনকে প্রতিযোগিতা চলাকালে ঘটনাস্থলেই চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন সোমবার সন্ধ্যা পর্যন্ত স্থিতিশীল অবস্থায় ছিলেন। বাকিরা চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
প্রায় ৭ হাজার ৫০০ জন এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ১৩ দশমিক ১ মাইল বা প্রায় ২১ কিলোমিটারের এই দৌড়পথে ছিল উপকূলীয় এলাকা ও শহরের বিভিন্ন সড়ক। প্রতিযোগিতা শুরু হয়েছিল সকাল ৭টায়। দৌড়ের সময় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। দুপুরের দিকে সান্তা বারবারায় তাপমাত্রা ৮৬ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়, যা নভেম্বর মাসের স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে অনেক বেশি।
আয়োজকদের স্থানীয় পরিচালক ডেভিড মনিকো জানান, প্রতিযোগিতার পথে ও শেষ গন্তব্যে চিকিৎসাকর্মীরা অনেক দৌড়বিদকে পানিশূন্যতা এবং অতিরিক্ত গরমজনিত সমস্যার জন্য চিকিৎসা দিয়েছেন। তাঁদের মধ্যে ১৫ জনকে প্রতিযোগিতার মেডিকেল তাঁবু থেকে হাসপাতালে পাঠানো হয়। তাঁর ভাষ্য, দীর্ঘ দূরত্বের দৌড়ে গরমের কারণে এ ধরনের অসুস্থতা ঘটতে পারে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে জানিয়েছিল, অসুস্থদের কয়েকজনের মধ্যে একই ধরনের উপসর্গ দেখা যাওয়ায় তারা গরমের পাশাপাশি অন্য কোনো কারণও খতিয়ে দেখছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পানীয় বা পানির সরবরাহ দূষিত হওয়ার নানা দাবি ছড়িয়ে পড়ে। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া গেছে বলে কর্তৃপক্ষ জানায়নি।
কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রতিযোগিতায় ব্যবহৃত পানীয় তৈরির স্থান এবং সরবরাহব্যবস্থা পরীক্ষা করে কোনো অনিয়ম পাওয়া যায়নি। প্রতিযোগিতার আগে অস্থায়ী খাদ্য সরবরাহের অনুমতিপত্র দেওয়ার সময়ও সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করা হয়েছিল। পানি ও অন্যান্য পণ্য পরিষ্কার এবং স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ করা হয়েছিল বলে বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
স্বাস্থ্য কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গরমে দৌড়ানোর কারণেই বেশির ভাগ অসুস্থতার ঘটনা ঘটেছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। জনস্বাস্থ্য বিভাগ বলেছে, ঘটনাটি প্রতিযোগিতায় অংশগ্রহণ ও গরমের সঙ্গে সম্পর্কিত একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হচ্ছে। সাধারণ মানুষের জন্য বৃহত্তর কোনো স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত পাওয়া যায়নি।
তবু প্রতিযোগিতায় অংশ নেওয়া কেউ অসুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনার বিষয়ে তথ্য থাকলে কিংবা দৌড়ের পর অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে সান্তা বারবারা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন