যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ইরানিয়ান কিং অব ইনস্টাগ্রাম’, দীর্ঘ অপরাধের ইতিহাস সামনে আনল আইসিই
ক্যালিফোর্নিয়ায় ধনকুবেরদের ওপর বিশেষ কর বাতিল, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ভোটারদের ‘না’
ছবিঃ এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ায় বিলিয়নিয়ার বা শতকোটি ডলারের মালিকদের সম্পদের ওপর বিশেষ কর আরোপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ভোটাররা। রাজ্যের অতি ধনীদের ওপর অতিরিক্ত করের চাপ তৈরি হলে তাঁরা অন্য অঙ্গরাজ্যে চলে যেতে পারেন এবং এতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি ও সরকারি রাজস্ব ক্ষতিগ্রস্ত হতে পারে—এমন আশঙ্কা থেকেই প্রস্তাবটির বিরোধিতা জোরালো হয়।
সোমবার (৯ নভেম্বর) ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনার ফলাফলে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যাত হওয়ার বিষয়টি নিশ্চিত করে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছেন প্রায় ৪৭ শতাংশ ভোটার। বিপক্ষে ভোট পড়েছে প্রায় ৫৩ শতাংশ।
প্রস্তাবটি ছিল প্রপোজিশন ৪০ নামে পরিচিত। এর আওতায় ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী যেসব ব্যক্তির সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলারের বেশি, তাঁদের মোট সম্পদের ওপর এককালীন ৫ শতাংশ কর আরোপের পরিকল্পনা ছিল। এই কর থেকে প্রায় ২০০ জন বিলিয়নিয়ারের সম্পদকে লক্ষ্য করে অর্থ সংগ্রহের কথা বলা হয়েছিল।
প্রস্তাবটির মূল উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যসেবা খাতে অর্থায়ন কমানোর ফলে ক্যালিফোর্নিয়ায় যে ঘাটতি তৈরি হতে পারে, তা পূরণ করা। আয় থেকে প্রায় ৯০ শতাংশ স্বাস্থ্যসেবা খাতে ব্যয় এবং বাকি অর্থ শিক্ষা ও খাদ্যসহায়তা কর্মসূচিতে ব্যবহারের পরিকল্পনা ছিল।
প্রস্তাবটির সমর্থকদের দাবি ছিল, এর মাধ্যমে প্রায় ১০০ বিলিয়ন ডলার সংগ্রহ করা সম্ভব হবে। এতে কেন্দ্রীয় অর্থায়ন কমে যাওয়ার পরও রাজ্যের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থের জোগান দেওয়া সহজ হতো।
তবে বিরোধীরা মনে করেন, এককালীন এই কর দীর্ঘমেয়াদে রাজ্যের অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে ধনকুবের ও বড় ব্যবসায়ীরা ক্যালিফোর্নিয়া ছেড়ে অন্যত্র চলে গেলে রাজ্য আয়কর থেকে বিপুল অর্থ হারাতে পারে। কারণ রাজ্যের বাজেটের বড় একটি অংশ আসে উচ্চ আয়ের বাসিন্দাদের কাছ থেকে।
প্রস্তাবটি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও মতবিরোধ তৈরি হয়েছিল। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম, ক্যালিফোর্নিয়া টিচার্স অ্যাসোসিয়েশন এবং প্ল্যান্ড প্যারেন্টহুডের মতো প্রভাবশালী সংগঠন প্রস্তাবটির বিরোধিতা করে। তাঁদের আশঙ্কা ছিল, এই কর কার্যকর হলে ধনকুবেরদের একটি বড় অংশ রাজ্য ছেড়ে চলে যেতে পারেন। এতে রাজ্যের আয়কর আদায় কমে গিয়ে বাজেটের ওপর দীর্ঘমেয়াদি চাপ তৈরি হতে পারে।
প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যক্তিরাও প্রস্তাবটির বিরুদ্ধে বড় ধরনের প্রচার চালান। বিশেষ করে গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন এই করের বিরোধিতায় বিপুল অর্থ ব্যয় করেন। তাঁর নেতৃত্বে গড়ে ওঠা বিরোধী প্রচার কমিটিতে তিনি একাই ১০২ মিলিয়ন ডলার অনুদান দেন বলে ক্যালম্যাটার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গুগলের আরেক সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজও প্রস্তাবটি নিয়ে বিতর্কের মধ্যে ক্যালিফোর্নিয়া ছেড়ে যান।
নির্বাচনী প্রচারে প্রস্তাবটির বিরোধীরা বোঝানোর চেষ্টা করেন, বিষয়টি শুধু বিলিয়নিয়ারদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; এর প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের ওপরও। শিক্ষক, অগ্নিনির্বাপণকর্মী এবং মধ্যবিত্ত পরিবারের সদস্যদের সামনে রেখে প্রচার চালানো হয়। তাঁদের যুক্তি ছিল, ধনীদের ওপর অতিরিক্ত কর আরোপের ফলে বিনিয়োগ, কর্মসংস্থান ও রাজ্যের অর্থনৈতিক প্রতিযোগিতার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।প্রস্তাবটির বিরোধিতায় বিভিন্ন সংগঠন ও ধনকুবেরদের ব্যয়ের পরিমাণও ছিল উল্লেখযোগ্য। লস এঞ্জেলেস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবটি এবং এর সঙ্গে সম্পর্কিত দুটি বিকল্প প্রস্তাব নিয়ে প্রচারে মোট ব্যয় ৪২৩ মিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। এর ৯১ শতাংশের বেশি ব্যয় হয় বিলিয়নিয়ার করের বিরোধিতায়।
অন্যদিকে, প্রস্তাবটির সমর্থকরা বলছেন, স্বাস্থ্যসেবা খাতে কেন্দ্রীয় সরকারের অর্থায়ন কমে যাওয়ার পর সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন অর্থের প্রয়োজন। তাঁদের আশঙ্কা, করের প্রস্তাব বাতিল হওয়ায় হাসপাতালগুলোর সেবা কমানো, জরুরি বিভাগ বন্ধ হওয়া এবং নিম্ন আয়ের মানুষের চিকিৎসা পাওয়ার সুযোগ সংকুচিত হওয়ার ঝুঁকি বাড়বে।প্রস্তাবটির উদ্যোক্তা সংগঠন সার্ভিস এমপ্লয়িজ ইন্টারন্যাশনাল ইউনিয়ন-ইউনাইটেড হেলথকেয়ার ওয়ার্কার্স ওয়েস্টের নেতারা জানিয়েছেন, রাজ্য সরকার স্বাস্থ্যসেবা খাতের অর্থায়নের বিকল্প ব্যবস্থা করতে ব্যর্থ হলে ২০২৮ সালের নির্বাচনে আবারও বিলিয়নিয়ার করের প্রস্তাব নিয়ে আসা হতে পারে।
এদিকে ধনীদের সম্পদের ওপর কর আরোপের বিতর্ক শুধু ক্যালিফোর্নিয়াতেই সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স এবং ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি রো খান্না দেশজুড়ে বিলিয়নিয়ারদের ওপর ৫ শতাংশ কর আরোপের একটি প্রস্তাব নিয়ে কাজ করছেন। তাঁদের উদ্যোগের নাম ‘মেক বিলিয়নিয়ার্স পে দেয়ার ফেয়ার শেয়ার অ্যাক্ট’। তবে এ ধরনের কর কার্যকর হলে তা সাংবিধানিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও আলোচনা রয়েছে। ক্যালিফোর্নিয়ায় প্রপোজিশন ৪০ প্রত্যাখ্যানের মধ্য দিয়ে আপাতত বিলিয়নিয়ারদের সম্পদের ওপর বিশেষ কর আরোপের উদ্যোগ থেমে গেল। তবে স্বাস্থ্যসেবা খাতে অর্থের ঘাটতি পূরণ এবং অতি ধনীদের কাছ থেকে আরও বেশি কর আদায়ের বিতর্ক যুক্তরাষ্ট্রের রাজনীতিতে চলতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন