জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ট্রাম্পের অনুপস্থিতি নিয়ে কটাক্ষ নিউজমের
দায়িত্ব গ্রহণের প্রস্তুতি, প্রশাসনিক দল ঘোষণা করলেন গভর্নর-নির্বাচিত জেভিয়ার বেসেরা
ছবিঃ এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি শুরু করেছেন জেভিয়ার বেসেরা। এর অংশ হিসেবে নিজের প্রশাসন গঠন ও ক্ষমতা হস্তান্তরের কার্যক্রম পরিচালনার জন্য একটি ট্রানজিশন টিম ঘোষণা করেছেন তিনি। এই দলে রয়েছেন বেসেরার সাবেক কয়েকজন উপদেষ্টা এবং বর্তমান গভর্নর গ্যাভিন নিউজমের প্রশাসনে কাজ করা কর্মকর্তারাও।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঘোষিত এই দলের নেতৃত্ব দেবেন বেসেরার দীর্ঘদিনের সহযোগী লিজ সালদিভার। তিনি বেসেরার নির্বাচনী প্রচারে পরামর্শক হিসেবে কাজ করেছেন। এর আগে কংগ্রেস সদস্য এবং ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল থাকাকালীন সময়েও বেসেরার সঙ্গে কাজ করেছেন তিনি।
ট্রানজিশন টিমের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে থাকছেন লিন্ডসে কোবিয়া ও কাইল লেম্যান। কোবিয়া আগে নিউজম প্রশাসনে কাজ করেছেন এবং বর্তমানে তার ক্যাম্পেইন ফর ডেমোক্রেসি পলিটিক্যাল অ্যাকশন কমিটির (প্যাক) পরিচালনার দায়িত্বে রয়েছেন। অন্যদিকে, ডেমোক্রেটিক পার্টির রাজনৈতিক কৌশলবিদ লেম্যান শুরু থেকেই বেসেরার নির্বাচনী প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন।
দলের নীতিনির্ধারণী কার্যক্রম পরিচালনা করবেন আর্সেনিও মাতাকা। তিনি আগে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ এবং ক্যালিফোর্নিয়া বিচার বিভাগের পরিবেশনীতি বিষয়ক কাজে বেসেরাকে পরামর্শ দিয়েছেন। জেরি ব্রাউনের প্রশাসনেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। সর্বশেষ তিনি বে এরিয়া এয়ার ডিস্ট্রিক্টে উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রশাসনের বিভিন্ন সংস্থা ও বিভাগের কার্যক্রম পর্যালোচনার দায়িত্ব পেয়েছেন নিকোল এলিয়ট। তিনি বেসেরার নির্বাচনী প্রচারে নীতিগত বিষয়ে পরামর্শ দিয়েছেন। এর আগে নিউজমের প্রশাসনে গাঁজা নিয়ন্ত্রণবিষয়ক নীতিতে কাজ করেছেন এবং ২০২১ সালে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ক্যানাবিস কন্ট্রোলের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
ট্রানজিশন টিমের বহির্বিষয়ক কার্যক্রম পরিচালনা করবেন কোর্টনি পিউ এবং কেনেথ ম্যাক্সি দ্বিতীয়। পিউ একজন ডেমোক্রেটিক রাজনৈতিক কৌশলবিদ এবং নিউজমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ম্যাক্সি সান ফ্রান্সিসকো বে এরিয়া আরবান লিগের প্রেসিডেন্ট।
ট্রানজিশন টিম ঘোষণার বিষয়ে এক বিবৃতিতে বেসেরা বলেন, তার প্রশাসন যেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই কাজ শুরু করতে পারে, সেটি নিশ্চিত করাই এই দলের প্রধান লক্ষ্য। তিনি এমন একটি ক্যালিফোর্নিয়া গড়ার কথা বলেছেন, যেখানে মানুষের জীবনযাত্রার ব্যয় সামলানো সহজ হবে এবং প্রশাসনের কার্যক্রমের সুফল সাধারণ মানুষ সরাসরি অনুভব করতে পারবেন।
গত ৩ নভেম্বরের গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটনকে পরাজিত করেন ডেমোক্র্যাট বেসেরা। এর মাধ্যমে তিনি গ্যাভিন নিউজমের উত্তরসূরি নির্বাচিত হন। আগামী ৪ জানুয়ারি ২০২৭ তারিখে তার শপথ নেওয়ার কথা রয়েছে।
দায়িত্ব গ্রহণের পর নতুন গভর্নরের সামনে বড় চ্যালেঞ্জ হবে রাজ্যের জীবনযাত্রার ব্যয়, বাজেট ঘাটতি, স্বাস্থ্যসেবা, আবাসন এবং অগ্নিকাণ্ড মোকাবিলায় বাড়তে থাকা ব্যয় সামলানো। এসব বিষয়ে প্রশাসনের পরিকল্পনা বাস্তবায়নে নতুন ট্রানজিশন টিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন