আপডেট :

        কানাডার ১৪টি ছোট শহরে অভিবাসনের সুযোগ, থাকছে স্থায়ী বসবাসের পথ

        ১৩ বছরের অপেক্ষার অবসান, ১৯ নভেম্বর আসছে গেমিং দুনিয়ার আলোচিত জিটিএ ৬

        ক্যালিফোর্নিয়ায় আবাসন সংকট সমাধানের প্রস্তাব প্রত্যাখ্যান, নতুন করে জটিলতায় বাড়ি নির্মাণ

        নতুন মেয়র নিতিয়া রমন, ভবিষ্যতে কীভাবে বদলাতে পারে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ

        শিশুদের নি র্যা তনের ভিডিও সরানো না হলে স্পেনে টিকটক বন্ধের দাবি সরকারের

        যুক্তরাষ্ট্রে ২০২৭ সালের করসীমা পরিবর্তন, একক ও দম্পতিদের জন্য বাড়ছে করমুক্ত আয়

        কোচেল্লা ২০২৭ মাতাবেন দুয়া লিপা, এসজেডএ ও টেম ইমপালা, থাকছেন ম্যাডোনাও

        ডায়াবেটিস নিয়ন্ত্রণে নতুন সম্ভাবনা, শোবার ঘরের একটি যন্ত্র নিয়ে গবেষণায় চমক

        ইউএসডিএর নতুন প্রস্তাবে খাদ্য সহায়তা হারাতে পারেন ৬৩ লাখ মার্কিন নাগরিক

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রসৈকতে জোয়ারের পানিতে আটকে নিখোঁজ ২৪ বছর বয়সী তরুণী

        ১৪ বছরের কিশোরকে দিয়ে অনলাইনে পোশাক বিক্রির কাজ, মানবপাচারের অভিযোগে ক্যালিফোর্নিয়ায় ব্যক্তি আটক

        জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ট্রাম্পের অনুপস্থিতি নিয়ে কটাক্ষ নিউজমের

        দায়িত্ব গ্রহণের প্রস্তুতি, প্রশাসনিক দল ঘোষণা করলেন গভর্নর-নির্বাচিত জেভিয়ার বেসেরা

        রামানের মেয়র প্রার্থিতার বিরোধিতা করেছিলেন সহকর্মীরা, জয়ের পর দিচ্ছেন পূর্ণ সমর্থনের আশ্বাস

        নর্থ হলিউডে পথচারীদের ওপর উঠে গেল এসইউভি, প্রাণ গেল তিনজনের

        রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে গ্রেপ্তার মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা

        চীনা গুপ্তচর সন্দেহে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক তদন্তে বড় মার্কিন আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ এনভিডিয়ার

        ফ্লোরিডায় বিশেষ চাহিদাসম্পন্ন মেয়েকে শিকল দিয়ে বেড়ায় বেঁধে রাখার অভিযোগে মা গ্রেপ্তার

        ইতিহাস গড়ল লস এঞ্জেলেস, মেয়রসহ তিন নগর পদে দায়িত্ব পাচ্ছেন এশীয় আমেরিকানরা

        নভেম্বরেও গ্রীষ্মের উত্তাপ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা

কানাডার ১৪টি ছোট শহরে অভিবাসনের সুযোগ, থাকছে স্থায়ী বসবাসের পথ

কানাডার ১৪টি ছোট শহরে অভিবাসনের সুযোগ, থাকছে স্থায়ী বসবাসের পথ

ছবির জন্য ক্যাপসন কানাডার ছোট শহরে স্থায়ী বসবাসের নতুন সুযোগ

কানাডার বড় শহরের বাইরে ছোট ও গ্রামীণ এলাকায় বসবাস করতে আগ্রহী বিদেশিদের জন্য স্থায়ী অভিবাসনের নতুন সুযোগ তৈরি হয়েছে। দেশটির সরকার গ্রামীণ অঞ্চলে দক্ষ কর্মীর সংকট মোকাবিলায় চালু করা অভিবাসন কর্মসূচিকে স্থায়ী রূপ দেওয়ার ঘোষণা দিয়েছে। নতুন এই কর্মসূচির নাম ‘রুরাল কমিউনিটি ইমিগ্রেশন প্রোগ্রাম’ (RCIP)।

২০২৫ সালের জানুয়ারিতে পরীক্ষামূলকভাবে চালু হওয়া রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট কর্মসূচিকে স্থায়ী প্রোগ্রামে রূপান্তরের ঘোষণা আসে ২০২৬ সালের ৯ নভেম্বর। এর আওতায় কানাডার ১৪টি ছোট ও গ্রামীণ অঞ্চলে দক্ষ বিদেশি কর্মীরা চাকরির সুযোগ পেলে স্থায়ী বসবাসের (পারমানেন্ট রেসিডেন্সি বা পিআর) জন্য আবেদন করতে পারবেন।

কানাডার অভিবাসন বিভাগের লক্ষ্য হলো, যেসব ছোট শহর ও গ্রামীণ অঞ্চলে স্থানীয়ভাবে প্রয়োজনীয় কর্মী পাওয়া কঠিন, সেখানে বিদেশি দক্ষ কর্মীদের আকৃষ্ট করা। একই সঙ্গে এসব এলাকায় জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি কর্মী সংকট মোকাবিলা করা।

নতুন কর্মসূচিতে নোভা স্কশিয়ার পিকটো কাউন্টি, অন্টারিওর নর্থ বে, সুদবুরি, টিমিন্স, সল্ট স্টি. মেরি ও থান্ডার বে, ম্যানিটোবার স্টেইনবাখ, আলটোনা/রাইনল্যান্ড ও ব্র্যান্ডন, সাসকাচুয়ানের মুজ জ, আলবার্টার ক্লেয়ারশোলম এবং ব্রিটিশ কলাম্বিয়ার ওয়েস্ট কুটেনি, নর্থ ওকানাগান শুসওয়াপ ও পিস লিয়াড অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে।

এই কর্মসূচি মূলত দক্ষ বিদেশি কর্মী এবং নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য। তবে শুধু কানাডার কোনো গ্রামীণ এলাকায় যেতে চাইলেই আবেদন করা যাবে না। আবেদনকারীকে অংশগ্রহণকারী এলাকার অনুমোদিত বা মনোনীত কোনো নিয়োগকর্তার কাছ থেকে বৈধ চাকরির প্রস্তাব পেতে হবে। চাকরিটি সংশ্লিষ্ট এলাকার অগ্রাধিকারপ্রাপ্ত খাত বা পেশার মধ্যে থাকতে হবে।

এ ছাড়া আবেদনকারীর কাজের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং ইংরেজি অথবা ফরাসি ভাষায় দক্ষতার প্রমাণ থাকতে হবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রেও নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও পড়াশোনার সময়সংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।

আগের পরীক্ষামূলক কর্মসূচিতে সাধারণত গত তিন বছরের মধ্যে অন্তত এক বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা প্রয়োজন ছিল। তবে নির্দিষ্ট শর্ত পূরণকারী আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই অভিজ্ঞতার শর্ত থেকে ছাড় পেতে পারতেন। নতুন স্থায়ী কর্মসূচিতে যোগ্যতার বিস্তারিত নিয়ম এবং সংশ্লিষ্ট কমিউনিটির নির্দেশনা অনুসরণ করতে হবে।

আবেদনের জন্য প্রথমে ১৪টি অংশগ্রহণকারী এলাকার মধ্যে নিজের দক্ষতা, কাজের অভিজ্ঞতা ও পেশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি এলাকা বেছে নিতে হবে। এরপর ওই এলাকার মনোনীত নিয়োগকর্তাদের কাছে চাকরির জন্য আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কমিউনিটির ওয়েবসাইটে অনুমোদিত নিয়োগকর্তা এবং চাকরির সুযোগ সম্পর্কে তথ্য পাওয়া যাবে।

মনোনীত নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব পাওয়ার পর সংশ্লিষ্ট কমিউনিটির সুপারিশের জন্য আবেদন করতে হবে। নিয়োগকর্তা সাধারণত প্রার্থীর সুপারিশসংক্রান্ত আবেদন কমিউনিটির কাছে পাঠাবেন। কমিউনিটি আবেদনকারীর চাকরির প্রস্তাব, পেশাগত যোগ্যতা এবং অন্যান্য শর্ত যাচাই করবে। সবকিছু ঠিক থাকলে আবেদনকারীকে কমিউনিটি রেকমেন্ডেশন দেওয়া হবে।

এই সুপারিশ পাওয়ার পর কানাডার অভিবাসন বিভাগে স্থায়ী বসবাসের জন্য আবেদন জমা দিতে হবে। আবেদনকারীর প্রয়োজনীয় ভাষাগত যোগ্যতা, শিক্ষাগত সনদ, কাজের অভিজ্ঞতা, পুলিশ ক্লিয়ারেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হতে পারে।

কানাডার ২০২৭ সালের অভিবাসন পরিকল্পনায় এই কর্মসূচির আওতায় ৫ হাজার ৫০০টি স্থায়ী বসবাসের সুযোগ বরাদ্দের কথা জানিয়েছে বিভিন্ন প্রতিবেদনে। এর মাধ্যমে ছোট শহরগুলোর নিয়োগকর্তারা প্রয়োজনীয় দক্ষ কর্মী নিয়োগের সুযোগ পাবেন।

পুরোনো রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে বন্ধ হয়ে নতুন স্থায়ী কর্মসূচির অধীনে কার্যক্রম পরিচালিত হবে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে কমিউনিটির সুপারিশ পাওয়া ব্যক্তিদের সুপারিশের মেয়াদ শেষ হওয়ার আগেই পুরোনো নিয়মে স্থায়ী বসবাসের আবেদন করতে হবে। অন্যদিকে, ২০২৭ সালের ১ জানুয়ারি বা তার পরে সুপারিশ পাওয়া ব্যক্তিদের জন্য নতুন আবেদনপদ্ধতি কার্যকর হবে।

আগ্রহীদের চাকরির প্রস্তাব, পেশাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট কমিউনিটির নতুন নির্দেশনা নিয়মিত যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। কানাডার এই কর্মসূচি বিশেষ করে তাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে, যারা বড় শহরের পরিবর্তে ছোট শহরে বসবাস ও কাজ করতে আগ্রহী। তবে স্থায়ী বসবাসের সুযোগ পেতে হলে চাকরির প্রস্তাব, পেশাগত যোগ্যতা এবং কমিউনিটির সুপারিশ পাওয়ার শর্ত পূরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সরকারি তথ্য ও আবেদন নির্দেশনা: https://www.canada.ca/

শেয়ার করুন

পাঠকের মতামত