দুই মাদকগোষ্ঠীর সং ঘ র্ষে জনশূন্য সিনালোয়া, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা
হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর খবর, প্রশ্নে নীরব থাকলেন ভারতের মুখপাত্র
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেল ভারত
ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ সামরিক বিমান পাঠাক—এমন খবর নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি ভারত। বিষয়টি নিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তবে হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া আইনি পথেই এগোবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ফেরানোর সম্ভাব্য প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন এক সাংবাদিক। তিনি জানতে চান, কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে নিতে বাংলাদেশকে একটি সামরিক বিমান পাঠাতে বলছে নয়াদিল্লি। বিনিময়ে তাঁকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়া এবং ২০২৪ সালের দমন-পীড়নের ঘটনায় নতুন করে বিচার করার বিষয়েও আলোচনা রয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ বা নিশ্চয়তা দেওয়া হয়েছে কি না, তা জানতে চান ওই সাংবাদিক।
জবাবে জয়সোয়াল বলেন, প্রশ্নে বেশ কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে তাঁর কিছু বলার নেই।
ব্রিফিংয়ে হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের পথ নিয়েও প্রশ্ন করা হয়। তিনি স্থলপথে ফিরবেন, নাকি আকাশপথে—এ বিষয়ে ভারতের কোনো প্রস্তুতি রয়েছে কি না, জানতে চান সাংবাদিকেরা। পাশাপাশি বিষয়টি নিয়ে ভারত সরকার উদ্বিগ্ন কি না, সে প্রশ্নও করা হয়। এসব প্রশ্নেরও কোনো সরাসরি জবাব দেননি মুখপাত্র।
শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তাঁকে বন্দিবিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে আসছে অন্তর্বর্তী সরকার। তবে এ বিষয়ে এখনো ভারতের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সাড়া পাওয়া যায়নি।
এর মধ্যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, যেকোনো মূল্যে ডিসেম্বর মাসে দেশে ফিরতে চান তিনি। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি লিখেছেন তিনি।
বৃহস্পতিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং এ বিষয়ে ভারতের সম্ভাব্য অবস্থান নিয়ে আলোচনা করা হয়। প্রতিবেদনে ধারণা দেওয়া হয়েছে, ভারতের সম্মতি ছাড়া তিনি দেশে ফেরার ঘোষণা দেননি। তবে তাঁর প্রত্যাবর্তনের ক্ষেত্রে দিল্লির দুটি শর্ত থাকতে পারে বলে উল্লেখ করা হয়।
প্রথম শর্ত অনুযায়ী, ২০২৪ সালে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পৌঁছেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি সামরিক উড়োজাহাজে। তাঁকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও একইভাবে বাংলাদেশ সেনাবাহিনীর উড়োজাহাজ পাঠাতে হতে পারে। প্রত্যাবর্তন স্থলপথে নাকি আকাশপথে হবে, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।
দ্বিতীয় শর্ত হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা যাতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারেন এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বিচার নতুন করে শুরু হয়, সে বিষয়ে বাংলাদেশকে নিশ্চয়তা দিতে হতে পারে।
শুক্রবারের ব্রিফিংয়ে এসব প্রতিবেদনের সত্যতা জানতে চাওয়া হলে জয়সোয়াল কোনো নিশ্চয়তা দেননি। একই সঙ্গে খবরগুলো অসত্য বলেও মন্তব্য করেননি। তিনি বারবার জানিয়েছেন, এ বিষয়ে তাঁর কিছু বলার নেই। তবে হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই নিষ্পত্তি হবে।
এদিকে ব্রিফিংয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ স্থগিত হওয়ার বিষয়টিও উঠে আসে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় বৈঠকটি হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। এর কারণ জানতে চাইলে জয়সোয়াল বলেন, দুই দেশের পারস্পরিক সুবিধাজনক তারিখে আলোচনা অনুষ্ঠিত হবে।
কনস্যুলার বৈঠক স্থগিত হওয়া নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায়। এ লক্ষ্যেই দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও বৈঠক হয়েছে।
জয়সোয়াল জানান, দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় দুই দেশের মধ্যে বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সংশোধিত ভ্রমণ নথি ব্যবস্থাপনা নিয়েও কনস্যুলার পর্যায়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় প্রস্তুত ভারত। কারিগরি পর্যায়েও আলোচনা চালিয়ে যেতে দেশটির আপত্তি নেই। দুই দেশের জন্য সুবিধাজনক দিনেই স্থগিত হওয়া কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হবে।
নিউজ ডেক্স
শেয়ার করুন