রিপাবলিকানরা সংস্কার না আনলে যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রের উত্থান ঘটবে, সতর্কবার্তা সাবেক উপদেষ্টার
পরিবেশ সুরক্ষা নাকি দ্রুত জ্বালানি উন্নয়ন, বিল নিয়ে দ্বিধায় ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জ্বালানি বিল নিয়ে আলোচনা
যুক্তরাষ্ট্রে জ্বালানি প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া সহজ ও দ্রুত করার লক্ষ্যে আনা একটি দ্বিদলীয় বিল নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। বিলটি এখনই সংশোধন করে পাসের পথে এগোনোর পক্ষে রয়েছেন একদল আইনপ্রণেতা। অন্যরা মনে করছেন, আগামী জানুয়ারিতে কংগ্রেসে ডেমোক্র্যাটদের অবস্থান শক্তিশালী হলে আরও ভালো শর্তে নতুন করে উদ্যোগ নেওয়া উচিত।
বিলটি নিয়ে বিতর্কের মধ্যেই গত সপ্তাহে মার্কিন সিনেটে আলোচনার প্রক্রিয়া শুরুর পক্ষে ৭৩-২৫ ভোট পড়ে। এতে ২১ জন ডেমোক্র্যাট সিনেটরও সমর্থন দেন। ‘আমেরিকান অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড জবস অ্যাক্ট’ নামের এই প্রস্তাবের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুৎ সঞ্চালন লাইন, খনি এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পের অনুমোদন দ্রুত করা। পাশাপাশি বড় ডেটা সেন্টারগুলোকে বিদ্যুৎ গ্রিড উন্নয়নের বাড়তি খরচ বহনে বাধ্য করার বিধানও রয়েছে।
বিলটির সমর্থকদের যুক্তি, দীর্ঘ অনুমোদন প্রক্রিয়ার কারণে বহু জ্বালানি ও অবকাঠামো প্রকল্প বছরের পর বছর আটকে থাকে। নতুন আইন কার্যকর হলে এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে। এতে বিদ্যুৎ সরবরাহ বাড়বে, গ্রিডের সক্ষমতা উন্নত হবে এবং বিদ্যুতের দাম নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের অনুমোদনও দ্রুত করার সুযোগ তৈরি হবে।
তবে পরিবেশ সুরক্ষা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। বিলটির সমালোচকদের আশঙ্কা, অনুমোদন প্রক্রিয়া সহজ করতে গিয়ে পরিবেশগত সুরক্ষার গুরুত্বপূর্ণ বিধান দুর্বল হয়ে যেতে পারে। বিশেষ করে ক্লিন ওয়াটার অ্যাক্ট, এনডেঞ্জার্ড স্পিসিজ অ্যাক্ট এবং ন্যাশনাল এনভায়রনমেন্টাল পলিসি অ্যাক্টের আওতায় থাকা পর্যালোচনা ও জনমত গ্রহণের সুযোগ সীমিত হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য ক্যাথি ক্যাস্টর বিলটির পরিবেশসংক্রান্ত ধারাগুলোতে পরিবর্তন আনার পক্ষে কথা বলেছেন। তাঁর মতে, ক্লিন ওয়াটার অ্যাক্ট ও বিপন্ন প্রজাতি সংরক্ষণসংক্রান্ত আইনের বিষয়গুলো আরও ভালোভাবে বিবেচনা করা প্রয়োজন। কোনো প্রকল্প অনুমোদনের আগে স্থানীয় জনগণের মতামত দেওয়ার সুযোগও যথাযথভাবে বজায় রাখা জরুরি।
অন্যদিকে কিছু ডেমোক্র্যাট আইনপ্রণেতা এখনই বিলটি পাসের চেষ্টা না করে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে চান। তাঁদের যুক্তি, নতুন কংগ্রেসে দলটির সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে জীবাশ্ম জ্বালানি প্রকল্পের ওপর কঠোর নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার আরও শক্তিশালী ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।
প্রতিনিধি পরিষদের সদস্য ভেরোনিকা এসকোবার এই অপেক্ষার পক্ষে থাকা আইনপ্রণেতাদের একজন। তাঁর মতে, এখন বিলটি পাস না হলেও ভবিষ্যতে আরও ভালো সমঝোতার সুযোগ থাকবে। অন্যদিকে বিলটির আলোচনায় যুক্ত ডেমোক্র্যাট সিনেটর শেলডন হোয়াইটহাউস মনে করছেন, এখনই সমঝোতার সুযোগ কাজে লাগানো উচিত। তাঁর ভাষ্য, বিলটি পাস হলে পরিচ্ছন্ন জ্বালানি প্রকল্প বাস্তবায়নে গতি আসবে।
বিলটি নিয়ে ডেমোক্র্যাটদের মতপার্থক্য শুধু পরিবেশগত সুরক্ষায় সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্রে দ্রুত বাড়তে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা, বিদ্যুৎ উৎপাদন এবং জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ ব্যবহার নিয়েও উদ্বেগ রয়েছে। সমালোচকদের আশঙ্কা, অনুমোদন প্রক্রিয়া সহজ করার সুযোগ কাজে লাগিয়ে প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বিস্তার ঘটতে পারে।
এখন সিনেটে বিলটির ওপর আলোচনা ও সংশোধনী প্রক্রিয়া কতদূর এগোয়, সেটিই গুরুত্বপূর্ণ। সিনেটে চূড়ান্ত অনুমোদন পেলেও প্রতিনিধিপরিষদে বিলটি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ডেমোক্র্যাটদের একাংশের আপত্তি এবং পরিবেশবাদী সংগঠনগুলোর বিরোধিতার কারণে শেষ পর্যন্ত কী ধরনের সমঝোতা তৈরি হয়, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নজর রয়েছে।
নিউজ ডেক্স
শেয়ার করুন