স্পেস শাটল থেকে মঙ্গলগ্রহের রোভার, নতুন জাদুঘরে ১২ রোমাঞ্চকর অভিজ্ঞতা
৮০০ বছরের ঐতিহ্যে লন্ডনে বর্ণাঢ্য শোভাযাত্রা, অংশ নিলেন হাজারো মানুষ
লন্ডনের রাজপথে শতাব্দীপ্রাচীন লর্ড মেয়রস শো
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ‘লর্ড মেয়রস শো’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) আয়োজিত বর্ণাঢ্য এই শোভাযাত্রায় অংশ নেন প্রায় ৬ হাজার ৫০০ মানুষ, ২৫০টি ঘোড়া এবং ৫০টিরও বেশি সুসজ্জিত যান। ৮০০ বছরের বেশি সময় ধরে চলে আসা এই আয়োজন ঘিরে লন্ডনের সিটি এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
লন্ডনের নতুন লর্ড মেয়রের দায়িত্ব গ্রহণ উপলক্ষে প্রতিবছর এই আয়োজন করা হয়। এ বছর দায়িত্ব নিয়েছেন অ্যাল্ডারম্যান ব্রোনেক মাসোজাদা। তিনি লন্ডনের ৬৯৮তম লর্ড মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।
শনিবার সকালে ম্যানশন হাউস থেকে রয়্যাল কোর্টস অব জাস্টিস পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে শোভাযাত্রাটি। পুরো পথের দৈর্ঘ্য ছিল ২ দশমিক ৮৬ মাইল বা প্রায় ৪ দশমিক ৬ কিলোমিটার। আয়োজকদের ধারণা ছিল, শোভাযাত্রার পথজুড়ে ৩ লাখ ৫০ হাজারের বেশি দর্শক উপস্থিত থাকবেন।
এবারের আয়োজনে ছিল নানা ধরনের আকর্ষণ। ৫০টির বেশি সুসজ্জিত যানবাহনের মধ্যে টাওয়ার ব্রিজের একটি প্রতিরূপও ছিল। এতে সেতুর চলমান রাস্তার অংশ বা বাসকিউলস উঁচু হওয়ার ব্যবস্থাও রাখা হয়। এ ছাড়া পুরোনো আমলের বাষ্পচালিত গাড়ি, বর্ণিল পোশাকের শিল্পী এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের দল শোভাযাত্রায় অংশ নেয়।
শোভাযাত্রার আগে লর্ড মেয়র টেমস নদী দিয়ে আনুষ্ঠানিক নৌযান ‘জুবিল্যান্ট’-এ করে যাত্রা করেন। তাঁর সঙ্গে ছিল বিভিন্ন লিভারি কোম্পানির নৌযানের বহর। পরে তিনি এইচএমএস প্রেসিডেন্ট এলাকায় তীরে ওঠেন। অতীতে লর্ড মেয়ররা রাজমুকুটের প্রতি আনুগত্যের শপথ নিতে ওয়েস্টমিনস্টারে যাওয়ার সময় যে নদীপথ ব্যবহার করতেন, বর্তমানের এই আনুষ্ঠানিক যাত্রা সেই ঐতিহ্যেরই প্রতীক।
লর্ড মেয়র অ্যান্ড শেরিফস কমিটির চেয়ারম্যান ডেপুটি নিঘাত কুরেশি বলেন, এটি বিশ্বের অন্যতম দীর্ঘদিন ধরে চলে আসা এমন একটি জনসমাগমমূলক আয়োজন, যার জন্য আগে থেকে কোনো মহড়া দেওয়া হয় না।
তিনি জানান, লন্ডন সিটি করপোরেশনের বিভিন্ন কার্যক্রম ও দায়িত্ব মানুষের সামনে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র হিসেবে লন্ডনের ভূমিকার পাশাপাশি গৃহহীন মানুষের সহায়তা, আত্মহত্যা প্রতিরোধ, পার্ক ও রয়্যাল পার্কগুলোর দেখভালসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমও এতে তুলে ধরা হয়।
আয়োজনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন অ্যাল্ডারগেট ওয়ার্ডের ওয়ার্ড বিডল মার্টিন ক্র্যাডক। তাঁর মতে, এটি লন্ডনের একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী আয়োজন, যা নতুন লর্ড মেয়রকে স্বাগত জানানোর পাশাপাশি শহরের মানুষকে একত্র করে। দেশের বিভিন্ন অঞ্চল এবং বিশ্বের নানা জায়গা থেকে মানুষ এই আয়োজন দেখতে আসেন।
নিজের আনুষ্ঠানিক পোশাকের বৈশিষ্ট্য তুলে ধরে ক্র্যাডক জানান, বিডলের দায়িত্বটি ১৩শ শতাব্দী থেকেই প্রচলিত। লন্ডন সিটির প্রতিটি ওয়ার্ডের বিডলের পোশাকে আলাদা নকশা, রঙ ও কারুকাজ থাকে। তাঁদের পোশাক সরবরাহ করে সিটি করপোরেশন। তাঁর পোশাকে রয়েছে বিশেষ ধরনের তিন কোণার টুপি এবং ওয়ার্ডের প্রতীক হিসেবে ব্যবহৃত রুপার তৈরি, সোনার প্রলেপ দেওয়া একটি দণ্ড বা ম্যাস।
এবারের শোভাযাত্রায় রঙিন পোশাক পরা শিল্পীদের পাশাপাশি নৌবাহিনীর আদলে তৈরি পোশাক পরা তরুণ ড্রামারদেরও দেখা যায়। তাঁদের বাদ্যযন্ত্রের ছন্দে মুখর হয়ে ওঠে লন্ডনের রাজপথ।
নতুন লর্ড মেয়র মাসোজাদা শুক্রবার ‘সাইলেন্ট সেরিমনি’ বা নীরব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ডেম সুসান ল্যাংলির স্থলাভিষিক্ত হয়েছেন। ল্যাংলি ছিলেন এই পদে দায়িত্ব পালনকারী প্রথম নারী, যাঁকে লেডি মেয়র বলা হয়।
৮০০ বছরের বেশি সময় ধরে চলে আসা লর্ড মেয়রস শো শুধু নতুন মেয়রের দায়িত্ব গ্রহণ উদ্যাপন নয়, লন্ডনের ইতিহাস, সামাজিক ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
নিউজ ডেক্স
শেয়ার করুন