৫৪ বিলিয়ন ডলারের বাজেটের নিয়ন্ত্রণ, ২০২৮ সালে নতুন পদে ভোট দেবেন লস এঞ্জেলেসের বাসিন্দারা
উড়োজাহাজ চলাচল বন্ধ, মাইক্রোসফট অচল, এআই বিতর্কে বাড়ছে যুক্তরাষ্ট্রজুড়ে উদ্বেগ
ওয়াশিংটন ডুলেস বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণ দেখছেন যাত্রীরা। ছবি: ক্লিফ ওয়েন/অ্যাসোসিয়েটেড প্রেস
যুক্তরাষ্ট্রে মাত্র কয়েক দিনের ব্যবধানে একের পর এক অস্বাভাবিক ঘটনা মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ঘিরে সিলিকন ভ্যালির বিতর্ক, মাইক্রোসফটের বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাট এবং শুক্রবার দেশজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার ঘটনা অনেককে ভাবিয়ে তুলেছে। সবকিছু কি ক্রমেই অকার্যকর হয়ে পড়ছে—এমন প্রশ্নও উঠছে সাধারণ মানুষের মধ্যে।
ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রভাব পড়ে শুক্রবার। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশজুড়ে উড়োজাহাজ চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে চার ঘণ্টার বেশি সময় ধরে হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকে থাকেন। অনেকের ফ্লাইট বাতিল হয়, আবার কেউ কেউ উড়োজাহাজের ভেতরে বসেই দীর্ঘ সময় অপেক্ষা করেন।
নিউ জার্সির রাহওয়ের বাসিন্দা ৬৮ বছর বয়সী চাক আমাসিও শুক্রবার নিউইয়র্কের নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার কথা ছিল। কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় তাঁকে ভাইয়ের সঙ্গে বিমানবন্দরের একটি বারে সময় কাটাতে হয়। পরে একটি হোটেলে রাত কাটিয়ে শনিবার সকালে আবার বিমানবন্দরে ফেরেন তিনি।
আমাসিওর ভাষায়, চারপাশে অনেক অদ্ভুত ঘটনা ঘটছে, যা মানুষকে ভাবতে বাধ্য করে। তাঁর আশঙ্কা, আধুনিক যুদ্ধে এখন আর শুধু বোমার প্রয়োজন হয় না। আকাশসীমা কিংবা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অচল করে দিলেও একটি দেশের অর্থনীতি বিপর্যস্ত করা সম্ভব।
শুক্রবারের ঘটনাগুলোর সঙ্গে আরও কয়েকটি অস্বাভাবিক পরিস্থিতি যুক্ত হয়। নিউ অরলিন্সে একটি ট্যাংকারের ধাক্কায় একটি প্রমোদতরি উল্টে যায়। যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটির ওপর সন্দেহজনক ড্রোনের উপস্থিতি দেখা যায়। অন্যদিকে, ওহাইওর একটি ইথানল কারখানার কাছে বোমা পাওয়া যায়।
এতগুলো ঘটনা একই সময়ে ঘটায় সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা ধরনের জল্পনা ছড়িয়ে পড়ে। এমনকি বিখ্যাত লেখক স্টিফেন কিং রসিকতা করে অনলাইনে লেখেন, পৃথিবীতে এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী এসে গেছে। তাঁর ভাষায়, বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়া ঠেকাতেই নাকি উড়োজাহাজ চলাচল বন্ধ করা হয়েছে।
তবে কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা ছিল অনেক বেশি বাস্তবসম্মত। এফএএ কর্মকর্তারা জানিয়েছেন, দেশের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রযুক্তি উন্নয়নের কাজ করতে গিয়ে পুরোনো যন্ত্রপাতিতে অতিরিক্ত চাপ তৈরি হয়। এর ফলে যোগাযোগ ও রাডার ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার সকাল থেকেই বিমান চলাচল পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। রোববার বিকেলের মধ্যে কার্যক্রম অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
অন্যদিকে, মাইক্রোসফট জানিয়েছে, নেটওয়ার্কের সক্ষমতা বাড়ানোর আগের একটি কাজের সমস্যার কারণে তাদের বিভিন্ন সেবা বিঘ্নিত হয়েছিল। পরবর্তী সময়ে নেটওয়ার্কে পরিবর্তন আনার পর সেই সমস্যা প্রকাশ পায়। শনিবার প্রতিষ্ঠানটি জানায়, তাদের সব সেবা পুরোপুরি পুনরুদ্ধার করা হয়েছে। তবে বিভ্রাটে বিশ্বের বিভিন্ন দেশের কয়েক কোটি মানুষ প্রভাবিত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সাইবার হামলার আশঙ্কা, কিন্তু প্রমাণ মেলেনি
পরপর এসব ঘটনা ঘটায় অনেকের মনেই সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়েছে। মিনিয়াপোলিসের ৩৪ বছর বয়সী চিকিৎসা সহকারী ম্যাক্সিন গুস্তাফসন শুক্রবার শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে ভাড়া করা গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। কর্মক্ষেত্রের প্রশিক্ষণ শেষে সহকর্মীদের সঙ্গে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প ব্যবস্থায় ফিরতে হয়।
গুস্তাফসনের মতে, এক সপ্তাহের মধ্যে এতগুলো প্রযুক্তিগত ও অবকাঠামোগত সমস্যার ঘটনা তাঁকে ভীত ও অসহায় করে তুলেছে। তাঁর প্রশ্ন, এসব কি কোনো সাইবার হামলার অংশ? কারণ, আধুনিক জীবনের অনেক গুরুত্বপূর্ণ ব্যবস্থার ওপর মানুষের নিয়ন্ত্রণ খুবই সীমিত।
তবে এফএএ এবং মাইক্রোসফট—দুই পক্ষই জানিয়েছে, এসব ঘটনার পেছনে কোনো ধরনের সাইবার হামলা বা ইচ্ছাকৃত ক্ষতিকর কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি।
ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো আন্তর্জাতিক বিমানবন্দরেও যাত্রীদের ভোগান্তি দেখা যায়। শনিবার সকালে বিমানবন্দরের ৬২টি ফ্লাইটের মধ্যে ১১টি বাতিল এবং আরও ১১টি বিলম্বিত ছিল। হাওয়াইয়ের বাসিন্দা টরি পারকিনস পরিবারের সঙ্গে দেখা করতে ফ্লোরিডা যাওয়ার পথে সান ডিয়েগোতে আটকে পড়েন। শুক্রবার রাত কাটাতে হয় বিমানবন্দরেই।
পারকিনস বলেন, সরকার কী বলছে, তা নিয়ে তাঁর পুরোপুরি আস্থা নেই। কারণ, বিভিন্ন পক্ষ থেকে ভিন্ন ভিন্ন তথ্য আসছে। কোনটি সত্য, তা বোঝা কঠিন হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রের পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা আধুনিক করার প্রয়োজনীয়তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, এই ব্যবস্থার উন্নয়নে আরও কয়েক হাজার কোটি ডলার প্রয়োজন।
কংগ্রেস ইতিমধ্যে ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। গত বছর থেকে পুরোনো তামার তারের সংযোগ পরিবর্তন করে ফাইবার অপটিক লাইন বসানো এবং শত শত রেডিও ব্যবস্থার আধুনিকায়নের কাজ চলছে। তবে পুরো প্রকল্প শেষ করতে হোয়াইট হাউস আরও ৩০ বিলিয়ন ডলার চাচ্ছে।
বিপর্যয়ের মধ্যেও মানুষের সহযোগিতা
তবে প্রযুক্তিগত বিপর্যয় ও ভ্রমণের ভোগান্তির মধ্যেও কিছু ইতিবাচক অভিজ্ঞতার কথা জানিয়েছেন যাত্রীরা।
মায়ামি থেকে ইলিনয়ের মলিনে ফিরছিলেন ৩৭ বছর বয়সী শিক্ষক করবিন ওয়াশার। শিক্ষাবিষয়ক একটি সম্মেলন শেষে তাঁর ফ্লাইট শার্লট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দরে চার ঘণ্টা আটকে ছিল। তবে উড়োজাহাজের ভেতরে যাত্রীরা একে অপরের সঙ্গে কথা বলেছেন, হাঁটাহাঁটি করেছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন।
আমেরিকান এয়ারলাইনসের কর্মীরাও যাত্রীদের পানি, প্রেটজেল ও বিস্কুট সরবরাহ করেন। ওয়াশারের মতে, প্রচণ্ড চাপের মধ্যেও কর্মীরা অসাধারণ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।
অন্যদিকে, নিউয়ার্ক বিমানবন্দরে ক্যারোলিন রুইজ প্রথম ফ্লাইট বাতিল হওয়ার পর কয়েক ঘণ্টা একটি হিটিং ভেন্টের পাশে ঘুমিয়ে কাটান। অস্ট্রেলিয়ায় ২৪ ঘণ্টার দীর্ঘ যাত্রার প্রথম অংশ বাতিল হওয়ায় তাঁর পরিকল্পনা ভেস্তে যায়। পরদিনও প্রযুক্তিগত সমস্যার কারণে ভোগান্তিতে পড়তে হয় তাঁকে।
তবে মাইক্রোসফটের বিভ্রাট নিয়ে তাঁর প্রতিক্রিয়া ছিল কিছুটা ভিন্ন। রুইজ মজা করে বলেন, প্রযুক্তির কারণে এক দিন তাঁর কাজ বন্ধ হয়ে গেলেও সেটি হয়তো পুরোপুরি খারাপ ছিল না। বরং ওই দিনটি তিনি একরকম বিনা মূল্যের ছুটি হিসেবে পেয়েছিলেন।
সব মিলিয়ে উড়োজাহাজ চলাচল, যোগাযোগ প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলো যুক্তরাষ্ট্রের আধুনিক অবকাঠামোর সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রযুক্তিগত সমস্যাগুলোর ব্যাখ্যা দিয়েছে এবং সাইবার হামলার প্রমাণ অস্বীকার করেছে, তবু সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা কাটেনি। প্রযুক্তিনির্ভর জীবনে এমন একের পর এক বিভ্রাট কতটা বড় বিপর্যয় তৈরি করতে পারে, তা নিয়েই এখন নতুন করে আলোচনা চলছে।
নিউজ ডেক্স
শেয়ার করুন