আন্তর্জাতিক শিক্ষার্থী হারাচ্ছে ক্যালিফোর্নিয়া, শীর্ষ অবস্থান দখল করল নিউইয়র্ক
আন্তর্জাতিক শিক্ষার্থী হারাচ্ছে ক্যালিফোর্নিয়া, শীর্ষ অবস্থান দখল করল নিউইয়র্ক
ইউএসসি ক্যাম্পাসে টমি ট্রোজান ভাস্কর্য। (ছবি: জেনারো মোলিনা/লস এঞ্জেলেস টাইমস)
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য বিদেশি শিক্ষার্থীদের অন্যতম জনপ্রিয় গন্তব্য ছিল ক্যালিফোর্নিয়া। কয়েক দশক ধরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকা অঙ্গরাজ্যটি এবার সেই অবস্থান হারিয়েছে। নতুন পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের সামগ্রিক হারের তুলনায় দ্বিগুণেরও বেশি গতিতে ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমেছে। ফলে শীর্ষস্থান দখল করেছে নিউইয়র্ক।
ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের (আইআইই) বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত শিক্ষাবর্ষে ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ৫ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ২৭৬ জনে। অন্যদিকে, পুরো যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২ দশমিক ৭ শতাংশ। ক্যালিফোর্নিয়ায় শিক্ষার্থীর এই সংখ্যা গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। এমনকি করোনা মহামারির সময়ের তুলনায়ও এখন অঙ্গরাজ্যটিতে কম আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছেন।
অন্যদিকে, নিউইয়র্কে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৭১৫ জনে। ফলে ক্যালিফোর্নিয়াকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় আন্তর্জাতিক শিক্ষার্থী গন্তব্য হয়ে উঠেছে অঙ্গরাজ্যটি।
এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে টেক্সাস। সেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ১ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৯০২ জনে। বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের অংশগ্রহণ টেক্সাসের এই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ভিসা নীতি ও অভিবাসন নিয়ে উদ্বেগ
ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমার পেছনে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি, ভিসা প্রক্রিয়ার জটিলতা এবং ভ্রমণ নিষেধাজ্ঞাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে।
২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর বিদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন নিয়ম কঠোর করা হয়েছে। শিক্ষার্থী ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট প্রকাশ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কর্তৃপক্ষ সেগুলো যাচাই করতে পারে। পাশাপাশি কয়েক ডজন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এ ছাড়া ফিলিস্তিনপন্থী বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে বহিষ্কারের উদ্যোগ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এসব পদক্ষেপের কারণে অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনার পরিকল্পনা পুনর্বিবেচনা করছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক সংগঠনগুলো।
গত বছরের এক পূর্বাভাসে আশঙ্কা করা হয়েছিল, এসব পরিবর্তনের কারণে ২০২৫ সালের শরৎকালীন সেমিস্টারে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমতে পারে। বাস্তবে নতুন শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ দশমিক ৭ শতাংশ।
এবারের প্রতিবেদন প্রকাশের পাশাপাশি ৮০০টির বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ওপর পরিচালিত আরেকটি জরিপেও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। এতে দেখা গেছে, চলতি শরৎ সেমিস্টারে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ৯ শতাংশ কমেছে। নতুন শিক্ষার্থী ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৫ শতাংশ করে।
জরিপে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ৮৮ শতাংশ ভিসা প্রক্রিয়ার জটিলতাকে এবং ৭০ শতাংশ ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধকে শিক্ষার্থী কমার কারণ হিসেবে উল্লেখ করেছে।
চীনা শিক্ষার্থীর সংখ্যা কমছে ক্যালিফোর্নিয়ায়
ক্যালিফোর্নিয়ার আন্তর্জাতিক শিক্ষার্থীদের সবচেয়ে বড় অংশ আসে চীন থেকে। অঙ্গরাজ্যটির মোট আন্তর্জাতিক শিক্ষার্থীর ৩৬ শতাংশই চীনা নাগরিক। পুরো যুক্তরাষ্ট্রে এই হার ২২ শতাংশ।
তবে দেশটিতে চীনা শিক্ষার্থীর সংখ্যা টানা ছয় বছর ধরে কমছে। অন্যদিকে, ভারতীয় শিক্ষার্থীদের সংখ্যা বাড়ায় এত দিন ক্যালিফোর্নিয়ার আন্তর্জাতিক শিক্ষার্থীর সামগ্রিক অবস্থান তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। গত শিক্ষাবর্ষে সেই প্রবণতাও আর ধরে রাখা যায়নি।
বিশ্ববিদ্যালয়ভিত্তিক পরিসংখ্যানে অবশ্য ভিন্ন চিত্র দেখা গেছে। ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় (ইউএসসি) আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় অপরিবর্তিত থেকে ১৭ হাজার ৮৫৬ জনে রয়েছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এই সংখ্যা প্রায় ২ শতাংশ বেড়ে ৫ হাজার ৮২৪ হয়েছে। ইউসি বার্কলেতে কমেছে ১ শতাংশেরও কম, শিক্ষার্থী রয়েছে ১১ হাজার ৯১৭ জন। অন্যদিকে, ইউসিএলএতে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৪৪ জনে।
স্নাতকোত্তর শিক্ষার্থী কমায় জাতীয় পরিসংখ্যানেও প্রভাব
যুক্তরাষ্ট্রজুড়ে আন্তর্জাতিক শিক্ষার্থী কমার অন্যতম কারণ স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হ্রাস। বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে স্নাতকোত্তর পর্যায়ের সংখ্যা কমেছে ৩৪ শতাংশ। তবে একই সময়ে যুক্তরাষ্ট্রে ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণ বা অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচির আওতায় থাকা ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা ২৭ শতাংশ বেড়েছে।
ওপিটি কর্মসূচির মাধ্যমে বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর সাধারণত এক বছর এবং বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে থেকে নিজেদের বিষয়ে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
গত বছর এই কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৪ দশমিক ১ শতাংশ বেড়েছে। ফলে সামগ্রিক আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমলেও পতনের হার কিছুটা সীমিত রয়েছে। এই কর্মসূচিতে থাকা শিক্ষার্থীদের বাদ দিলে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমে ৮ লাখ ১০ হাজার ৩৭৮ জনে দাঁড়িয়েছে, যা ২০২১-২২ শিক্ষাবর্ষের পর সর্বনিম্ন।
এদিকে, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, ওপিটি কর্মসূচির জন্য কোনো শিক্ষার্থীকে সুপারিশ করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতিজনের জন্য ৭০ হাজার ডলার পর্যন্ত ফি দিতে হতে পারে। বর্তমানে শিক্ষার্থীদের আবেদন ফি প্রায় ৫০০ ডলার। প্রস্তাবিত এই পরিবর্তনের বিরোধিতা করে ক্যালিফোর্নিয়াসহ ২৩টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসি আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছে।
সব মিলিয়ে ভিসা জটিলতা, অভিবাসন নীতির অনিশ্চয়তা এবং উচ্চশিক্ষার ব্যয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আসার সিদ্ধান্তকে প্রভাবিত করছে। বিশেষ করে ক্যালিফোর্নিয়ার মতো দীর্ঘদিনের জনপ্রিয় শিক্ষাকেন্দ্রের জন্য এই পরিস্থিতি নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন