বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল নির্মাণ করছে ইউরোপের দেশ নরওয়ে
বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল নির্মাণ করছে ইউরোপের দেশ নরওয়ে
নির্মাণাধীন রগফাস্ট হবে বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল। এর দৈর্ঘ্য ২৭ কিলোমিটার। ছবি: স্কানস্কা
নরওয়েতে নির্মাণ করা হচ্ছে বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল। ‘রগফাস্ট’ (Rogfast) নামের এই প্রকল্পের আওতায় প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ টানেল তৈরি হচ্ছে। এর সবচেয়ে গভীর অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৯২ মিটার নিচে থাকবে। প্রকল্পটি শেষ হলে নরওয়ের পশ্চিম উপকূলে যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।
টানেলটি নরওয়ের স্টাভাঙ্গার ও বার্গেন শহরের মধ্যে সড়ক যোগাযোগ সহজ করবে। বর্তমানে এই পথে যাতায়াতের জন্য ফেরির ওপর নির্ভর করতে হয়। টানেল চালু হলে সেই নির্ভরতা কমবে এবং দুই শহরের মধ্যে যাতায়াতের সময় প্রায় ৪০ মিনিট কমে আসবে।
রগফাস্ট নামটি এসেছে নরওয়ের রগালান্ড অঞ্চলের নাম এবং ‘স্থায়ী সংযোগ’ অর্থবোধক একটি নরওয়েজীয় শব্দ থেকে। এটি দেশটির পশ্চিম উপকূল ধরে নির্মিতব্য ফেরিমুক্ত মহাসড়ক ই৩৯ প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ।
টানেলটি দুটি পৃথক সুড়ঙ্গপথে বিভক্ত হবে। প্রতিটি পথে থাকবে দুই লেনের সড়ক। দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য দুই সুড়ঙ্গের মধ্যে নির্দিষ্ট দূরত্ব পরপর সংযোগপথও রাখা হচ্ছে।
প্রকল্পটির অন্যতম বিশেষ দিক হলো কভিৎসয় দ্বীপের নিচে নির্মিত ভূগর্ভস্থ সংযোগব্যবস্থা। সেখানে সুড়ঙ্গের ভেতরে গোলচত্বরসহ একাধিক সংযোগপথ তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে দ্বীপটির সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে।
রগফাস্ট প্রকল্পের নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালের জানুয়ারিতে। তবে ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কায় ২০১৯ সালের শেষ দিকে কাজ বন্ধ হয়ে যায়। প্রকল্প পুনর্গঠনের পর ২০২১ সালের শেষ দিকে আবার নির্মাণকাজ শুরু হয়। বর্তমানে ২০৩৩ সালে টানেলটি চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ২৫ বিলিয়ন নরওয়েজীয় ক্রোনার, যা প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের সমান।
এত গভীরে টানেল নির্মাণে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভূতাত্ত্বিক পরিস্থিতি ও পানির চাপ। নির্মাণকাজের সময় পাথরের ফাটল দিয়ে লবণাক্ত পানি প্রবেশের সমস্যা দেখা দিয়েছে। এসব ফাটল বন্ধ করতে কার্যকর পদ্ধতি নিয়ে কাজ চলছে। পাশাপাশি দীর্ঘ টানেলের ভেতরে বাতাস চলাচল, ধোঁয়া নিয়ন্ত্রণ ও জরুরি পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বায়ু চলাচলব্যবস্থা তৈরি করা হচ্ছে।
রগফাস্ট বৃহত্তর ই৩৯ উপকূলীয় মহাসড়ক উন্নয়ন পরিকল্পনার অংশ। প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি নরওয়ের ট্রনহেইম থেকে ক্রিস্টিয়ানস্যান্ড পর্যন্ত বিস্তৃত। বর্তমানে পুরো পথ পাড়ি দিতে সাতটি ফেরি পার হতে হয় এবং প্রায় ২১ ঘণ্টা সময় লাগে। ভবিষ্যতে সেতু ও টানেল নির্মাণের মাধ্যমে এই পথকে ফেরিমুক্ত করার পরিকল্পনা রয়েছে। পুরো মহাসড়ক প্রকল্প শেষ হতে ২০৫০ সাল পর্যন্ত সময় লাগতে পারে।
নির্মাণকাজ শেষ হলে রগফাস্ট শুধু যাতায়াতের সময় কমাবে না, পশ্চিম নরওয়ের বিভিন্ন অঞ্চলের মধ্যে ব্যবসা, কর্মসংস্থান ও জরুরি সেবায় যোগাযোগও সহজ করবে বলে আশা করা হচ্ছে।
নিউজ ডেক্স
শেয়ার করুন