৫৪ বিলিয়ন ডলারের বাজেটের নিয়ন্ত্রণ, ২০২৮ সালে নতুন পদে ভোট দেবেন লস এঞ্জেলেসের বাসিন্দারা
বাড়ির উঠানে কোয়োটের আনাগোনা, শিশুর ওপর আক্রমণের পর বাড়ছে উদ্বেগ
লস এঞ্জেলেসের ওয়েস্টচেস্টার এলাকায় কোয়োটের (বন্য কুকুরজাতীয় প্রাণী) আনাগোনা নিয়ে উদ্বেগ বাড়ছে। বাড়ির উঠানে প্রাণীটির উপস্থিতি, পোষা বিড়াল নিখোঁজ হওয়া এবং সম্প্রতি অ্যাটওয়াটার ভিলেজে এক শিশুর ওপর কোয়োটের আক্রমণের পর বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
গত আগস্টের শেষ দিকে ওয়েস্টচেস্টারের বাসিন্দা জেসিকা পুরানাপুত্রা ও তাঁর পরিবার সকালে ঘুম থেকে উঠে নিজেদের বেড়া দেওয়া বাড়ির উঠানের বালুর বাক্সে একটি কোয়োটকে ঘুমিয়ে থাকতে দেখেন। তাঁরা সেটিকে তাড়িয়ে দিলে প্রাণীটি প্রায় পাঁচ ফুট উঁচু দেয়াল টপকে চলে যায়। পরদিন আবার বাড়ির ট্রাম্পোলিনের নিচে সেটিকে দেখা যায়। প্রায় এক মাস ধরে কয়েক দিন পরপর প্রাণীটি ফিরে আসছিল।
তিন সন্তানের মা পুরানাপুত্রা প্রথমে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তাঁর স্বামী কয়েকবার ফোন করলেও কার্যকর সহায়তা পাননি। এক কর্মকর্তা তাঁকে জানান, কোয়োট শিশুদের অনুসরণ করতে পারে এবং প্রাণীটি জানালা দিয়ে পরিবারের দিকে তাকিয়ে থাকে কি না, তা জানতে চান। শেষ পর্যন্ত নিয়মিত শব্দ করে প্রাণীটিকে ভয় দেখানো এবং বেড়ার উচ্চতা বাড়ানোর ব্যবস্থা নেওয়ার পর সেটির আনাগোনা কমে যায়।
ওয়েস্টচেস্টারের অন্য বাসিন্দারাও সাম্প্রতিক মাসগুলোতে কোয়োটের উপস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। দীর্ঘদিনের বাসিন্দা রেনে লোপেজ জানান, এলাকার কয়েকটি বাড়ির সামনের লনে তিনি বিড়ালের দেহাবশেষ পড়ে থাকতে দেখেছেন। তাঁর ধারণা, তাঁর মেয়ের ১৭ বছর বয়সী পোষা বিড়াল জিরোও কোয়োটের শিকার হয়েছে। পরে বাড়ির সামনের উঠানে বিড়ালটির কলার পাওয়া যায়।
তবে লস এঞ্জেলেসের প্রাণী নিয়ন্ত্রণ বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর ওয়েস্টচেস্টার থেকে কোয়োট-সংক্রান্ত মাত্র চারটি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে দুটি প্রাণী দেখার ঘটনা এবং দুটি আহত প্রাণীর খবর। বিভাগের কর্মকর্তা ভেনেসা রদ্রিগেজ বলেন, বছরের এই সময়ে সাধারণত কোয়োটের আনাগোনা বাড়ে। বিশেষ করে কমবয়সী প্রাণীরা নিজেদের নতুন এলাকা খুঁজতে বের হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একই প্রাণীর একাধিক ছবি বা ভিডিও ছড়িয়ে পড়ায় সংখ্যায় বেশি প্রাণী আছে বলে মনে হতে পারে।
রদ্রিগেজ জানান, লস এঞ্জেলেসে বন্য প্রাণী নিয়ন্ত্রণে জনবলের ঘাটতি রয়েছে। তিনি নিজেই বিভাগের মাত্র দুজন বন্য প্রাণী বিশেষজ্ঞের একজন। তাঁর মতে, অন্তত ছয়জন বিশেষজ্ঞ থাকা প্রয়োজন। বাজেট সংকট, কর্মীদের চাকরি ছেড়ে দেওয়া এবং অবসরের কারণে পরিস্থিতি আরও কঠিন হয়েছে।
কর্তৃপক্ষের পরামর্শ, বাড়ির উঠানে পড়ে থাকা ফল সরিয়ে ফেলতে হবে। বাইরে বিড়ালের খাবার বা পাখির খাবার রাখা যাবে না। কোয়োট দেখা গেলে নিয়মিত শব্দ করে বা অন্যভাবে ভয় দেখিয়ে দূরে রাখতে হবে। রদ্রিগেজের মতে, কোনো এলাকায় কোয়োট মানুষের ওপর বিনা উসকানিতে আক্রমণ করলে অনেক সময় সেখানে কেউ প্রাণীটিকে খাবার দিয়ে অভ্যস্ত করে তুলেছে।
এই উদ্বেগ আরও বেড়েছে অ্যাটওয়াটার ভিলেজে ১৬ মাস বয়সী এক শিশুর ওপর কোয়োটের আক্রমণের পর। প্রাণীটি শিশুটিকে কামড়ানোর পর বন্য প্রাণী কর্মকর্তারা সেটিকে গুলি করেন। প্রথমে প্রাণীটি মারা গেছে বলে জানানো হলেও পরে সেটিকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। পরবর্তী সময়ে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বন্য প্রাণী বিভাগ ও যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের কর্মকর্তারা প্রাণীটিকে খুঁজে বের করে মেরে ফেলেন।
ঘটনাটির সঙ্গে যুক্ত এলাকায় কোয়োটকে খাবার দেওয়ার অভিযোগও তদন্ত করছে কর্তৃপক্ষ। তবে বন্য প্রাণী নিয়ন্ত্রণে আরও দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও বন্য প্রাণী নিয়ে কাজ করা কয়েকজন বিশেষজ্ঞ।
ওয়েস্টচেস্টারের চার সন্তানের মা লুসি ডার্বি আশঙ্কা করছেন, তাঁর এলাকাতেও যেকোনো সময় একই ধরনের ঘটনা ঘটতে পারে। তাঁর প্রশ্ন, “কিছু একটা ঘটে যাওয়ার জন্য কি অপেক্ষা করতে হবে?”
তবে বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের একাংশ মনে করেন, নির্বিচারে কোয়োট মেরে ফেলা সমস্যার স্থায়ী সমাধান নয়। বরং বাসিন্দাদের সচেতনতা, খাবারের উৎস নিয়ন্ত্রণ এবং দ্রুত সাড়া দেওয়ার মতো পর্যাপ্ত জনবল নিশ্চিত করাই বেশি কার্যকর।
নিউজ ডেক্স
শেয়ার করুন