‘পরগাছা’ কটাক্ষের জবাবে অপুর ‘লেভেলে আসুক’, পরীমনির সঙ্গে বিরোধের নেপথ্যে কী
ট্রাম্পের এনভিডিয়া শেয়ারের মূল্য এক বছরে কয়েক গুণ বেড়েছে, বলছে ওয়াশিংটন পোস্ট
এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এনভিডিয়া শেয়ারে বিনিয়োগের মূল্য বেড়ে সর্বোচ্চ ৬ কোটি ২০ লাখ ডলারে পৌঁছেছে। চলতি বছরের আগস্টের শেষ নাগাদ তাঁর হাতে থাকা শেয়ারের মূল্য ১ কোটি ৩০ লাখ থেকে ৬ কোটি ২০ লাখ ডলারের মধ্যে ছিল বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। ট্রাম্পের আর্থিক বিবরণী পর্যালোচনা করে এই হিসাব করেছে সংবাদমাধ্যমটি।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের শেষ দিকে ট্রাম্পের এনভিডিয়া শেয়ারের মূল্য ছিল ৬ লাখ ১৫ হাজার থেকে ১৩ লাখ ডলারের মধ্যে। অর্থাৎ, দেড় বছরেরও কম সময়ে এই বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে প্রকাশিত আর্থিক নথিতে আগস্টের পরের দুই মাসের লেনদেন অন্তর্ভুক্ত হয়নি। ফলে ট্রাম্পের প্রকৃত বিনিয়োগের মূল্য আরও বেশি হতে পারে।
এনভিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জন্য উন্নত চিপ তৈরি করে। প্রতিষ্ঠানটির সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক এবং চীনে চিপ রপ্তানির নীতি নিয়ে সাম্প্রতিক সময়ে নজরদারি ও বিতর্ক বেড়েছে।
গত ডিসেম্বরে ট্রাম্প ঘোষণা করেছিলেন, অনুমোদিত গ্রাহকদের কাছে এনভিডিয়ার এইচ২০০ চিপ বিক্রির সুযোগ দেওয়া হবে। এসব বিক্রি থেকে আয়ের ২৫ শতাংশ যুক্তরাষ্ট্র সরকার পাবে। চীনে উন্নত এআই চিপ রপ্তানির ক্ষেত্রে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হয়।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বিনিয়োগের মূল্য যখন বাড়ছিল, তখন তাঁর প্রশাসন এনভিডিয়াকে চীনে কিছু উন্নত চিপ বিক্রির অনুমতি দেয়। একই সময়ে বাণিজ্য মন্ত্রণালয় এমন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে রপ্তানি বিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করছিল, যাদের কাছে এনভিডিয়ার চিপ সরবরাহের বিষয়টি আলোচনায় আসে।
ট্রাম্পের শেয়ার কেনাবেচা নিয়েও প্রশ্ন উঠেছে। চলতি বছরের জুনে ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে চিঠি দিয়ে জানতে চান, বাণিজ্য মন্ত্রণালয় এনভিডিয়ার চিপ রপ্তানি বিধি শিথিল করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানোর এক সপ্তাহ আগে ট্রাম্পের ১০ লাখ ডলার পর্যন্ত এনভিডিয়া শেয়ার কেনার বিষয়টি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তদন্ত করা উচিত কি না।
হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইংল এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট নিজে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের শেয়ার বেছে নেন না বা কেনাবেচা করেন না। স্বাধীন আর্থিক ব্যবস্থাপকেরা তাঁর বিনিয়োগের পোর্টফোলিও পরিচালনা করেন। হোয়াইট হাউসের আগের বক্তব্য অনুযায়ী, ট্রাম্পের সম্পদ তাঁর সন্তানদের পরিচালিত একটি ট্রাস্টের অধীনে রয়েছে।
তবে সরকারি নীতিনির্ধারণের সঙ্গে ব্যক্তিগত বিনিয়োগের সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নীতিনৈতিকতা বিশেষজ্ঞ ও সরকারি নজরদারি সংস্থাগুলো। আইন বিশেষজ্ঞদের বক্তব্য, ট্রাম্পের ক্ষেত্রে নির্বাহী বিভাগের কর্মকর্তাদের জন্য প্রযোজ্য ফেডারেল স্বার্থের সংঘাতসংক্রান্ত অপরাধ আইনের বিধান সরাসরি প্রযোজ্য নয়। তবে এ নিয়ে রাজনৈতিক ও নৈতিক প্রশ্ন থেকে যাচ্ছে।
রয়টার্স জানিয়েছে, তারা ওয়াশিংটন পোস্টের এই হিসাব স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এ বিষয়ে হোয়াইট হাউস ও এনভিডিয়া তাৎক্ষণিকভাবে তাদের মন্তব্য জানায়নি।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন