‘পরগাছা’ কটাক্ষের জবাবে অপুর ‘লেভেলে আসুক’, পরীমনির সঙ্গে বিরোধের নেপথ্যে কী
নিউইয়র্কে বিক্ষোভ নিয়ন্ত্রণের দায়িত্বে পরিবর্তন, ভেঙে দেওয়া হচ্ছে পুলিশের বিতর্কিত ইউনিট
মেয়র মামদানি ও এনওয়াইপিডির নতুন বিক্ষোভ নীতি। ছবি: অ্যাডমিডিয়া ফটো/স্প্ল্যাশনিউজ ডটকম
নিউইয়র্ক সিটি পুলিশের বিতর্কিত স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ (এসআরজি) বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি। বিক্ষোভ মোকাবিলা ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের দায়িত্ব আলাদা করে নতুন কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে তাঁর প্রশাসন। নতুন ব্যবস্থায় বিক্ষোভকারীদের সঙ্গে যোগাযোগ, আলোচনা ও উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। এ কাজে নেতৃত্ব দেবে একটি বেসামরিক দল।
সোমবার (১৬ নভেম্বর) পুলিশ কমিশনার জেসিকা টিশকে সঙ্গে নিয়ে মামদানি এ ঘোষণা দেন। নির্বাচনী প্রচারের সময় এসআরজি বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। মেয়রের ভাষ্য, শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকদের সঙ্গে সন্ত্রাসী হুমকি মোকাবিলার মতো আচরণ করা উচিত নয়।
২০১৫ সালে গঠিত এসআরজি নিউইয়র্ক পুলিশ বিভাগের প্রায় ৫০০ সদস্যের একটি বিশেষায়িত ইউনিট। সন্ত্রাসবিরোধী কার্যক্রমের পাশাপাশি বড় ধরনের অ প রা ধ, জনসমাগম ও বিক্ষোভ নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করত ইউনিটটি। তবে বিভিন্ন বিক্ষোভে পুলিশের কঠোর আচরণ, অতিরিক্ত বল প্রয়োগ এবং বিক্ষোভকারীদের ঘিরে ফেলার কৌশল নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা ও আইনি বিতর্ক ছিল।
নতুন পরিকল্পনায় এসআরজির সন্ত্রাসবিরোধী দায়িত্ব এনওয়াইপিডির ইন্টেলিজেন্স অ্যান্ড কাউন্টারটেররিজম ব্যুরোর অধীনে নেওয়া হবে। ইউনিটটির প্রায় ৫০০ সদস্যকে পুলিশের অন্যান্য বিভাগে পুনর্বিন্যাস করা হবে। ফলে পুলিশের মোট সদস্যসংখ্যা কমবে না।
বিক্ষোভ মোকাবিলায় মেয়রের কমিউনিটি সেফটি কার্যালয়ের অধীনে গঠন করা হবে ‘কমিউনিটি ডায়ালগ অ্যান্ড ডি-এস্কেলেশন ডিভিশন’। এই বেসামরিক দলের সদস্যরা অ স্ত্র বহন করবেন না এবং তাঁদের কাউকে গ্রে প্তারের ক্ষমতাও থাকবে না। বিক্ষোভের আগে ও চলাকালে আয়োজকদের সঙ্গে যোগাযোগ এবং সম্ভাব্য উত্তেজনা কমানোর কাজ করবেন তাঁরা।
এর পাশাপাশি এনওয়াইপিডির কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর অধীনে ৩০ সদস্যের ‘ফার্স্ট অ্যামেন্ডমেন্ট সাপোর্ট টিম’ গঠন করা হবে। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের সঙ্গে যোগাযোগ ও পরিস্থিতি শান্ত রাখার কাজে বেসামরিক দলের সঙ্গে সমন্বয় করবেন। জনসমাগম নিয়ন্ত্রণে পুলিশের আরেকটি প্যাট্রল সাপোর্ট ডিভিশনও গঠন করা হবে। প্রয়োজন হলে বিশেষ পরিস্থিতিতে এই বিভাগের সদস্যরা গ্রে প্তার করতে পারবেন।
নতুন নীতিতে বিক্ষোভকারীদের চারদিক থেকে ঘিরে বের হওয়ার পথ বন্ধ করে দেওয়ার কৌশল, যাকে ‘কেটলিং’ বলা হয়, নিষিদ্ধ করা হবে। পাশাপাশি বিক্ষোভ নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস, লংগান ও পেপার স্প্রে ব্যবহারের ওপরও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
পুলিশ কমিশনার জেসিকা টিশ এই পরিবর্তনে সমর্থন জানিয়েছেন। তাঁর বক্তব্য, নতুন কাঠামো পুলিশের নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী সক্ষমতা অক্ষুণ্ন রেখেই দায়িত্বগুলো আরও কার্যকরভাবে ভাগ করবে।
তবে পুলিশের একটি সংগঠন এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের মতে, বিশেষায়িত ইউনিট বিলুপ্ত করার ফলে বিক্ষোভ বা বড় ধরনের বিশৃঙ্খলার সময় জননিরাপত্তা এবং পুলিশ সদস্যদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। অন্যদিকে, নাগরিক অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে বিক্ষোভে পুলিশের কঠোর কৌশল সীমিত করার দাবি জানিয়ে আসছেন।
নতুন কাঠামো বাস্তবায়নের কাজ আগামী জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা। আগামী বছরের বসন্তে এসআরজি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হলে নতুন ব্যবস্থায় বিক্ষোভ মোকাবিলার দায়িত্ব পুরোপুরি হস্তান্তর করা হবে।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন