ম্যানহাটনের সাবওয়েতে সংঘর্ষ, ট্রানজিট কর্মীর কানের একাংশ কামড়ে ছিঁড়ে নিলেন যাত্রী
ম্যানহাটনের সাবওয়েতে সংঘর্ষ, ট্রানজিট কর্মীর কানের একাংশ কামড়ে ছিঁড়ে নিলেন যাত্রী
এফ ট্রেন। ছবি: থিওডোর প্যারিসিয়েন / নিউইয়র্ক ডেইলি নিউজ
ম্যানহাটনে সাবওয়ে ট্রেনের ভেতরে বাগ্বিতণ্ডার একপর্যায়ে এক ব্যক্তির কানে কামড় দেন আরেক যাত্রী। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টার কিছু আগে উত্তরমুখী এফ ট্রেনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, ট্রেনটি ম্যাডিসন ও রাটগার্স স্ট্রিটের কাছাকাছি পৌঁছালে দুই ব্যক্তির মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি শারীরিক সংঘর্ষে রূপ নেয় এবং ৫৩ বছর বয়সী এক ব্যক্তি কানে কামড়ের শিকার হন।
আহত ব্যক্তিকে বেলভিউ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।
সন্দেহভাজন ব্যক্তির পরনে ধূসর রঙের ট্রাউজার ও একই রঙের শার্ট ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার পর তিনি দক্ষিণমুখী একটি এফ ট্রেনে উঠে পালিয়ে যান।
কী কারণে তাঁদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়েছিল, তা এখনো জানায়নি পুলিশ।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন