শি জিনপিংয়ের উপস্থিতিতে করমর্দন ট্রাম্প-পুতিনের, বৃহস্পতিবার বসছেন ঐতিহাসিক বৈঠকে
একের পর এক অচল হচ্ছে প্রযুক্তি ব্যবস্থা, সাইবার ঝুঁকি থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে
মাইক্রোসফট কোপাইলটের ‘গ্লোবাল আউটেজ’ প্রতীকী চিত্র। ছবি: রয়টার্স/দাদো রুভিক (ইলাস্ট্রেশন)
বিশ্বজুড়ে একের পর এক প্রযুক্তি সেবায় বিপর্যয় দেখা দিচ্ছে। এর প্রভাব পড়ছে বিমান চলাচল, কর্মক্ষেত্র, ব্যাংকিং সেবা ও সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমে। কোথাও দীর্ঘ সময় বন্ধ থাকছে অনলাইন সেবা, কোথাও ব্যবহারকারীরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে প্রযুক্তি বিপর্যয়ের পাশাপাশি ব্যক্তিগত তথ্য চুরি ও অনলাইন প্রতারণার ঝুঁকি নিয়েও সতর্ক করছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক প্রযুক্তিগত সমস্যাগুলোর বেশির ভাগই সরাসরি সাইবার হামলার কারণে ঘটেনি। তবে এসব ঘটনা দেখিয়ে দিচ্ছে, আধুনিক ডিজিটাল ব্যবস্থা কতটা পরস্পরনির্ভরশীল। একটি সফটওয়্যারের ত্রুটি, প্রযুক্তিগত সমস্যা কিংবা আপডেটের কারণে একসঙ্গে বহু গুরুত্বপূর্ণ সেবা অচল হয়ে যেতে পারে। আর এই বিশৃঙ্খলার সুযোগ নিতে পারে সাইবার অপরাধীরা।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের সরকারি ওয়েবসাইটে নিরাপত্তা দুর্বলতা, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিন্যান্সে ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের হ্যাকিং, ইউরোপের বিভিন্ন দেশে খাদ্য সংরক্ষণের শীতলীকরণ ব্যবস্থায় সাইবার হামলা এবং মাইক্রোসফটের সেবা বিপর্যয়ের ঘটনা সামনে এসেছে।
এ ছাড়া এফএএর রাউটারের সমস্যায় বিমান চলাচল ব্যাহত হয়েছে। জেপিমরগ্যান চেজের বিভিন্ন প্রযুক্তি সেবায় বিঘ্ন ঘটেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ তাদের অভ্যন্তরীণ ব্যবস্থায় সাময়িক সমস্যার কথা জানিয়েছে। মঙ্গলবার অ্যাপলের কয়েকটি সেবাও সাময়িকভাবে ব্যবহার করা যায়নি।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান হ্যালসিয়নের র্যানসমওয়্যার গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট সিনথিয়া কাইজার বলেন, একটি প্রযুক্তিগত ত্রুটি কিংবা সফটওয়্যার আপডেটের সমস্যা থেকে গুরুত্বপূর্ণ ডিজিটাল ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ছড়িয়ে পড়তে পারে।
তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের উন্নতির কারণে পুরোনো সফটওয়্যারের নিরাপত্তা দুর্বলতা খুঁজে বের করা আগের চেয়ে সহজ হচ্ছে। ফলে সাইবার অপরাধীরা দ্রুত এসব দুর্বলতা কাজে লাগানোর সুযোগ পাচ্ছে। কোনো প্রযুক্তি সেবা বন্ধ থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে অপরাধীরা ব্যবহারকারীদের লক্ষ্য করে প্রতারণা বা তথ্য চুরির চেষ্টা করতে পারে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ, ব্যক্তিগত তথ্য ও অনলাইন অ্যাকাউন্ট সুরক্ষায় কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
দুই স্তরের নিরাপত্তা চালু রাখুন
ব্যক্তিগত অনলাইন অ্যাকাউন্টে মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন বা একাধিক ধাপে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা চালু রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে শুধু পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে প্রবেশ করা যায় না। অতিরিক্ত যাচাই হিসেবে মোবাইলে পাঠানো কোড, নিরাপত্তা চাবি কিংবা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করতে হয়।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সেনসিসের প্রধান গবেষক এমিলি অস্টিন প্রতিটি ওয়েবসাইটে আলাদা পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ব্যাংক ও অন্যান্য আর্থিক লেনদেন নিয়মিত পর্যবেক্ষণ করাও জরুরি।
তবে ব্যবহারকারীরা সব ধরনের ঝুঁকি নিজেরা ঠেকাতে পারবেন না। কোনো ওয়েবসাইটের সফটওয়্যারে নিরাপত্তা দুর্বলতা থাকলে সেটি ঠিক করার দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেরই।
ফোন, কম্পিউটার ও রাউটারে স্বয়ংক্রিয় আপডেট চালু করুন
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেইল অব বিটসের প্রধান নির্বাহী ড্যান গুইডো স্মার্টফোন, কম্পিউটার এবং বাসার ইন্টারনেট রাউটারে স্বয়ংক্রিয় আপডেট চালু রাখার পরামর্শ দিয়েছেন।
কোনো সফটওয়্যারে নিরাপত্তা ত্রুটি ধরা পড়লে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সাধারণত তা সংশোধনের জন্য আপডেট প্রকাশ করে। সময়মতো এসব আপডেট ইনস্টল করলে অপরাধীদের দুর্বলতা কাজে লাগানোর সুযোগ কমে।
শুধু ফোন বা কম্পিউটার নয়, বাসার ইন্টারনেট সংযুক্ত স্মার্ট ডিভাইসগুলোর আপডেটও পরীক্ষা করা প্রয়োজন। অনেক স্মার্ট হোম ডিভাইস নিয়মিত আপডেট পায় না। এ কারণে সংশ্লিষ্ট নির্মাতার সঙ্গে যোগাযোগ করে নতুন নিরাপত্তা আপডেট আছে কি না, তা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ রুনা স্যান্ডভিক।
সফটওয়্যারের নিরাপত্তা ত্রুটি দ্রুত সংশোধন জরুরি
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সারির সেন্টার ফর সাইবার সিকিউরিটির প্রভাষক ড্যানিয়েল গার্ডহ্যামের মতে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নিজেদের ব্যবহৃত সফটওয়্যার সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। কোথায় নিরাপত্তা দুর্বলতা রয়েছে, তা শনাক্ত করে দ্রুত সংশোধন করতে হবে। পাশাপাশি কোনো ব্যবস্থা ইতিমধ্যে সাইবার অপরাধীদের নিয়ন্ত্রণে চলে গেছে কি না, সেটিও পরীক্ষা করা জরুরি।
তাঁর মতে, এআইয়ের কারণে সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বের করা দ্রুত ও সহজ হচ্ছে। কিন্তু বিপুলসংখ্যক প্রযুক্তি ব্যবস্থায় সেই ত্রুটি সংশোধন করা তুলনামূলক কঠিন। এই ব্যবধানই ভবিষ্যতে ইন্টারনেট নিরাপত্তার বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
ভুয়া নিরাপত্তা বার্তা থেকে সতর্ক থাকুন
বড় কোনো প্রযুক্তি বিপর্যয় বা সাইবার নিরাপত্তা ঝুঁকির খবর প্রকাশিত হলেই প্রতারকরা সক্রিয় হয়ে উঠতে পারে। তারা ব্যবহারকারীদের কাছে ভুয়া ই-মেইল, বার্তা কিংবা লিংক পাঠিয়ে অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ০আরকাসের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নিক অ্যাডামসের পরামর্শ, কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা সতর্কতা বা নির্দেশনা যাচাই করতে হলে সরাসরি তাদের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করতে হবে। প্রয়োজনে নিজে ওয়েবসাইটের ঠিকানা লিখে প্রবেশ করতে হবে।
বিশেষ করে অ্যাকাউন্ট নিরাপদ করার কথা বলে জরুরি ভিত্তিতে কোনো লিংকে ক্লিক করতে বলা হলে সতর্ক থাকতে হবে। অপরিচিত উৎস থেকে আসা এমন বার্তার সত্যতা যাচাই না করে কোনো ব্যক্তিগত তথ্য দেওয়া উচিত নয়।
ব্যাংকের অর্থ নিরাপদ রাখতে যা করবেন
ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ চলছে। আমেরিকান ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ঝুঁকি, জালিয়াতি ও সাইবার নিরাপত্তাবিষয়ক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট পল বেন্ডার বলেন, আধুনিক সাইবার ঝুঁকি মোকাবিলায় ব্যাংকগুলো নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে।
তবে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে ব্যবহারকারীদের বাড়তি সতর্কতা প্রয়োজন। বিশেষ করে অপরিচিত বা কম পরিচিত ওয়েবসাইটে কেনাকাটার সময় তথ্যের নিরাপত্তা নিয়ে ঝুঁকি থাকতে পারে।
বেন্ডারের পরামর্শ, বিভিন্ন অনলাইন শপিং সাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করা উচিত নয়। সম্ভব হলে পাসকি ব্যবহার করা যেতে পারে। এটি নির্দিষ্ট ওয়েবসাইটের জন্য তৈরি ডিজিটাল নিরাপত্তা চাবি, যার মাধ্যমে প্রচলিত পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্টে প্রবেশ করা যায়। ফিশিং বা ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে তথ্য হাতিয়ে নেওয়ার ঝুঁকি কমাতেও এটি কার্যকর।
সব মিলিয়ে বিশেষজ্ঞদের বক্তব্য, প্রযুক্তি বিপর্যয়ের সব ঝুঁকি ব্যক্তিগত পর্যায়ে ঠেকানো সম্ভব নয়। কারণ ব্যবহারকারীরা যে হাসপাতাল, ব্যাংক কিংবা অনলাইন সেবা ব্যবহার করেন, সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। তবে শক্তিশালী পাসওয়ার্ড, একাধিক ধাপে পরিচয় যাচাই, নিয়মিত সফটওয়্যার আপডেট এবং সন্দেহজনক বার্তা এড়িয়ে চলার মাধ্যমে ব্যক্তিগত তথ্যের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন