যুক্তরাষ্ট্রজুড়ে মঙ্গলবার বাজবে জরুরি সতর্কবার্তা, আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রশাসনের
পৃথিবী থেকে এক আলোকদিন দূরে পৌঁছাচ্ছে ভয়েজার-১, মহাকাশ গবেষণায় নতুন রেকর্ড
মহাকাশে এগিয়ে চলেছে ভয়েজার-১ | Voyager 1
পৃথিবী থেকে এতটাই দূরে চলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ভয়েজার-১ যে, এর কাছে পাঠানো কোনো বার্তা পৌঁছাতে লাগবে প্রায় ২৪ ঘণ্টা। একইভাবে মহাকাশযানটি থেকে পাঠানো সংকেত পৃথিবীতে ফিরতে আরও ২৪ ঘণ্টা সময় নেবে। অর্থাৎ, পৃথিবী থেকে কোনো নির্দেশ পাঠানোর পর তার জবাব পেতে প্রায় দুই দিন অপেক্ষা করতে হবে।
আগামী বুধবার (১৮ নভেম্বর) মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ভয়েজার-১। নাসার হিসাব অনুযায়ী, ওই দিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর ৫টা ১৬ মিনিটে মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় ১৬০৯ কোটি ৪৭ লাখ মাইল বা ২৫৯০ কোটি কিলোমিটার দূরত্বে পৌঁছাবে। এই দূরত্বকে বলা হয় এক আলোকদিন বা ‘ওয়ান লাইট-ডে’। অর্থাৎ আলো যে দূরত্ব অতিক্রম করতে ২৪ ঘণ্টা সময় নেয়, সেটিই এক আলোকদিন।
এখন পর্যন্ত কোনো মানবনির্মিত বস্তু পৃথিবী থেকে এত দূরে পৌঁছায়নি। ফলে ভয়েজার-১ এই মাইলফলক অর্জন করতে পারলে মহাকাশ অনুসন্ধানের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি হবে।
১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে যাত্রা শুরু করেছিল ভয়েজার-১। মূল লক্ষ্য ছিল বৃহস্পতি ও শনিগ্রহ সম্পর্কে তথ্য সংগ্রহ করা। গ্রহ দুটির পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় গুরুত্বপূর্ণ ছবি ও বৈজ্ঞানিক তথ্য পাঠায় মহাকাশযানটি। পরে এটি সৌরজগতের বাইরের দিকে যাত্রা অব্যাহত রাখে।
২০১২ সালে ভয়েজার-১ সূর্যের তৈরি কণা ও চৌম্বকক্ষেত্রের সুরক্ষামূলক বলয় হেলিওস্ফিয়ার অতিক্রম করে আন্তনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে। এরপর থেকে এটি সৌরজগতের বাইরের পরিবেশ সম্পর্কে সরাসরি তথ্য পাঠিয়ে যাচ্ছে। বর্তমানে এটি ঘণ্টায় প্রায় ৩৮ হাজার মাইল বেগে মহাকাশে এগিয়ে চলেছে।
সংকেত পৌঁছাতে কেন এত সময়?
মহাকাশে যোগাযোগের জন্য ভয়েজার-১ এবং পৃথিবীর মধ্যে বেতার সংকেত আদান-প্রদান করা হয়। বেতার তরঙ্গও আলোর গতিতে চলাচল করে। প্রতি সেকেন্ডে প্রায় ১ লাখ ৮৬ হাজার মাইল অতিক্রম করলেও মহাকাশের বিশাল দূরত্বের কারণে সংকেত পৌঁছাতে এত সময় লাগে।
বর্তমানে পৃথিবী থেকে পাঠানো নির্দেশনা মহাকাশযানটির কাছে পৌঁছাতে প্রায় এক দিন লাগবে। এরপর সেখান থেকে কোনো উত্তর পাঠানো হলে সেটি পৃথিবীতে ফিরতেও আরও এক দিন সময় নেবে। নাসার ভয়েজার প্রকল্প ব্যবস্থাপক সুজান ডড বিষয়টি বোঝাতে বলেছেন, ভয়েজারকে বার্তা পাঠিয়ে উত্তর পাওয়ার জন্য দুই দিন অপেক্ষা করতে হবে।
কমছে শক্তি, তবু চলছে অভিযান
প্রায় পাঁচ দশক ধরে মহাকাশে কাজ করছে ভয়েজার-১। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর শক্তি সরবরাহ কমে আসছে। মহাকাশযানটির বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত পারমাণবিক শক্তির সক্ষমতা কমে যাওয়ায় নাসার প্রকৌশলীরা পর্যায়ক্রমে বিভিন্ন যন্ত্র ও বৈজ্ঞানিক সরঞ্জাম বন্ধ করছেন।
গত সেপ্টেম্বরেও শক্তি সাশ্রয়ের জন্য তিনটি যন্ত্র বন্ধ করে বিকল্প কম শক্তি ব্যবহারকারী ব্যবস্থা চালু করেছেন প্রকৌশলীরা। এর আগে কয়েকটি বৈজ্ঞানিক যন্ত্রও বন্ধ করা হয়েছে। তারপরও মহাকাশযানটি থেকে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত তথ্য পাওয়া যাচ্ছে।
ভয়েজার-১-এর যমজ মহাকাশযান ভয়েজার-২-ও আন্তনাক্ষত্রিক মহাকাশে অবস্থান করছে। তবে ভিন্ন পথে চলার কারণে সেটি এক আলোকদিন দূরত্বে পৌঁছাবে আরও প্রায় নয় বছর পর, ২০৩৫ সালের নভেম্বরে।
নাসা এই ঐতিহাসিক মুহূর্ত উদ্যাপনে ১৭ নভেম্বর বিশ্বজুড়ে বিশেষ আলোকসংকেত কর্মসূচির আয়োজন করেছে। এতে মানুষকে আলো ব্যবহার করে মর্স কোডে ‘ভিজিআর’ সংকেত তৈরির আহ্বান জানানো হয়েছে। এটি ভয়েজার-১-এর পরিচিত সংকেত।
প্রায় ৫০ বছরের যাত্রায় ভয়েজার-১ শুধু দূরত্বের রেকর্ডই গড়েনি, মানবজাতির তৈরি বার্তা বহন করেও এগিয়ে চলেছে। মহাকাশযানটির সঙ্গে থাকা গোল্ডেন রেকর্ডে পৃথিবীর ছবি, শব্দ, সংগীত এবং ৫৫টি ভাষায় শুভেচ্ছাবার্তা সংরক্ষিত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন