চার বছরের শিশুদের গোপনে ঘুমের ওষুধ খাওয়ানোর অভিযোগ ক্যালিফোর্নিয়ার প্রি-স্কুলের বিরুদ্ধে
চার বছরের শিশুদের গোপনে ঘুমের ওষুধ খাওয়ানোর অভিযোগ ক্যালিফোর্নিয়ার প্রি-স্কুলের বিরুদ্ধে
প্রি-স্কুলে শিশুদের ঘুমের গামি দেওয়ার অভিযোগ | Photo: KTLA
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি প্রি-স্কুলের কর্মীদের বিরুদ্ধে চার বছর বয়সী শিশুদের অভিভাবকদের অনুমতি ছাড়াই গোপনে ঘুমের গামি খাওয়ানোর অভিযোগ উঠেছে। শিশুদের দুপুরে ঘুম পাড়ানোর জন্য মেলাটোনিনযুক্ত গামি দেওয়া হতো বলে অভিযোগ করেছেন দুই মা। এ ঘটনায় স্কুলটির পরিচালনা কর্তৃপক্ষ ও তিন কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন তাঁরা।
ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির অরেঞ্জ শহরে অবস্থিত কিডি একাডেমি অব অরেঞ্জ নামের একটি প্রি-স্কুলে। গত ৪ নভেম্বর অরেঞ্জ কাউন্টি সুপিরিয়র কোর্টে মামলাটি দায়ের করা হয়। এতে কিডি একাডেমি করপোরেট সেন্টারস, কে এ প্রি-স্কুল অব অরেঞ্জ এবং প্রতিষ্ঠানটির তিন কর্মীকে বিবাদী করা হয়েছে।
মামলার বাদী দুই মা ক্যাসান্দ্রা স্যান্ডোভাল ও প্রিসিলা আয়ালা। তাঁদের অভিযোগ, ২০২৬ সালের মে থেকে সেপ্টেম্বরের মধ্যে তাঁদের সন্তানদের ঘুম পাড়ানোর জন্য স্কুলের কর্মীরা গোপনে ঘুমের গামি দিয়েছিলেন। অথচ এ ধরনের কোনো কিছু দেওয়ার অনুমতি তাঁরা দেননি।
স্যান্ডোভাল জানান, আগস্টের মাঝামাঝি সময় থেকে তাঁর চার বছর বয়সী ছেলের ঘুমের অভ্যাসে অস্বাভাবিক পরিবর্তন দেখতে পান তিনি। পরে ৪ সেপ্টেম্বর ছেলে তাঁকে জানায়, স্কুলে দুপুরের ঘুমের সময় তাকে ‘স্লিপিং গামি’ দেওয়া হয়। শিশুটির কাছ থেকে এমন কথা শুনে সন্দেহ হয় তাঁর।
মামলার তথ্য অনুযায়ী, ৭ সেপ্টেম্বর তিনি বিষয়টি শিশু পরিচর্যা কেন্দ্রের লাইসেন্সিং কর্তৃপক্ষকে জানান। এরপর ১১ সেপ্টেম্বর স্কুলের শ্রেণিকক্ষের লাইভস্ট্রিম ভিডিও দেখার সময় ছেলের সঙ্গে অস্বাভাবিক আচরণ দেখতে পান বলে দাবি করেন তিনি।
তাঁর আইনজীবী কিম্বারলি ডিগোনিয়া জানান, ভিডিওতে দেখা যায়, একজন শিক্ষক শিশুটির পাশে বসে কম্বল দিয়ে তার মুখ ঢেকে দেন। এরপর কম্বলের ভেতরে হাত ঢুকিয়ে শিশুটির মুখে কোনো একটি বস্তু প্রয়োগ করেন।
ভিডিওটি দেখার পরপরই স্যান্ডোভাল স্কুলে গিয়ে ছেলেকে নিয়ে আসেন। তাঁর দাবি, তখন শিশুটিকে অস্বাভাবিকভাবে ঝিমানো অবস্থায় দেখা যায়।
মামলায় অভিযোগ করা হয়েছে, স্কুলটির পরিচালক কেনিয়া মেনেসেস শিক্ষক জুডিথ রোজাসের হাতে গামি তুলে দিয়েছিলেন। পরে ওই শিক্ষক শিশুটিকে তা খাওয়ান বলে অভিযোগ। তবে শিশুকে দেওয়া বস্তুটি মেলাটোনিন ছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
অন্য বাদী প্রিসিলা আয়ালার অভিযোগও একই ধরনের। তাঁর চার বছর বয়সী মেয়ের অটিজম রয়েছে। আয়ালার দাবি, স্কুলের কর্মীরা একাধিকবার তাঁর মেয়েকে মেলাটোনিন দেওয়ার অনুমতি চেয়েছিলেন। কিন্তু তিনি প্রতিবারই তা দিতে অস্বীকৃতি জানান। তা সত্ত্বেও তাঁর মেয়ে পরে মাকে জানায়, একজন শিক্ষক তাকে গামি দিয়েছেন।
আয়ালার আরও অভিযোগ, স্কুলে যাওয়ার সময় তাঁর মেয়ের দুঃস্বপ্ন দেখা, রাতে অস্থিরতা এবং আচরণে পরিবর্তন দেখা দিয়েছিল। দুপুরে ঘুমানোর জন্য সহকারী পরিচালক অ্যালি ম্যাটার্ন তাঁর মেয়েকে জোর করে ধরে রাখতেন বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।
আইনজীবী ডিগোনিয়ার দাবি, সাবেক কর্মী ও অন্য অভিভাবকদের কাছ থেকেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। এমনকি কোনো কোনো শিশুকে একাধিক গামি দেওয়ার অভিযোগও সামনে এসেছে।
মামলায় অবহেলা, অননুমোদিতভাবে শারীরিক সংস্পর্শ এবং মানসিক ক্ষতিসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি কর্মী নিয়োগ, তদারকি ও প্রশিক্ষণে অবহেলার অভিযোগও রয়েছে।
ক্যালিফোর্নিয়ার শিশু পরিচর্যাসংক্রান্ত বিধি অনুযায়ী, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া পাওয়া ওষুধ বা উপাদান শিশুদের দিতে হলেও অভিভাবকের লিখিত অনুমতি এবং প্রয়োজনীয় নথিপত্র থাকতে হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বাদীরা ক্ষতিপূরণ এবং শাস্তিমূলক ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি মামলাটি জুরির মাধ্যমে বিচারের আবেদনও জানিয়েছেন।
তবে আদালতে অভিযোগগুলোর সত্যতা এখনো প্রমাণিত হয়নি। অভিযুক্ত প্রতিষ্ঠান বা কর্মীদের বিরুদ্ধে কোনো চূড়ান্ত অপরাধের সিদ্ধান্তও আসেনি। এ বিষয়ে মন্তব্য জানতে সংবাদমাধ্যম কেটিএলএ প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করেছে। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের বক্তব্য পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন