চার বছরের শিশুদের গোপনে ঘুমের ওষুধ খাওয়ানোর অভিযোগ ক্যালিফোর্নিয়ার প্রি-স্কুলের বিরুদ্ধে
ক্যালিফোর্নিয়ার ল্যান্ডফিলে গ্যাস বিস্ফোরণ, ক্ষতিগ্রস্তদের হোটেল ও এয়ার পিউরিফায়ার দেবে কর্তৃপক্ষ
চিয়াকুইটা ল্যান্ডফিলে গ্যাস বিস্ফোরণ | ছবি: RMG News
লস এঞ্জেলেসে একটি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের পর বাতাসে ছড়িয়ে পড়েছে পচা আবর্জনা ও মিথেন গ্যাস। এ ঘটনায় আশপাশের কয়েকটি এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি ও দুর্গন্ধের বিষয়টি বিবেচনায় নিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে লস এঞ্জেলেস কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা, বিশুদ্ধ বাতাসের আশ্রয়কেন্দ্র, যাতায়াত সহায়তা এবং ঘরের বাতাস পরিশোধনের যন্ত্র সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ক্যালিফোর্নিয়ার কাস্টেইক এলাকায় অবস্থিত চিয়াকুইটা ক্যানিয়ন ল্যান্ডফিলে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আকাশে কালো ধোঁয়ার মতো বিশাল একটি মেঘ দেখা যায়। তবে দমকল কর্মকর্তারা জানান, সেটি মূলত পচনশীল আবর্জনা, বিভিন্ন বর্জ্য এবং চাপের মুখে বেরিয়ে আসা গ্যাসের মিশ্রণ ছিল।
১৬ নভেম্বর রাতে জারি করা এক নির্দেশনায় লস এঞ্জেলেস কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ জানায়, এ ঘটনায় ভ্যাল ভার্দে, হ্যাসলি হিলস, ইন্ডাস্ট্রি, ক্যামব্রিজ ও হিলক্রেস্ট এলাকার বাসিন্দারা তীব্র দুর্গন্ধের শিকার হয়েছেন।
ল্যান্ডফিলটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ওয়েস্ট কানেকশনস এবং চিয়াকুইটা ক্যানিয়ন এলএলসিকে অবিলম্বে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য অস্থায়ী হোটেলে থাকার ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি বিশুদ্ধ বাতাস পাওয়া যায় এমন আশ্রয়কেন্দ্র, প্রয়োজনীয় যাতায়াত সুবিধা এবং ঘরের ভেতরের বাতাসের মান উন্নত করতে এয়ার পিউরিফায়ার বা সমজাতীয় উপকরণ সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।
বাসিন্দারা কী ধরনের সহায়তা পাবেন এবং কীভাবে তা পাওয়া যাবে, সে সম্পর্কেও নিয়মিত তথ্য জানানোর বাধ্যবাধকতা দেওয়া হয়েছে প্রতিষ্ঠান দুটিকে।
এর আগে বিকেল ৪টার কিছু পর হাইওয়ে ১২৬-সংলগ্ন ল্যান্ডফিলে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মীরা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ল্যান্ডফিলের ভেতরে নতুন একটি কূপ খননের সময় কর্মীরা ভূগর্ভে জমে থাকা উচ্চচাপের মিথেন গ্যাসের স্তরের মুখোমুখি হন। এর ফলে খনন করা গর্ত দিয়ে প্রচণ্ড চাপে গ্যাস ও আবর্জনা বাইরে বেরিয়ে আসে।
লস এঞ্জেলেস কাউন্টি ফায়ার বিভাগের ক্যাপ্টেন অ্যারন কেটন জানান, কর্মীরা আবর্জনার স্তূপের মধ্যে প্রায় ১৫০ ফুট গভীর এবং ৩ ফুট প্রশস্ত একটি গর্ত খনন করছিলেন। সেখান থেকেই চাপের মুখে গ্যাস ও বর্জ্য বেরিয়ে আসে।
তিনি স্পষ্ট করে বলেন, পুরো ঘটনায় কোনো আগুন লাগেনি। অর্থাৎ, প্রথমে আকাশে কালো ধোঁয়ার বিশাল মেঘ দেখা গেলেও সেটি আগুনের ধোঁয়া ছিল না।
ঘটনার পর ছয়জন কর্মীকে বিপজ্জনক পদার্থ মোকাবিলায় নিয়োজিত দলের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁদের মধ্যে চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
নিরাপত্তার স্বার্থে আশপাশের কয়েকটি এলাকায় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার, দরজা-জানালা বন্ধ রাখার এবং প্রয়োজনে দ্রুত সরে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছিল। তবে সোমবার রাতের মধ্যেই কাউন্টি ফায়ার বিভাগের পক্ষ থেকে সব উচ্ছেদসংক্রান্ত সতর্কতা তুলে নেওয়া হয়।
ফায়ার বিভাগের কর্মকর্তারা জানান, বাতাসের মান পরীক্ষা করতে বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করা হয়েছে। তাঁদের পর্যবেক্ষণ অনুযায়ী, আশপাশের জনবসতিপূর্ণ এলাকায় তাৎক্ষণিক কোনো বিপদের প্রমাণ পাওয়া যায়নি। তবে দুর্গন্ধের প্রভাব এবং বাসিন্দাদের ভোগান্তির বিষয়টি স্বীকার করে জনস্বাস্থ্য বিভাগ আলাদা করে জরুরি সহায়তার নির্দেশ দিয়েছে।
ল্যান্ডফিল পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানায়, ভূগর্ভে চলমান তাপ উৎপাদনকারী রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন একটি গ্যাস সংগ্রহের কূপ খনন করা হচ্ছিল। এ সময় গ্যাস ও ক্ষুদ্র কঠিন কণা বাইরে বেরিয়ে আসে। তবে কোনো তরল পদার্থ বের হয়নি বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। ঘটনার পরপরই খননকাজ বন্ধ করে দেওয়া হয়।
চিয়াকুইটা ক্যানিয়ন ল্যান্ডফিলটি দীর্ঘদিন ধরেই পরিবেশগত সমস্যার কারণে বিতর্কের মধ্যে রয়েছে। দুর্গন্ধ, দূষিত তরল এবং মাটির নিচে চলমান রাসায়নিক বিক্রিয়া নিয়ে স্থানীয় বাসিন্দারা বছরের পর বছর অভিযোগ জানিয়ে আসছেন। ২০২৫ সালের জানুয়ারি থেকে সেখানে নতুন করে বর্জ্য গ্রহণ বন্ধ রয়েছে।
এদিকে, গত মাসে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা ল্যান্ডফিলটির পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিপজ্জনক বর্জ্যসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে মামলা করেন। তবে অভিযোগের বড় একটি অংশ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি।
সোমবারের বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এর পেছনে অন্য কোনো পরিস্থিতি কাজ করেছে কি না, তা এখনো তদন্তাধীন।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন